২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। দলীয় সূত্র জানায়, শনিবার চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

জানা গেছে, এনসিপির আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এদিন দলে যোগ দেন। এর পাশাপাশি মুক্তিযোদ্ধা ও সাম্প্রতিক আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীরাও এতে শামিল হন।

তাদের মধ্যে তিনজন বীর মুক্তিযোদ্ধা হলেন- আবু বকর সিদ্দিক, ওসমান গণি ও রমিজ উদদীন।

জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, ‘আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহারাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, চাঁদপুর সদর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও আন্দোলনকারীদের দলে অন্তর্ভুক্তি, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা।

এনসিসিতে যোগ দিয়ে নতুন সদস্যরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিক আন্দোলনের অভিজ্ঞতা ধারণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top