২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই ২৬, ২০২৬

চাঁদপুর, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে চুরির মহোৎসব: চোরের আতঙ্কে জনজীবন 

মো. এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ  : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রহস্যজনকভাবে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরের একটি চক্র। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেল ও অটোরিকশার পাশাপাশি চোরদের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না গবাদিপশু কিংবা হাঁস-মুরগিও। চাঞ্চল্যকর এসব ঘটনার মধ্যে খোদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে জনপ্রতিনিধির পকেট থেকেও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। ​স্থানীয়দের তথ্যমতে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একাধিক লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সুরাহা বা অপরাধীদের গ্রেফতারে সফল না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের নেছার পাটওয়ারীর ছেলে মো. সোহাগ পাটওয়ারীর বাড়ির সামনে থেকে তার প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি হয়। এর ঠিক আগের দিন বুধবার (২২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পশ্চিম রূপসা গ্রামের সৌরভ আলীর ছেলে মো. স্বপনের একমাত্র উপার্জনের সম্বল অটোরিকশাটি নিয়ে যায়। ​এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাতে কালির বাজারের ওষুধ ব্যবসায়ী মো. ফরহাদ হোসেনের দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ প্রায় দুই লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়া সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ শাশিয়ালী গ্রামে বিদেশফেরত আব্দুল সাত্তারের বাড়িতে ঘটে সবচেয়ে বড় চুরির ঘটনা। ভুক্তভোগী আব্দুল সাত্তার জানান, চলতি সপ্তাহেই তিনি প্রবাস থেকে দেশে ফেরেন। মাত্র তিনদিন পর পরিবার নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ নেয় চোরেরা। ঘরের টিনের চাল কেটে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। সাধারণ মানুষের পাশাপাশি চোর চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জানান, গত সপ্তাহে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেই তার ব্যবহৃত প্রায় দুই লাখ টাকা মূল্যের আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা উদ্ধার হয়নি। ​অন্যদিকে গুপ্টি পশ্চিম ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ ও গোবিন্দপুর উত্তর ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ জানান, তাদের ইউনিয়নেও গত এক সপ্তাহে অন্তত ডজনখানেক চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দক্ষিণ শাশিয়ালী গ্রামের বাসিন্দা রিপন মজুমদার, নান্নু দেওয়ান ও মিলন জানান, গোটা এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। বসতবাড়ির মালামালের পাশাপাশি গোয়ালের গরু-ছাগল ও খামারের হাঁস-মুরগিও চুরি হচ্ছে। জীবন রক্ষার্থে ও সম্পদ বাঁচাতে রাতের বেলায় পাহারা বসিয়েও কোনো প্রতিকার মিলছে না। ​এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলআমিন তালুকদার বলেন, “বিভিন্ন চুরির ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রতিটি ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চোর চক্রটিকে শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” ফরিদগঞ্জ টাইমস/কেএম

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেফতার 

স্টাফ রিপোর্টার :  চাঁদপুরের ফরিদগঞ্জে সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আলআমিন তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে কামরুল ইসলামকে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করেন।  গ্রেফতারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও (বশির দিঘির পাড়) গ্রামের বাবির মো. হানিফ মিয়ার ছেলে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে। মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।  ফরিদগঞ্জ টাইমস/কেএম

Uncategorized

মানসম্মত সংবাদ পরিবেশনে প্রশিক্ষণের বিকল্প নেই …..মোতাহার হোসেন পাটওয়ারী

নুরুল ইসলাম ফরহাদ :   “সাংবাদিকরা হলো জাতির বিবেক। সেই বিবেককে সদায় জাগ্রত রাখতে হলে প্রশিক্ষণ নিতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হলে এবং সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া সাংবাদিকতা করা ঠিক নয়। কারণ, একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় একজন বা একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একজন সাংবাদিকের ভুল রিপোর্টে একটি সমাজ, একটি প্রতিষ্ঠান বা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফরিদগঞ্জে প্রায় ৫০ জন সাংবাদিক রয়েছেন কিন্তু আজ প্রশিক্ষণ নিচ্ছেন মাত্র ২৫ জন। আমি পিআইবিকে অনুরোধ করব, তারা যাতে এ কার্যক্রম অব্যাহত রাখে এবং পর্যায়ক্রমে সবাই যেন নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে প্রমাণ করতে পারে। সাংবাদিকরা দক্ষ হলে এই সমাজেরই লাভ। ফরিদগঞ্জের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য আমার যদি সহযোগিতা লাগে আমি তা করব। আমি ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞ। প্রেসক্লাব সবসময় আমার প্রতিষ্ঠিত আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের সাথে ছিল। বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কথাগুলো বলেন সিআইপি (ট্যাক্স), শিক্ষানুরাগী, সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী।  শনিবার (২৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া ও পিআইবি প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।  প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। আধুনিক সাংবাদিকতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবাদ সংগ্রহ, মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী ২৮ জুলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হবে।  ফরিদগঞ্জ টাইমস/কেএম

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ

পিআইবির উদ্যোগে ফরিদগঞ্জে তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ আজ শনিবার (২৬ জুলাই) থেকে শুরু হয়েছে। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে।  প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। আধুনিক সাংবাদিকতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবাদ সংগ্রহ, মোবাইল জার্নালিজম (এমওজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।  বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অবহিত করেছেন আয়োজকরা।  প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতার দক্ষতা অর্জন সময়ের দাবি। পিআইবির এ উদ্যোগ মাঠপর্যায়ের সাংবাদিকদের আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে সহায়ক হবে। আগামী ২৮ জুলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হবে।  ফরিদগঞ্জ টাইমস/কেএম

Scroll to Top