৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, ইসলাম, ফিচার

ইসলামের মূল শিক্ষা, বিভেদ নয়—ঐক্যই হোক উম্মাহর শক্তিমত্তা 

উপ-সম্পাদকীয় মো. মিজানুর রহমান :  ১২ রবিউল আউয়াল—পবিত্র সেই মাস, যে মাসে মহান আল্লাহ তা’আলা বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। যিনি আজীবন উম্মতের হেদায়েত ও নাজাতের জন্য অশ্রু বিসর্জন করেছেন এবং আখেরাতেও শাফায়াতের জন্য ব্যাকুল থাকবেন।  নবীজির প্রতি অগাধ ভালোবাসা এবং তাঁর দেখানো একাত্মবাদের শিক্ষার প্রেক্ষাপটে আমাদের বর্তমান সামাজিক ও ধর্মীয় পরিবেশ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করতে চাই। একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের দেশের ইসলামের খেদমতে নিয়োজিত বিভিন্ন ধারার কাজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি। বিশেষ করে তিনটি ধারা আমার কাছে অত্যন্ত অর্থবহ মনে হয়। কওমি আলেমসমাজ: সরকারি অনুদান বা সহায়তার মুখাপেক্ষী না হয়েও তারা নিজেদের জীবন, যৌবন, সময় ও অর্থ কুরবানি করে দ্বীনের ইলম রক্ষা করছেন এবং ‘দায়ী ইলাল্লাহ’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাবলীগ জামাত: সম্পূর্ণ দুনিয়াবি স্বার্থ ছাড়া কেবল নিজের অর্থ ও সময় ব্যয় করে প্রতিটি মানুষকে দ্বীনের সঠিক পথে ডাকার এক অনন্য মেহনত। তারা কারো সমালোচনা বা রাজনৈতিক বিরোধিতায় না গিয়ে কেবল ‘দায়ী ইলাল্লাহ’ কাজ চালিয়ে যান। আহলে হাদীস: গবেষণাধর্মী চর্চা এবং সহিহ হাদিসের প্রতি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক শিক্ষিত সমাজের মাঝে তারা ইসলামের মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে ইসলামের প্রতিনিধিত্বের চেষ্টা করছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর-মাশায়েখ ও অন্যান্য ধারাগুলোও স্ব-স্ব অবস্থান থেকে ইসলামি সংস্কৃতি ও আমলের প্রচার করছে। বেদনার বিষয় হলো—আমার পছন্দের এই প্রধান তিন ধারা যেন আজ তিন মেরুতে অবস্থান করছে। শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বদলে তারা একে অপরের প্রতি বৈরী–ভাবাপন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতি আমাকে একটি বিখ্যাত গল্পের কথা মনে করিয়ে দেয়। বনে একপাল ভেড়া সবসময় একসাথে থাকত, তাই বাঘ কখনো তাদের শিকার করতে পারত না। বাঘ চতুরতার সাথে ভেড়াদের বলল, “তোমাদের সাথে একটি চুক্তি করি—তোমাদের মধ্যে যে সবার পেছনে থাকবে, আমি শুধু তাকেই খাব।”।ভেড়ারা ভাবল, “আমি তো সামনেই থাকব, পেছনের জন যাক।” এর পরিণতি হলো ভয়াবহ। মূল শত্রু বাঘকে ভুলে ভেড়ারা নিজেরাই নিজেদের প্রতিযোগী ও শত্রু বানিয়ে ফেলল। প্রত্যেকে সামনে যাওয়ার দৌড়ে ব্যস্ত হয়ে পড়ল, আর প্রতিদিন পেছনের কেউ না কেউ বাঘের পেটে যেতে লাগল। কিন্তু যেদিন তাদের শুভবুদ্ধির উদয় হলো, তারা একে অপরকে ছেড়ে না দিয়ে একটি বৃত্ত তৈরি করে ঘুরতে শুরু করল। বাঘ আর কাউকেই ‘পেছনে’ খুঁজে পেল না এবং সে পরাজিত হলো। আজকে আমাদের অবস্থাও অনেকটা সেই গল্পটির মতোই। ইসলাম ও মুসলিম উম্মাহর আসল প্রতিপক্ষ বা চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে আমরা নিজেদের মধ্যেই বিভাজন ও প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছি। একে অপরকে পেছনে ফেলার লড়াইয়ে চূড়ান্ত ক্ষতি হচ্ছে পুরো উম্মাহর।  এখনই সময়—সামনে যাওয়ার অন্ধ প্রতিযোগিতা বন্ধ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, প্রজ্ঞা ও ঐক্যের ‘প্রতিরোধ বলয়’ তৈরি করার। আমাদের কর্মপদ্ধতি ও মতপার্থক্য ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য তো এক—আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের বিজয়। আমার আকুল আবেদন, শ্রদ্ধেয় শীর্ষ আলেম ও দায়িত্বশীলরা যেন নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়, সেই পথ বের করেন। নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে এক ছাতার নিচে আসার কৌশল তারা নিজেরাই সবচেয়ে ভালো বুঝবেন। প্রয়োজন শুধু সদিচ্ছা ও ঐক্যের মানসিকতা।  আল্লাহ তা’আলা আমাদের আলেমসমাজ ও মুসলিম উম্মাহকে অহেতুক বিভেদ ভুলে এক হওয়ার তৌফিক দান করুন। আমিন।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সাহা পরিবারের সদস্যসহ চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে নিখোঁজের পর আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সাহাসহ তার পরিবারের সদস্যদের চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিন্টু সাহা ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট পিন্টু সাহা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর পরিবারের সদস্যদের নিখোঁজ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, তারা চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করছেন। শুক্রবার ভোরে সেখানে অভিযান চালিয়ে পিন্টু সাহা ও তার পরিবারের সদস্যদের উদ্ধার ও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের আত্মগোপনে যাওয়ার কারণ এবং পরবর্তী আইনগত বিষয়ে পুলিশ কাজ করছে।

