২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে প্রবাসী মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেন ঢাকায় অবস্থান করছিলেন এবং তার ছেলে প্রবাসে থাকেন। বাড়িতে একা ছিলেন তার স্ত্রী মোসাম্মদ খুর্শিদা বেগম। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।

খুর্শিদা বেগম জানান, হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে ডাকাতরা তাকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। এরপর আলমারি ও ঘর তছনছ করে ডাকাতরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে আহত অবস্থায় খুর্শিদা বেগমকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর গৃহবধূ জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে মারধর করে।

এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top