২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ২১তম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মতলব উত্তরের খেলোয়াড় মো. সাকিব হোসেন। অপরদিকে দুই গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ফরিদগঞ্জের তারিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার কারণে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী।

জেলার ৮ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। ফাইনাল খেলায় স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। প্রায় দশ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।

ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পুরস্কার পায় ২০ হাজার টাকা, রানারআপ দল পায় ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছেন ৫ হাজার টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top