আজকের সংবাদ, প্রবাস

বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মামুন পাটোয়ারী, সৌদি আরব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রেরিত একটি পত্র সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও জোরদার করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়টিও বৈঠকে তুলে ধরেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুলকরিম আল-খারিজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, ফিচার

বিদেশ নয়, নিজের মাটিতেই সাফল্যের বীজ বুনেছেন ফরিদগঞ্জের রিয়াদ 

তারেক রহমান তারু :  একসময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। দীর্ঘ ১২ বছর প্রবাসজীবন কাটানোর পর দেশে ফিরে আর বিদেশমুখী হননি মো. রিয়াদুর রহমান রিয়াদ। নিজের মেধা, শ্রম ও উদ্যোগকে কাজে লাগিয়ে এখন তিনি নিজ গ্রামেই গড়ে তুলেছেন সফল ব্যবসা ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্র। বর্তমানে প্রতি মাসে প্রায় ১ থেকে ২ লাখ টাকা আয় করছেন তিনি। মো. রিয়াদুর রহমান রিয়াদ ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌরাস্তাসংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ফজলুর রহমান এবং মাতা মাহমুদা বেগম। দেশে ফিরে প্রথমে ব্যবসার পাশাপাশি কৃষিকে গুরুত্ব দেন রিয়াদ। বর্তমানে তার রয়েছে ‘রাহমানিয়া ট্রেডার্স’ নামে একটি মুদি দোকান। চৌরাস্তা এলাকার মানুষের কাছে দোকানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ বাজারদরের তুলনায় অধিকাংশ পণ্য প্রায় ৫ টাকা কম দামে বিক্রি করার চেষ্টা করেন তিনি। ফলে ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় দিন দিন তার ব্যবসার পরিধিও বাড়ছে। তবে রিয়াদের সাফল্যের সবচেয়ে বড় গল্প কৃষিকে ঘিরে। মাছ চাষ, সবজি চাষ ও ফলদ বাগান– সবকিছুকেই তিনি নিজের কর্মপরিকল্পনার অংশ করেছেন। পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ে করেছেন পেঁপে ও কলার চাষ। তার বাগানে রয়েছে লেবু, নারকেল ও সুপারি গাছসহ বিভিন্ন ধরনের ফলদ ও কৃষিজ ফসল। পাশাপাশি মৌসুমি বিভিন্ন সবজিও উৎপাদন করছেন তিনি। রিয়াদের কৃষিভিত্তিক এই উদ্যোগ শুধু তার নিজের আয়ই বাড়াচ্ছে না, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করছে। তার বিভিন্ন কাজে এলাকার বেশ কয়েকজন যুবক যুক্ত হয়েছেন। এতে একদিকে যেমন তাদের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। প্রবাসজীবনের অভিজ্ঞতা থেকে রিয়াদ এখন মনে করেন– ইচ্ছা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে নিজের দেশেও সফল হওয়া সম্ভব। তাই তরুণদের বিদেশে যাওয়ার পাশাপাশি দেশে থেকে উদ্যোক্তা হওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান জানান তিনি। রিয়াদ বলেন, বিদেশে দীর্ঘসময় থেকেছি। দেশে ফিরে বুঝেছি, নিজের মাটি ও মানুষের কাছেও সফল হওয়ার অনেক সুযোগ রয়েছে। কৃষি ও ব্যবসাকে একসঙ্গে এগিয়ে নিয়ে আমি আরও বড় পরিসরে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে বড় ভূমিকা রাখার পাশাপাশি অন্যদেরও উদ্যোক্তা হতে সহযোগিতা করতে চাই। তিনি আরও বলেন, তরুণদের জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে গ্রাম থেকেই আরও অনেক সফল উদ্যোক্তা তৈরি করা সম্ভব। রিয়াদের স্বপ্ন এখন আরও বড়। নিজের উদ্যোগকে আরও সম্প্রসারণ করে এলাকার বেকার ও তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। তার বিশ্বাস, বিদেশে যাওয়ার প্রবণতা কমিয়ে তরুণদের যদি উদ্যোক্তা হওয়ার সুযোগ ও সহযোগিতা দেওয়া যায়, তাহলে গ্রামের মাটি থেকেই গড়ে উঠতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন গল্প। সৌদি আরবের প্রবাসজীবন পেছনে ফেলে নিজ গ্রামে ফিরে রিয়াদের এই পথচলা যেন প্রমাণ করে– সফলতার জন্য সবসময় বিদেশের মাটিতে পাড়ি জমাতে হয় না; স্বপ্ন, শ্রম আর সাহস থাকলে নিজের মাটিতেও সাফল্যের বীজ বোনা যায়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

