৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

চাঁদপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা 

নিজস্ব সংবাদদাতা : চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। হাজীগঞ্জের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইনবিদ ও সমাজচিন্তক ব্যারিস্টার আল-মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার আল-মামুন রাসেল চাঁদপুরের বিভিন্ন উপজেলার নামকরণ ও ঐতিহাসিক তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, “বাইরের প্রতিরক্ষা যতই মজবুত হোক না কেন, ভেতরের সততা ও নৈতিক সচেতনতা না থাকলে যেকোনো সময় পতন ঘটতে পারে।” শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি চাঁদ ও সূর্যের সঙ্গে মা-বাবার তুলনা করেন। বক্তব্যের শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী শপথ বাক্য পাঠ করান—“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।” বিশেষ অতিথির বক্তব্যে ইমরান নাজির বলেন, “ছাত্রশিবিরের মূল ভিশন হলো আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলা।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হোসেন, চাঁদপুর জেলা জামায়াতের নেতা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বক্তারা শিক্ষার্থীদের জীবনে পিতা-মাতার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। আয়োজকরা জানান, চাঁদপুর সদর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পৃথক পর্বে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যেই ছাত্রশিবিরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে।

আজকের সংবাদ, আন্তর্জাতিক

অগসবার্গ রেলস্টেশনে বিস্ফোরণ, আহত ২: জার্মানিতে বিদ্যুৎ অবকাঠামোতেও নাশকতার তদন্ত

মুনির হোসাইন জুয়েল, জার্মানি :  জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। বুধবার ভোরে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে স্টেশন ভবন ও এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি ট্রেনের চলাচলের পথও পরিবর্তন করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় স্টেশনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ে স্থানীয় গণপরিবহন ব্যবস্থাতেও। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃতি ও সম্ভাব্য উৎস শনাক্ত করতে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল পুলিশ অফিসের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। এদিকে একই সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে বিদ্যুৎ অবকাঠামোয় সম্ভাব্য নাশকতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কোলোনের কাছে বার্গহাইমের রাইডট এলাকায় বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান আমপ্রিয়নের একটি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি সাধারণ কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে না। বরং এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। আমপ্রিয়ন জানিয়েছে, ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দিলেও জার্মানির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অগসবার্গ রেলস্টেশনের বিস্ফোরণের সঙ্গে বিদ্যুৎ অবকাঠামোয় কথিত নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্রান্ডেনবুর্গে সাম্প্রতিক নাশকতার ঘটনার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। এর আগে ব্রান্ডেনবুর্গের ইয়েনশভাল্ডে একটি বিদ্যুৎকেন্দ্রের কাছে উচ্চ-ভোল্টেজ সঞ্চালন লাইনে নাশকতার ঘটনা ঘটে। ওই ঘটনায় আতশবাজি বা কোনো ধরনের প্রক্ষেপণযন্ত্র ব্যবহার করে শর্ট সার্কিট ঘটানোর অভিযোগ ওঠে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে অগসবার্গের বিস্ফোরণ ও বিদ্যুৎ অবকাঠামোয় নাশকতার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাগুলোর প্রকৃত কারণ বা সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

আন্তঃকলেজ বিতর্কের সেমিফাইনাল: দুই বিতর্কেই ‘বিপক্ষ’ দলের জয় 

ক্যাম্পাস প্রতিবেদক, গৃদকালিন্দিয়া কলেজ :  ‘যুক্তির নিরিখে সত্য উন্মোচন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলেজের অডিটোরিয়ামে এ সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৯টি দলের মধ্য থেকে নির্বাচিত চারটি দল দুটি বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয়। প্রথম বিতর্কের বিষয় ছিল—“নগরায়ন পরিবেশ বিপর্যয়ের মূল কারণ”। এ বিষয়ে শহীদ আবু সাঈদ দল পক্ষে এবং শহীদ মীর মুগ্ধ দল বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে—“সামাজিক যোগাযোগ মাধ্যমই যুবসমাজের একাকীত্বের প্রধান কারণ” বিষয়ে শহীদ ওয়াসিম দল পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদী দল বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেয়। দুই বিতর্কেই বিপক্ষ দল বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন শহীদ মীর মুগ্ধ দলের দলনেতা আরিফা আক্তার এবং শহীদ শরীফ ওসমান হাদী দলের দলনেতা তানহা আক্তার।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। বিচারকের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান গৌরী রানী সাহা, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান পরেশ চন্দ্র দাস এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাজির হোসেন। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল বাতেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কে কে এম মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুরেশ্বর বণিকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।  কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, জ্ঞানচর্চা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছে।  চলতি মাসের মাঝামাঝি সময়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌরসভার ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার আগামী ২০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সঞ্চালনায় কর্মশালায় মহাপরিকল্পনা প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সেলটেক কনসালটেনস (প্রা.) লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ তৌফিক আহমেদ রায়হান ও শোমিনুর রহমান খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় বক্তব্য রাখেন পৌরসভার সহায়ক কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-আমিন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইইউজিআইপি প্রকল্পের প্রকৌশলী ও পরামর্শক আরিফুল ইসলাম শিমুলসহ সংশ্লিষ্টরা। কর্মশালায় ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় আয়োজিত কর্মশালায় পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন, নগর পরিকল্পনা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ২০ বছরের জন্য পৌরসভার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– উপজেলার রুস্তমপুর এলাকার কারী বাড়ির এসহাক কারীর ছেলে মো. ইকবাল হোসেন রকি (২৪), পূর্ব বড়ালী বরকন্দাজ বাড়ির আবুল বাশারের ছেলে সাকিব হোসেন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে মো. আল আমিন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় এসআই হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক, জুয়েল মিয়া ও জুমায়েত হোসেন জুয়েল পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।  অভিযানে গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন রকিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।  অন্যদিকে, বর্ডার বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ সাকিব হোসেনকে আটক করা হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকা থেকে ১২ গ্রাম গাঁজাসহ মো. আল আমিনকে আটক করা হয়। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, “মাদকের হাত থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর জব্দ করা ইয়াবা ও গাঁজা প্রকাশ্যে ধ্বংস করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ, শিক্ষা ও সাহিত্য

