২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ প্রতিনিধি: চাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন সংস্কার না করায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু হবে।

সড়কের বিভিন্ন অংশে দেখা যায় বড় বড় গর্ত। কোনো কোনো স্থানে সড়কের পাকা কার্পেটিংয়ের চিহ্ন নেই। বিগত সরকারের আমলে বারবার জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও বেশি দিন টেকেনি, বরং ভারী যানবাহন চলাচল করায় কিছুদিনের মধ্যে সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়। ছোট-বড় শত শত যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে জ্বালানি বহনকারী ট্যাংক লরি এবং মালবাহী ট্রাক। সড়কে গর্ত থাকায় খুবই ঝুঁকি নিয়ে হেলেদুলে চলতে দেখা গেছে এসব যানবাহনকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় দশক আগে এই সড়ক নির্মাণ হয় চাঁদপুর পৌরসভার অর্থায়নে। শহরের যানজট নিরসনে গুরুত্ব দেওয়া হয় বিকল্প এই বাইপাস সড়কের। সড়কটি নির্মাণের সময় উঁচু করা হয়নি। বর্ষা ও অতিবৃষ্টির সময় পাশের রেললাইনসংলগ্ন লেকের পানি সড়কে উঠে বেশ কয়েকবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়।

চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘পৌর কর্তৃপক্ষও সড়কটির গুরুত্ব অনুধাবন করে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে মেরামতকাজ শুরু করব। প্রায় দেড় কিলোমিটার এই সড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা।’

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top