ভূমি মেলা ২০২৬ উপলক্ষে ফরিদগঞ্জে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজারে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বালিথুবা পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন খান নয়ন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, যুবদল নেতা নাজমুল কবির খান এবং মূলপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে এ আর এম জাহিদ হাসান বলেন, বর্তমানে ভূমিসেবা অনেক সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষকে দালালচক্র ও হয়রানি থেকে মুক্ত রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি ভূমি–সংক্রান্ত সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে প্রবাসী মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেন ঢাকায় অবস্থান করছিলেন এবং তার ছেলে প্রবাসে থাকেন। বাড়িতে একা ছিলেন তার স্ত্রী মোসাম্মদ খুর্শিদা বেগম। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। খুর্শিদা বেগম জানান, হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে ডাকাতরা তাকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। এরপর আলমারি ও ঘর তছনছ করে ডাকাতরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে আহত অবস্থায় খুর্শিদা বেগমকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।” তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর গৃহবধূ জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে মারধর করে। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিলুপ্ত-বিরল মাছের অনন্য সংগ্রহশালা চাঁদপুরের ফিশ মিউজিয়াম
নদীমাতৃক বাংলাদেশের মাছের বৈচিত্র্যকে জীবন্ত করে তুলেছে চাঁদপুরের ফিশ মিউজিয়াম। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গড়ে ওঠা এই সংগ্রহশালায় রয়েছে ইলিশসহ তিন শতাধিক মাছের নমুনা। হারিয়ে যেতে বসা নানা প্রজাতির মাছ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতনতা তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের ইলিশ ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে এই ফিশ মিউজিয়াম। দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত না হলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মৎস্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এখানে এসে মাছের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানছেন এবং গবেষণামূলক তথ্য সংগ্রহ করছেন। ‘বর্তমানে ফিশ মিউজিয়ামে ছোট-বড় মিলিয়ে ৩২৫টি জারে বিভিন্ন মাছ সংরক্ষিত রয়েছে। এগুলোর বেশিরভাগই নদী ও উপকূলীয় অঞ্চলের মাছ। গবেষণা ও শিক্ষা কার্যক্রমে সহায়তা করতেই মূলত এসব নমুনা সংরক্ষণ করা হচ্ছে’ স্থানীয়রা জানায়, এই ফিশ মিউজিয়াম শুধু একটি সংগ্রহশালা নয়, বরং দেশের নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ দলিল। ইলিশের শহর চাঁদপুরে গড়ে ওঠা এই অনন্য মিউজিয়াম ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের মৎস্যসম্পদের ইতিহাস ও বৈচিত্র্য তুলে ধরছে নীরবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৬২ সালে প্রথমবারের মতো এই ফিশ মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় মৎস্য বিভাগের পরিচালক মো. ইউসুফ আলী এবং কর্মকর্তা এ কে আতাউর রহমান দেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন। পরবর্তীতে সেই সংগ্রহ আরও সমৃদ্ধ হতে থাকে এবং ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ ফিশ মিউজিয়ামে রূপ নেয়। দীর্ঘ সময় ধরে সংরক্ষিত এ সংগ্রহশালাকে আধুনিক রূপ দিতে ২০২৩ সালে নতুন করে মিউজিয়ামটির সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হয়। বর্তমানে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ৩২৫টি বড় ও ছোট জার। প্রতিটি জারে কেমিক্যালের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণার প্রয়োজনে দেশের বিভিন্ন