৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

লতিফগঞ্জ-আমিরা বাজার সড়কের বেহাল দশা, মেরামতে এগিয়ে এলো স্থানীয়রা 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লতিফগঞ্জ-আমিরা বাজার সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় না থেকে সড়কটি সংস্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন স্থানীয় জনগণ।  সোমবার (২৪ আগস্ট) মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় কয়েকজন যুবক ও বিভিন্ন পেশার মানুষ মিলে ইটের আদলা ও বালু দিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন। স্থানীয়রা বলছেন, সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। সড়কটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কার্যকর উদ্যোগ দেখা না গেলেও মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষ নিজ উদ্যোগে মেরামতের কাজে নেমেছেন। স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। মানুষের চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এ কাজে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. আব্দুর রাজ্জাক, গাজীনূর মোহাম্মদ, সুমন পাটওয়ারী, ফখরুল ইসলাম পাটওয়ারী, মো. ইকবাল বেপারী, মো. অলি ভূঁইয়া, মো. মানিক হাজী, মো. আলমগীর পাটওয়ারী, মো. জসিম মিজি (ব্যবসায়ী), মো. সাইফুল ইসলাম (ভুট্টু), মো. সুজন মিজি, মো. দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. জসিম (কন্ট্রাক্টর), মো. মিলন পাটওয়ারী (প্রবাসী), মো. ইসমাইল (প্রবাসী), মো. মামুন পাটওয়ারী (প্রবাসী), মো. তারেক ভূঁইয়া (প্রবাসী), মো. রাজু খান-সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, স্বেচ্ছাশ্রমে করা এ উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে লতিফগঞ্জ ও আমিরা বাজার এলাকার সাধারণ মানুষ মুক্তি পাবেন।

আজকের সংবাদ, ইসলাম, চাঁদপুর

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে চাঁদপুরে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টায় মিছিলটি চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সি বাড়ি ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে শেষ হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে স্লোগান, নাতে রাসূল, কাসিদা ও তাকবীরে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মো. নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মো. জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাওলানা মো. আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ কাওছার আহমদ, মাওলানা মো. মজিবুর রহমান গাজী, মাওলানা মো. আবু বকর সিদ্দিক, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মো. আবু বকর, জেলা সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান, চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. সিয়াম পাটওয়ারী, ছাত্রনেতা মো. ইব্রাহীম পাটওয়ারী, মো. আবুল খায়ের, মো. আবদুর রহমান, মো. ইয়াছিন আরাফাত, হাফেজ মো. শামীম আহমদ প্রমুখ। পরে চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকায় অবস্থিত ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি হয়। উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কেএম নজরুল ইসলাম : ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার্থীদের হাত ধরে। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সমন্বয়ই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য ফুটবল উপহার দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহ-সভাপতি মামুনুর রহমান, আজাদ পাটওয়ারী, সাবেক সদস্য ইমান হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

নজরুল বর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ফেস্টুন বিতরণ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে (২৩ আগস্ট) রোববার সকাল থেকে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়।  চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সমন্বয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।  এসময় বিদ্যালয়ের পক্ষে ফেস্টুন গ্রহণ করেন (স্কুলের নাম ক্রমানুসারে) প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গোফরান হোসেন, মো. রেজাউল করিম প্রধানিয়া, সিনিয়র সহকারী শিক্ষক দীপ্তি রানী পাল ও প্রধান শিক্ষক তপন কুমার দাস।  চাঁদপুর সাহিত্য পরিষদের নজরুল বিষয়ক ভিন্নধর্মী চমৎকার এই আয়োজনের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এসময় সংগঠনের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।  উল্লেখ, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসবে আগামীকাল ২৪ আগস্ট সোমবার নজরুল বিষয়ক লিফলেট বিতরণ করা হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা

‎নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  ‎রবিবার (২৩ আগস্ট) বিকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।  ‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটোয়ারী, জাকির পাটওয়ারী, রূপসা উত্তর বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা আবুল কাশেম, ইব্রাহিম, তাজুল ইসলাম, হারুন কমিশনার, বাবুল মাল, মিলন গাজী, বাচ্চু, কিবরিয়া শেখ, শাহজাহান গাজী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, যুবদল নেতা- আমির হোসেন খান, মামুনুর রশিদ, জহিরুল ইসলাম, হাবিব, মাহিন, সুমন, আরিফ, মাহফুজ, আনোয়ার হোসেন, রাছেল, মাসুদ, জয়নাল পাটওয়ারী, মুরাদ হোসেন, কামরুল রাড়ি, সবুজ, ‎স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন স্বপন ও খিজির আলম, ‎ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম সুমন, সফিকুর রহমান, পারভেজ হোসেন আবির, শরিফুল ইসলাম, রাফিক হোসেন, তানজিল গাজী, শাহরিয়ার হোসেন জিসান, পিয়াস মিজি, নুর আলম রাশেদ, আকাশ সরকার, সাহাবুদ্দিন মিজি, মাসুম, রাজু হোসেন প্রমুখ।  ‎

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

অচিরেই বিভেদ কেটে যাবে, সামনে দলের ভালো সময় আসছে —সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির সরকার দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী) বলেছেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, এমনকি তার নিজের পরিবারও এই কার্ড পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন অবশ্যই হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা দলের ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়। ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই এই বিভেদ কেটে যাবে। এজন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।  তিনি আরও বলেন, আপনারা দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। সারাদিন যে যাই বলুক না কেন, দিনশেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে। সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ

প্রত্যেক ডুবে শালুক উঠে না —এম.এ হান্নান এমপি 

নিজস্ব প্রতিবেদক :  “সাংবাদিকদের কলমের দ্বারা সমাজের ভালোমন্দ অনেক কিছু দেখা যায়, যেভাবে আমরা আয়নায় নিজেদের চেহারা দেখি। ছোটবেলায় পড়েছি, “অসির চেয়ে মসি বড়”—সাংবাদিকগণই এই কথা প্রমাণ করে যে তরবারি নয়, কলমই সবচেয়ে বড়। আমি আগেও যেমন অনেককেই হলুদ সাংবাদিক বলতাম, এখনও বলি। কারণ, এখনও কিছু কিছু সাংবাদিক তাদের চরিত্র প্রকাশ করে কাজেকর্মে। যা হলুদ সাংবাদিকতার শামিল।”   রোববার (২৩ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান এ কথাগুলো বলেন।  তিনি বলেন, “ফেসবুকে যারা জেনেশুনে মিথ্যা কথা লিখে, এরা কি মানুষ নয়? এদের কি বিচার হবে না? এরা কি বুঝে না তাদের মৃত্যু আছে! এরা কি জানে না– যারা মিথ্যা কথা বলতে পারেন তারা দুনিয়ার সকল পাপিষ্ঠ কাজ করতে পারেন? প্রিয় সাংবাদিকরা, এরা কারা, যারা ফেসবুকে উল্টাপাল্টা লিখে! এদের আসলেই লজ্জা নেই। ওদের জায়গায় আমি হলে এতক্ষণে কচুগাছে ফাঁসি দিতাম। এদেরকে বোঝান আপনারা।”  আরও বলেন, “তো ভোটের দিনের সবকিছুই অবগত রয়েছেন। উপজেলা থেকে সকলের সামনে ভোটগণনা করে জেলায় গিয়ে সেটার ডিক্লেয়ার হয়েছে। যেখানে কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু কদিন পরে কে বা কাহারা এই ফলাফলের বিরুদ্ধে মামলা করেছে। ভাই, মামলা করতে গেলে তো পয়সা খরচ হয়। মামলায় খরচ না করে সে পয়সাগুলি জনগণকে দিতেন, তাদের অনেক উপকার হত। মিথ্যা কথা বলে মামলা করা যায়, কিন্তু তার রেজাল্ট পাওয়া খুবই কষ্ট। প্রত্যেক ডুবে শালুক উঠে না—এটা তাদের মনে রাখা উচিত। তারপরও আমি বলি, মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি; এটাকে সংশোধন করে আসুন আমরা সবাই মিলেমিশে এই ফরিদগঞ্জের উন্নয়ন করি।”  ফরিদগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “প্রিয় জনগণ, আপনারা আমাকে দলের বাইরে বলেন। কিন্তু সরকার তো আমাদেরকে আলাদা করে দেখেন না। আমরা তো এখনও সরকারি দলের লোকই। কারণ, এই উপজেলার জন্য সরকারের তরফ থেকে আমরা সমান ভাগ পাই। বরং কিছু কিছু আমরা বেশি আনতে পেরেছি। জনগণের ভালোবাসার জন্য বর্তমান রাষ্ট্রপতি ২৫২টি কল আমাকে দিয়েছে, যা অন্য অনেকেই আনতে পারেনি। বিগত ৬ মাসে ফরিদগঞ্জ উপজেলায় ৫০০ কোটি টাকার বরাদ্দ এসেছে। সেগুলোর বিস্তারিত তালিকা আছে।”   এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক এমকে মানিক পাঠান, আব্দুস সোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান।  পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য কেএম নজরুল ইসলাম।  সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির হোসেন, আব্দুর রহমান, মাসুদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতি, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া-সহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। 