অবসরপ্রাপ্ত শিক্ষকদের রাজকীয় সংবর্ধনা দিলো প্রত্যাশী আর.এ উচ্চ বিদ্যালয়  

‎নিজস্ব প্রতিবেদক :  ৩১ আগস্ট সোমবার শিক্ষকতা পেশা থেকে অবসরে যাওয়া তপন কুমার মজুমদারের সাথে মরণোত্তর ১ জনসহ মোট ৬ জন শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়। সংবর্ধনাপ্রাপ্ত ৬ জন শিক্ষক হলেন: সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির গাজী, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া ও প্রয়াত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন গাজী।   উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সর্বশেষ ৩১ আগস্ট অবসরে যাওয়ার সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদারের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় সংবর্ধনায় অন্যদেরকেও আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ।  এর আগে সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মো.আলাউদ্দিন ও মিলন খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিদায় বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম।  অবসরজনিত বিদায় নেয়া সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন তপন কুমার মজুমদার, আবুল খায়ের মিয়া, হুমায়ুন কবির গাজী, বিল্লাল হোসেন খান, উত্তম কুমার তালুকদার ও মৃত আনোয়ার হোসেন গাজীর পক্ষে তার ছেলে রবিউল আলম।  অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিঠু, চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন খান, ফরিদগঞ্জ কে.আর আইডিয়েল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাছুম আলম তালুকদার, বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হুমায়ুন কবির, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম পাটওয়ারী, ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক হিতেশ শর্মা এবং ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদি হাসান মঞ্জু।  এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রুহুল আমিন, ঝন্টু দাস এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।  আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এই সংবর্ধনা নতুন প্রজন্মকে শিক্ষক হিসেবে পেশাকে বেছে নিতে উৎসাহিত করবে। অবসরে যাওয়া শিক্ষকরা এই বিদ্যালয়ের প্রাণভোমরা ছিলেন। তারা শুধু নিয়মিত পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধনে কাজ করেছেন। আমরা চাই আগামীতেও যারা অবসরে যাবেন, তারাও যেন এই ধরনের সংবর্ধনা নিয়ে বিদায় নেন।  আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী অতিথিদের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা শেষে সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয় ভবন থেকে লালগালিচায় পায়ে হেটে ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে উঠে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা।

আজকের সংবাদ, চাঁদপুর, বিশেষ সংবাদ

শাহরাস্তিতে খাল খননে ব্যতিক্রমী নজির, বেঁচে যাওয়া ৪০ লাখ ফেরত

নিজস্ব প্রতিবেদক : পাবলিক ফান্ডের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে উপজেলার দুটি খাল সফলভাবে খনন করার পর অবশিষ্ট ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শুধু অর্থ সাশ্রয়ই নয়, সুষ্ঠু পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন সংশ্লিষ্টরা। ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে শাহরাস্তি উপজেলার ‘খদ্দের খাল’ (ডাকাতিয়া নদীর খোর্দ্দ হতে মোড়াগাঁও বটতলা শৈলখালী খাল পর্যন্ত) এবং ‘নওড়া-মেহের গোদা খাল’ খননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প দুটির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ রাখা হয়েছিল মোট ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ‘খদ্দের খাল’ খননে বরাদ্দ ছিল ৩ কোটি ৯ লাখ ২ হাজার ৪৭০ টাকা এবং ‘নওড়া-মেহের গোদা খাল’ খননে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। ​উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও নিবিড় তদারকির মাধ্যমে প্রকল্প কাজ সম্পন্ন শেষে দেখা যায়, নির্ধারিত লক্ষ্যের চেয়েও কম খরচে কাজ শেষ করা সম্ভব হয়েছে। খদ্দের খাল খননে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা এবং নওড়া-মেহের গোদা খাল খননে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ১৯৪ টাকা। দুই প্রকল্প মিলিয়ে মোট ব্যয়ের পর উদ্বৃত্ত থাকা অবশিষ্ট ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। ​শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান, প্রাথমিকভাবে প্রকল্প দুটির আওতায় ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা ও বাজেট ধরা হয়েছিল। তবে বাজেট সাশ্রয় করেও দক্ষতার সাথে আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারের মাধ্যমে বাস্তবে প্রায় ২১ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা সম্ভব হয়েছে। নারী শ্রমিকের অংশগ্রহণের নির্ধারিত শর্ত বজায় রাখার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক কাজ করায় একদিকে যেমন সময় বেঁচেছে, অন্যদিকে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।​উপজেলা প্রশাসনের এই নজিরবিহীন সততা, কর্মদক্ষতা ও অর্থ সাশ্রয়ের বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ ৮ আগস্ট শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা খাতুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সম্মানসূচক আমন্ত্রণ জানানো হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, অর্থ সাশ্রয় এবং প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রত্যক্ষ আলোচনা হয়।​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, সাধারণত উন্নয়ন প্রকল্পে বাজেট বৃদ্ধির প্রবণতা দেখা গেলেও শাহরাস্তিতে বরাদ্দকৃত টাকা বাঁচিয়ে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি কাজ করা এবং উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়ার ঘটনা সারাদেশে সরকারি প্রকল্প বাস্তবায়নে এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চ: ফরিদগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

