৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
JSD

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল সেটি আবার চালু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদ স্বপন বলেন, যে মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার যে ন্যায্যতা সেটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে তারাই এ ধরনের কাজ করছে বলে দাবি করেন তিনি।

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, সংস্কার মানে আগের যতো অন্যায্যতা সব কিছুকেই ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি সবখানেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল আছে। সেটিরই একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা, যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।

ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক, আবদুল মান্নান মুন্সি, মোশারফ হোসেন মন্টু, কামরুল আহসান অপু, ম. মোস্তাক, এসএম মনিরুজ্জামান মনির, ফারহান হাবীব, মফিজুর রহমান বাবুল প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top