আজকের সংবাদ, ইসলাম, ফরিদগঞ্জ

গাব্দেরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে আব্দুর রহমান মৃধা ওয়াকফ্ এস্টেটের উদ্যোগে এ আয়োজন করা হয়। শনিবার (২২ আগস্ট) গাব্দেরগাঁও মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু নাসের মোহাম্মদ আবদুল ওয়াহীদ মৃধা। সকাল ৯টা থেকে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস। আয়োজকরা জানান, এটি আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেটের উদ্যোগে আয়োজিত ৮ম কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আজ শনিবার বাদ মাগরিব ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন দারুসসুন্নাত সিদ্দিকীয়া সিরাজীয়া কমপ্লেক্স, ফরিদগঞ্জের পরিচালক ও বিশিষ্ট বক্তা হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ নেছারী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামারা বক্তব্য রাখবেন।  দিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রহিম।

আজকের সংবাদ, ইসলাম, ফরিদগঞ্জ

চান্দ্রা দরবার শরীফে রাসূলের জন্ম আলোচনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন 

কেএম নজরুল ইসলাম : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) চান্দ্রা দরবার শরীফে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন দরবার শরীফের ওলামাবৃন্দ।  মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ ও ওয়াজ-নসিহতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও অনুসারীগণ অংশগ্রহণ করেছেন।  মাহফিলে প্রধান মেহমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবৃত্তান্ত ও নানাবিধ ধর্মীয় দিক নিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা করেছেন চান্দ্রা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আল্লামা ড. এস. এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.)।  এসময় আরও আলোচনা রাখেন মাওলানা হামেদ রেজা আজহারী, মাওলানা জাহিদুল ইসলাম সাইফী, মাওলানা ক্বারী রিয়াজুল ইসলাম সাইফী প্রমুখ ধর্মীয় বক্তাগণ।  ঈদে মিলাদুন্নবী সা. মাহফিলে উপস্থিত ছিলেন আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট ড. কামরুল হাসান সাইফী, প্রেসিডিয়াম সদস্য মো. ফিরোজ আলম সাইফী, মো. মাজেদুর রহমান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম হোসাইন টিটু, মো. মোসলেহ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী মামুন মাঝি-সহ বিভিন্ন আঞ্জুমানের সদস্যবৃন্দ ও দরবার শরীফের ভক্ত-আশেকান মুরিদানগণ।  পীর সাহেব হুজুরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন মাহফিলের সমাপ্তি ঘটে। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে কসমিক এয়ার ইন্টারন্যাশনালের হজ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :  ফরিদগঞ্জে হজ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কসমিক এয়ার ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ পালনে আগ্রহীদের জন্য এই সেমিনারের আয়োজন।  শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারের কার্যক্রম শুরু হয়।   কসমিক হজ গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হজের সঠিক নিয়মাবলি ও সহিহ পদ্ধতিতে পবিত্র হজ পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, মাদ্রাসাতুল হাদিস, ঢাকা’র সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদানী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হর্নি দুর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইউনুস। সেমিনারে বক্তারা বলেন, যারা ২০২৭ সালে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন, তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সঠিক নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং পবিত্র হজ পালনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই এই আয়োজন। আল্লাহর মেহমানদের খেদমতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। হজের প্রস্তুতি নিই সঠিক জ্ঞান ও সুন্নাহর আলোকে। 