মো. ইয়াছিন পালোয়ান :  চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১২টায় কলেজের হলরুমে শিক্ষক পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা হামদ, নাত ও গজল পরিবেশন করেন। হামদ, নাত ও গজল পরিবেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মোবারক করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরীফ মো. আব্দুল কুদ্দুস, গণিত বিভাগের প্রভাষক মো. বেলায়েত হোসেন, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান মজুমদার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ান হোসাইন। অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।  এসময় উপস্থিত ছিলেন ভূগোল বিভাগের প্রভাষক শাহীনা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, রোমেনা সুলতানা, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক নিঝুম সাহা, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. মোবারক হোসাইন মোল্লা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, আব্দুল হান্নান শেখ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানাসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় মহানবী (সা.)-এর শান্তি, মানবতা, ন্যায় ও ভ্রাতৃত্বের শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ এবং দেশ, জাতি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আজকের সংবাদ, ইসলাম, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে গাউছিয়া কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস 

মো. ইয়াছিন পালোয়ান :  চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়। উপজেলার চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়। এর আগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হক সাহেবের কবর জিয়ারত করা হয়। পরে বর্ণাঢ্য জশনে জুলুসটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।  র‍্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমীরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে রচিত কালজয়ী নাত ও কবিতার শ্লোকসম্বলিত বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। পুরো র‍্যালিজুড়ে সমবেত কণ্ঠে নাতে রাসূল পরিবেশন করা হয়। জশনে জুলুস শেষে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের ইউনিট সম্মেলন অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিবেদক :  বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ইউনিটভিত্তিক দায়িত্ব পালনের গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আজকের সংবাদ, সর্বশেষ

নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় সড়কের পাশের একটি ধানের জমি থেকে এই পা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া খণ্ডিত পা কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানের জমিতে মানুষের একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা উদ্ধার করে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে থাকতে দেখা গেছে। তাদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় সেটি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কখন, কীভাবে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

আজকের সংবাদ, ইসলাম, চাঁদপুর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুরে মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিষ্টি বিতরণের আয়োজন করেছে আল্লামা রুহুল্লাহ (রহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমনের স্মরণে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।  বুধবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের সামনে এই আয়োজন করা হয়।  আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী (সা.) ছিলেন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মিষ্টি বিতরণ কর্মসূচিতে সবার প্রতি শান্তি, কল্যাণ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

আজকের সংবাদ, জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

বিশেষ প্রতিবেদক :  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।  গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফা প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।   দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম।  এসময় এমপি এডভোকেট আবুল কালাম বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করব। আশা করব–আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ বৃদ্ধা মা ও ছেলে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি বৃদ্ধা মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)। পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মা-ছেলেকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামের কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পশ্চিম দায়চারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৪ আগস্ট) ভোররাত ৩:১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সহধর্মিণী, চার পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, সহযোদ্ধা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে মরহুমের নিথর দেহ নিজ গ্রামে পৌঁছালে সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে ভিড় জমান। বিকেল ৪টায় পশ্চিম দায়চারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এরপর সশস্ত্র সালাম ও নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা-পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ও নেতৃত্ব মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।”  বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Scroll to Top