নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ বড়গাঁও গ্রামে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছে। একই ঘটনায় বাবা রওশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। নিহতের বাবা রওশন গাজীর মাথা ফেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়। অপরদিকে, নিহতের ভাই আরমানের অবস্থা আশংকা জনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর বড়গাঁও এলাকার গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা রওশান গাজী বলেন, প্রবাসে তার ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে চাচা হাসানের সাথে বিরোধ হয়। এসময় তার চাচা হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার ছেলে বাবুকে। ঘটনাস্থলেই বাবু মারা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
