২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই ২৪, ২০২৬

চাঁদপুর, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব উদযাপিত হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদগঞ্জ লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।  এছাড়া গুপ্টি কাত্যায়ণী মন্দির, আষ্টা মহামায়া মন্দির ও কবিরূপসা জগন্নাথ মন্দিরে শোভাযাত্রা বের করা হয়। হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নানা বয়সী নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।  এদিকে উল্টো রথযাত্রা উপলক্ষে উপজেলার ছয়টি স্থানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এগুলো হলো– ফরিদগঞ্জ দাসপাড়া রাধাগোবিন্দ মন্দির, গুপ্টি কাত্যায়ণী মন্দির, ফরিদগঞ্জ ইসকন মন্দির, কবিরূপসা জগন্নাথ মন্দির, আষ্টা মহামায়া মন্দির এবং গুপ্টি জ্ঞানপ্রদায়ণী হরিসভা মন্দির। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস এবং সুবর্ণচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন তালুকদারসহ স্থানীয় সনাতন সমাজের নেতৃবৃন্দ। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ, বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা মাসির বাড়ি গমন করেন এবং নয়দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে নিজ মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন শুভশক্তির জয়, মানবকল্যাণ, ভক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভক্তদের বিশ্বাস, ভগবান শ্রীজগন্নাথের রথ দর্শন ও রথ টানার মাধ্যমে পুণ্য অর্জন হয় এবং জীবনে শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি লাভ করা যায়।  উৎসবকে কেন্দ্র করে ফরিদগঞ্জজুড়ে ছিল আনন্দ, উৎসব ও সম্প্রীতির আবহ। ধর্মীয় এই আয়োজন সনাতন সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। ফরিদগঞ্জ টাইমস/কেএম

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

ফরিদগঞ্জের উত্তর মিরপুরের অসহায় হাবিব চিকিৎসার অভাবে পঙ্গুত্বের মুখে

তারেক রহমান তারু : একটি ছোট্ট জরাজীর্ণ ঘর। ভাঙাচোরা দেয়াল আর টিনের চালের নিচে বাস একটি অসহায় পরিবারের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাবিব। দিনমজুরি ও রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে চলত দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবাকে নিয়ে পাঁচ সদস্যের সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই হাবিব নিজেই শয্যাশায়ী। চিকিৎসার অভাবে তিনি এখন স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকিতে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর মিরপুর গ্রামের কোনার বাড়ির বাসিন্দা হাবিবের জীবন যেন একের পর এক দুর্ঘটনার শিকার। কিছুদিন আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গুরুতর দুর্ঘটনায় তার দুই কাঁধ প্রায় স্থানচ্যুত হয়ে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় সীমিত চিকিৎসা নিয়ে আবারও জীবিকার সংগ্রামে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই লড়াই বেশিদিন স্থায়ী হয়নি। জীবিকার তাগিদে গাছ থেকে ঢাল কাটতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায়। বর্তমানে তিনি চলাফেরা করতে অক্ষম। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। অথচ সেই অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। আজ হাবিবের বৃদ্ধ বাবা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইছেন। চোখে অশ্রু, কণ্ঠে অসহায়ত্ব। তিনি বলেন, “আমার ছেলের আয়েই আমাদের সংসার চলত। আজ সে নিজেই অসহায় হয়ে বিছানায় পড়ে আছে। আমরা কীভাবে চলব, কী খাব—কিছুই জানি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন।” স্থানীয়দের ভাষ্য, হাবিব ছিলেন পরিশ্রমী ও সৎ একজন মানুষ। নিজের কষ্টের কথা কখনো কাউকে বোঝাতেন না। কিন্তু আজ চিকিৎসার অভাবে তার জীবনই অনিশ্চয়তার মুখে। মানবিক সমাজ গঠনে এমন সংকটে এগিয়ে আসাই হতে পারে সবচেয়ে বড় দায়িত্ব। একজন অসহায় বাবার চোখের জল মুছে দিতে, দুই শিশুর মাথার ওপর থেকে অনিশ্চয়তার কালো ছায়া সরিয়ে দিতে এবং হাবিবকে নতুন করে বাঁচার সুযোগ করে দিতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর সহায়তা এখন সময়ের দাবি। আসুন, আমরা সবাই মিলে হাবিবের পাশে দাঁড়াই। মানবতার হাত বাড়িয়ে একটি পরিবারকে বাঁচিয়ে তুলি। ফরিদগঞ্জ টাইমস/কেএম

শিক্ষা ও সাহিত্য

তারেক রহমান তারুর কবিতা ‘ডাকাতিয়ার কষ্ট’

ডাকাতিয়ার কষ্টতারেক রহমান তারু আমি ডাকাতিয়া—একদিন ছিলাম জনপদের প্রাণ,আমার বুকে ভেসে চলতস্বপ্নভরা পালতোলা নৌকার গান। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুরেরহাসি-কান্না বয়ে নিতাম আপন মনে,আমার জলেই জেগে উঠতহাজার মানুষের জীবিকার স্বর্ণভোরে। আজ কেন আমায় এমন হত্যা করলে?কে দিলো আমার বুকে বিষের উপহার?কারখানার বর্জ্য, শহরের ময়লা,লোভের দখলে আমি আজ বড় অসহায়। আমার দুই তীর কাঁদে,কাঁদে জেলে, মাঝি, কৃষকের প্রাণ;যে নদী ছিল আশীর্বাদ,আজ সে যেন নিজেরই শবযাত্রার গান। আমি তো শুধু জল চাইনি,চেয়েছিলাম একটু ভালোবাসা;তোমরা দিলে প্লাস্টিকের পাহাড়,কালো বিষ আর ধোঁয়ার ভাষা। শোনো মানুষ!এখনও যদি না জাগো,একদিন তোমাদের সন্তানমানচিত্রে খুঁজবে আমার নাম—কিন্তু খুঁজে পাবে না আমার স্রোত। তখন ইতিহাস লিখবে—ডাকাতিয়াকে সময় মারেনি,মেরেছে মানুষের অবহেলা,লোভ আর নির্মম নিষ্ঠুরতা। আমি ডাকাতিয়া—এখনও বাঁচতে চাই,আবার শুনতে চাই মাঝির ভাটিয়ালি,আবার হতে চাইতিন জেলার প্রাণের নদী। আমার কান্না যদি শুনতে পাও,তবে শুধু ছবি তুলো না—আমাকে বাঁচাও।কারণ নদী বাঁচলে,বেঁচে থাকবে মানুষ,বেঁচে থাকবে আগামী বাংলাদেশের প্রাণ।

আজকের সংবাদ, রাজনীতি

সরকার গঠনের পরই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন তারেক রহমান: খোকন তালুকদার 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড়ের ভেরিবাঁধ এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার বলেন, “আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কৃষি খাতে তিনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন, তাতে বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে পৌঁছাবে। একই সঙ্গে দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।”  অনুষ্ঠানে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফরিদগঞ্জ টাইমস/কেএম

চাঁদপুর, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জ দঃ ইউনিয়ন জামায়াতের নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।  বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর আবু হানিফ, সেক্রেটারি আমীর হোসেন কামাল, হাবিব উল্লাহ ভূঁইয়া, ডা. সফিকুর রহমান, আনোয়ার হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৪নং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা আসন্ন স্থানীয় নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।  ফরিদগঞ্জ টাইমস/কেএম

Scroll to Top