১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ৮, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, স্বাস্থ্য

ফরিদগঞ্জে নারী স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, ন্যাপকিন বিতরণ ও বৃক্ষরোপণ 

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ :  চাঁদপুরের ফরিদগঞ্জে নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফরিদগঞ্জের চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে নারীর স্বাস্থ্য, সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নারী সদস্যরা স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক বক্তব্য প্রদান করেন। এ সময় নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। আয়োজকরা বলেন, নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারটি আয়োজন করে মানবসেবা সংস্থা (এইচ.এস.ও)। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

চাঁদপুর জেলা প্রতিবেদক :  চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খেড়িহর গ্রামের জমির মালিক ইসমাইল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘটনাস্থলে ড্রেজারের মালিক রাশেদকে না পেয়ে মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে অবৈধ ড্রেজার পরিচালনাকারীদের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ অর্থদণ্ড আদায়ের ঘটনা। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, “কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” 

Scroll to Top