চাঁদপুর প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘোড়াশালা আঞ্চলিক মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে লাউতলী ও ঘোড়াশাল টিমের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে লাউতলী ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া।
বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার শামসুল আলম রনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রবাসী বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। তাই প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার শিক্ষাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।
