নুরুল ইসলাম ফরহাদ :
“সাংবাদিকরা হলো জাতির বিবেক। সেই বিবেককে সদায় জাগ্রত রাখতে হলে প্রশিক্ষণ নিতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হলে এবং সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া সাংবাদিকতা করা ঠিক নয়। কারণ, একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় একজন বা একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একজন সাংবাদিকের ভুল রিপোর্টে একটি সমাজ, একটি প্রতিষ্ঠান বা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফরিদগঞ্জে প্রায় ৫০ জন সাংবাদিক রয়েছেন কিন্তু আজ প্রশিক্ষণ নিচ্ছেন মাত্র ২৫ জন। আমি পিআইবিকে অনুরোধ করব, তারা যাতে এ কার্যক্রম অব্যাহত রাখে এবং পর্যায়ক্রমে সবাই যেন নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে প্রমাণ করতে পারে। সাংবাদিকরা দক্ষ হলে এই সমাজেরই লাভ। ফরিদগঞ্জের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য আমার যদি সহযোগিতা লাগে আমি তা করব। আমি ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞ। প্রেসক্লাব সবসময় আমার প্রতিষ্ঠিত আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের সাথে ছিল। বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কথাগুলো বলেন সিআইপি (ট্যাক্স), শিক্ষানুরাগী, সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী।
শনিবার (২৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া ও পিআইবি প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। আধুনিক সাংবাদিকতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবাদ সংগ্রহ, মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী ২৮ জুলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হবে।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
