২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাকাতিয়ার কষ্ট
তারেক রহমান তারু

আমি ডাকাতিয়া—
একদিন ছিলাম জনপদের প্রাণ,
আমার বুকে ভেসে চলত
স্বপ্নভরা পালতোলা নৌকার গান।

কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুরের
হাসি-কান্না বয়ে নিতাম আপন মনে,
আমার জলেই জেগে উঠত
হাজার মানুষের জীবিকার স্বর্ণভোরে।

আজ কেন আমায় এমন হত্যা করলে?
কে দিলো আমার বুকে বিষের উপহার?
কারখানার বর্জ্য, শহরের ময়লা,
লোভের দখলে আমি আজ বড় অসহায়।

আমার দুই তীর কাঁদে,
কাঁদে জেলে, মাঝি, কৃষকের প্রাণ;
যে নদী ছিল আশীর্বাদ,
আজ সে যেন নিজেরই শবযাত্রার গান।

আমি তো শুধু জল চাইনি,
চেয়েছিলাম একটু ভালোবাসা;
তোমরা দিলে প্লাস্টিকের পাহাড়,
কালো বিষ আর ধোঁয়ার ভাষা।

শোনো মানুষ!
এখনও যদি না জাগো,
একদিন তোমাদের সন্তান
মানচিত্রে খুঁজবে আমার নাম—
কিন্তু খুঁজে পাবে না আমার স্রোত।

তখন ইতিহাস লিখবে—
ডাকাতিয়াকে সময় মারেনি,
মেরেছে মানুষের অবহেলা,
লোভ আর নির্মম নিষ্ঠুরতা।

আমি ডাকাতিয়া—
এখনও বাঁচতে চাই,
আবার শুনতে চাই মাঝির ভাটিয়ালি,
আবার হতে চাই
তিন জেলার প্রাণের নদী।

আমার কান্না যদি শুনতে পাও,
তবে শুধু ছবি তুলো না—
আমাকে বাঁচাও।
কারণ নদী বাঁচলে,
বেঁচে থাকবে মানুষ,
বেঁচে থাকবে আগামী বাংলাদেশের প্রাণ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top