মো. ইয়াছিন পালোয়ান :  আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।  বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীরা লিফলেটের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে দাওয়াত দেন। প্রচারণাকালে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে তারা জনসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন। এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এসময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মসজিদে আজানে বাধা দেওয়ার অভিযোগের মামলায় আলোচিত বাচ্চু মৃধা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মারামারি ও আজানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত বাচ্চু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক তাকে গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা গেছে।  পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেট জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মৃধা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বাচ্চু মৃধাকে একমাত্র বিবাদী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ২ জুলাই বিকেলে আসরের নামাজের সময় মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে বাচ্চু মৃধার সঙ্গে মুয়াজ্জিন আমির হোসেন, পেশ ইমামসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ২ থেকে ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।  এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বাচ্চু মৃধাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ঘোড়াশালা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও সেটু কুমার বড়ুয়া 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘোড়াশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি উক্ত স্কুল পরিদর্শনে যান।  পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।  এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, স্থানীয়দের মধ্যে মিজানুর রহমান পাটওয়ারী, আমজাদ রহমান, আব্দুর রহিম প্রমুখ।  বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানান ইউএনও। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে দেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

আজকের সংবাদ, খেলাধুলা, জাতীয়

তাওহীদ হৃদয়ের ইতিহাসগড়া ট্রিপল সেঞ্চুরি

মো. রাকিবুল ইসলাম : দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা এ-দলের বিপক্ষে পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচের চতুর্থ দিনে আগের দিনের ২০৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ এ-দলের অধিনায়ক হৃদয়। এরপর দারুণ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হৃদয়ের এই ইনিংস শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিই নয়, এটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেও বিশেষ এক মাইলফলক। এর আগে দেশের মাটিতে রকিবুল হাসান ৩১৩ এবং তামিম ইকবাল ৩৩৪ রান করে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। আরও চমকপ্রদ বিষয় হলো, হৃদয় নিজের আগের প্রথম শ্রেণির সর্বোচ্চ ২১৭ রান ছাড়িয়ে যান এই ইনিংসে। একই সঙ্গে বাংলাদেশ এ-দলের হয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের আগের রেকর্ড ২১৮ রানও পেছনে ফেলেন তিনি। হৃদয়ের এই দুর্দান্ত ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রেজাউর রহমান রাজা। বাংলাদেশ এ-দল যখন ৮ উইকেটে চাপে ছিল, তখন রেজাউরকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান হৃদয়। ট্রিপল সেঞ্চুরি পূরণের পরও তার ব্যাট থামেনি; ৩৩৩ রানে চা-বিরতিতে অপরাজিত ছিলেন তিনি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে হৃদয়ের এই ইনিংস বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল। দেশের বাইরে এমন দীর্ঘ ও ধৈর্যশীল ইনিংসের মাধ্যমে তাওহীদ হৃদয় নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

আজকের সংবাদ, প্রবাস, রাজনীতি

তারেক রহমানের জাতিসংঘে ভাষণ ঘিরে নিউ জার্সি বিএনপির প্রস্তুতি, ৯ সেপ্টেম্বর সভা

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ), আমেরিকার উদ্যোগে আগামী ৯ সেপ্টেম্বর আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।  একই সঙ্গে বিএনপির নেতা তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান এবং তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত নেতৃবৃন্দের মতবিনিময় সভাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বরের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন আফ্রিকা, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভায় তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর বক্তব্যকে ঘিরে নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সমন্বিতভাবে অংশগ্রহণের বিষয়েও মতবিনিময় করা হবে। আয়োজকরা জানান, তারেক রহমানের নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় কর্মসূচি নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে দলের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের বক্তব্য এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সম্ভাব্য মতবিনিময়কে সামনে রেখে এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। 

Scroll to Top