২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই ২২, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। তিনি এবছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত অটোরিকশা যাত্রী লিলু বেগম বলেন, “আমরা সিএনজিচালিত অটোরিকশায় ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা সবাই ছিটকে পড়ে আহত হই। মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।” আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত পাঁচজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজ মাহমুদ জুম্মানকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জুম্মান খুবই মেধাবী ছাত্র ছিল। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই আমাদের সব স্বপ্ন ভেঙে দিলো।” ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের সংবাদ, চাঁদপুর

মায়ের ভরণপোষণে অবহেলা করায় ছেলে আটক 

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মা নিজেই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ২২ জুলাই বুধবার এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী মোছাম্মৎ রেহানা বেগম তার ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেনি। বরং মাদকসেবনের টাকার জন্য বিভিন্ন সময় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সন্তান সাইফুল ইসলামকে আটক করে। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তর্জাতিক, খেলাধুলা, সর্বশেষ

ফিফার গোল্ডেন বল না পেয়েও বিশ্বকাপের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্যে দলকে নেতৃত্ব দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি এই মহাতারকা। অতিরিক্ত সময়ে একমাত্র গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফাইনালের পর ফিফা টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কার ঘোষণা করলে গোল্ডেন বল জয় করেন স্পেনের অধিনায়ক রদ্রি। সিলভার বল পান লিওনেল মেসি এবং ব্রোঞ্জ বল জিতে নেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে ফিফার গোল্ডেন বল না পেলেও তথ্য-পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নে মেসিকেই ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইএফএফএইচএস জানায়, একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তারা নিজস্ব তথ্যনির্ভর সূচক ব্যবহার করেছে। এই মূল্যায়নে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে খেলোয়াড়ের প্রভাবকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে বিবেচনা করা হয়। সেই বিশ্লেষণে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করে, বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণের পর আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসিই আইএফএফএইচএসের নির্বাচিত সেরা খেলোয়াড়। এই স্বীকৃতি তিনি পেয়েছেন আবেগ বা খ্যাতির কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে। ৩৯ বছর বয়সী মেসি টুর্নামেন্টে ৭টি ম্যাচে মোট ৬২৬ মিনিট মাঠে থেকে ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। অর্থাৎ, সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন তিনি। পুরো আসরে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩, যা গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ফাইনাল পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন। আইএফএফএইচএসের মতে, এই উচ্চ রেটিং কোনো এক বা দুটি অসাধারণ ম্যাচের ফল নয়। বরং পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্স প্রদর্শনের কারণেই তিনি সবার ওপরে অবস্থান করেছেন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রভাবকে মূল্যায়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, একজন ফুটবলারের প্রকৃত মহত্ত্ব নির্ধারণে নকআউট পর্বে দলের জন্য কতটা পার্থক্য গড়ে দিতে পেরেছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় মেসির সামগ্রিক পারফরম্যান্স সূচক বিশ্বকাপের অন্য সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেছে। প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসছে আইএফএফএইচএস। সংস্থাটির দাবি, বিশ্বের সেরা পারফরম্যান্সকে তথ্য ও পরিমাপের ভিত্তিতে মূল্যায়ন করাই তাদের মূল লক্ষ্য। আর সেই মানদণ্ডে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে তারা বেছে নিয়েছে লিওনেল মেসিকে।

আজকের সংবাদ, জাতীয়, রাজনীতি

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারী-সংক্রান্ত বিতর্কের ঘটনায় সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার (বিকেল ৪টা) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান, এমপি। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে দ্রুত জানানো হবে। দলীয় সূত্রে আরও জানা যায়, গাজী নজরুল ইসলামের নারী-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় জামায়াত। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের আগে সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কেউ এমপি কী না, সেটি আমাদের কাছে মুখ্য নয়। নৈতিকতা ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” এদিকে দলীয়ভাবে নির্বাচন কমিশনকে বহিষ্কারের বিষয়টি জানানো হলে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ওই আসনে উপনির্বাচন আয়োজনের পথ তৈরি হবে। 

Scroll to Top