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন

টিটু হোসেন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং যুবসমাজকে মাঠমুখী করার প্রত্যয়ে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। ক্লাবের খেলোয়াড়দের জন্য জার্সিগুলো প্রদান করেন ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মো. মামুন হোসেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। মো. মামুন হোসেন বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে যুবসমাজ শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্যবোধ অর্জনের সুযোগ পায়। মামুন হোসেন আরও বলেন, রামদাসেরবাগে আবারও খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরে আসুক– এটাই প্রত্যাশা করি। এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি সবসময় যুবসমাজের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, শুধু টুর্নামেন্ট আয়োজন করলেই হবে না; নিয়মিত খেলাধুলার চর্চা, ভালো মাঠ এবং তরুণদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জার্সি উন্মোচনকে ঘিরে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন জার্সি পেয়ে খেলোয়াড়দের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজের অগ্রযাত্রা এবং একটি সুস্থ সমাজ গঠনে রামদাসেরবাগ স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। 

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের পূর্ব মিরপুরে অর্থের অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ

তারেক রহমান তারু : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব মিরপুর এলাকায় একমাত্র জুমার মসজিদ ছৈয়াল বাড়ি জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে থমকে আছে। মসজিদটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। পূর্ব মিরপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের জুমার নামাজ আদায়ের একমাত্র প্রধান স্থান এই ছৈয়াল বাড়ি জামে মসজিদ। প্রতি শুক্রবার বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় মসজিদের ভেতরে জায়গা সংকুলান হয় না। ফলে অনেক মুসল্লিকে মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। মুসল্লিদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে এলাকাবাসীর উদ্যোগে পুরোনো মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নতুন ভবনে মসজিদের পাশাপাশি ইসলামিক শিক্ষার প্রসারে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষ্যেই নির্মাণ কাজ শুরু করা হয়। তবে নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রত্যাশিত অর্থসংগ্রহ না হওয়ায় বর্তমানে কাজ প্রায় বন্ধ হওয়ার পথে। এতে মসজিদটির নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, “মসজিদটি নির্মাণে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজন। আমরা অনেকের কাছ থেকে অনুদানের আশা করেছিলাম। কেউ কেউ সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। ফলে অর্থের অভাবে নির্মাণ কাজ থমকে আছে।” মসজিদ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার জানান, মসজিদ কমিটির কাছে তার এখনো প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা পাওনা রয়েছে। এরপরও আল্লাহর ঘরের কাজ মনে করে তিনি টাকা না পেয়েও নির্মাণ কাজ চালিয়ে গেছেন। সামর্থ্যবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মসজিদটির নির্মাণ কাজ পুনরায় গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এলাকাবাসী জানান, পূর্ব মিরপুরের বিপুলসংখ্যক মানুষের নামাজ আদায়ের সুবিধার পাশাপাশি নতুন মসজিদ ভবনে ইসলামিক শিক্ষার ব্যবস্থাও করা হবে। তাই এটি শুধু একটি মসজিদ নির্মাণ নয়, বরং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ অবস্থায় ছৈয়াল বাড়ি জামে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় দ্রুত মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে এবং মুসল্লিদের দীর্ঘদিনের স্থান সংকটের অবসান ঘটবে।

Scroll to Top