নদী, মোহনা ও সমুদ্র উপকূল থেকে মাছ সংগ্রহ করেন। গবেষণা কার্যক্রম শেষ হলে গুরুত্বপূর্ণ ও বিরল প্রজাতির মাছগুলো সংরক্ষণ করা হয় এই মিউজিয়ামে। ফলে এটি এখন শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং মৎস্য গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ভাণ্ডারে পরিণত হয়েছে। ‘১৯৬২ সালে প্রথমবারের মতো এই ফিশ মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় মৎস্য বিভাগের পরিচালক মো. ইউসুফ আলী এবং কর্মকর্তা এ কে আতাউর রহমান দেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন’ মিউজিয়ামে সংরক্ষিত মাছগুলোর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় মহাশোল, বিরল প্রজাতির জইয়া মাছ, রানি মাছ, চিতল, গারুয়া, তারা বাইম, মধু পাবদাসহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছ। এছাড়া সমুদ্রের হাঙর মাছ, ঝিনুক, বামশ মাছ, ইলিশ এবং বিভিন্ন মাছের ডিমও সংরক্ষণ করা হয়েছে বিশেষ পদ্ধতিতে। ‘১৯৬২ সালে প্রথমবারের মতো এই ফিশ মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় মৎস্য বিভাগের পরিচালক মো. ইউসুফ আলী এবং কর্মকর্তা এ কে আতাউর রহমান দেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন’ মিউজিয়ামে সংরক্ষিত মাছগুলোর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় মহাশোল, বিরল প্রজাতির জইয়া মাছ, রানি মাছ, চিতল, গারুয়া, তারা বাইম, মধু পাবদাসহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছ। এছাড়া সমুদ্রের হাঙর মাছ, ঝিনুক, বামশ মাছ, ইলিশ এবং বিভিন্ন মাছের ডিমও সংরক্ষণ করা হয়েছে বিশেষ পদ্ধতিতে। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দূষণ রোধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। নদী বাঁচলে দেশীয় মাছও বাঁচবে। কিন্তু নদী দূষিত হতে থাকলে একসময় এসব মাছ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তিনি বলেন, নদীর তীরে গড়ে ওঠা শিল্পকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং পৌরসভার বর্জ্য অবশ্যই পরিশোধনের মাধ্যমে অপসারণ করতে হবে, যাতে নদীর পানি দূষিত না হয়। একসময় যেসব দেশীয় মাছ সহজেই পাওয়া যেত, এখন সেগুলোর মধ্যে অধিকাংশই আর দেখা যায় না। কিছু প্রজাতি শুধু জাদুঘরে সংরক্ষিত অবস্থায় দেখা যাচ্ছে। ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে যারা ফিশারিজ বিষয়ে পড়াশোনা করছেন, তারা নিয়মিত এখানে আসেন। বাস্তবে মাছের বিভিন্ন প্রজাতি দেখে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারছেন এবং গবেষণার প্রতি আগ্রহী হচ্ছেন’ মিজানুর রহমান আরও বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম বাস্তবে নয়, শুধু জাদুঘরেই এসব মাছ দেখতে পাবে। আমরা তা চাই না। আমরা চাই সচেতনতার মাধ্যমে দেশীয় মাছসহ সব প্রজাতি সংরক্ষণ ও টিকিয়ে রাখতে, যাতে মানুষ বাস্তবেই এসব জীববৈচিত্র্য দেখতে পারে।
মাদককে না বলার প্রত্যয়ে পূর্ব কাছিয়াড়ায় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া কলেজ গেইটে মাদক বিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সন্ধ্যায় পূর্ব কাছিয়াড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন,ফরিদগঞ্জ প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। মাদক বিরোধী ও সচেতনতামূলক সভায় ফরিদগঞ্জ লেখক ফোরাম-এর সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছানাউল্লাহ পালোয়ান।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সুলতান আহমেদ পালোয়ান, জাহাঙ্গীর পালোয়ান, সাইফুল ইসলাম রামীম, বিল্লাল হোসেন খান, পারভেজ পালোয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার শপথ পাঠ করান। সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতার আলো ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজনের নেতৃত্ব দেন তরুণ সাংবাদিক মো: ইয়াছিন পালোয়ান, তরুণ সমাজসচেতন ব্যাক্তি মোঃ রাশেদ পালোয়ান, মোঃ শাহাদাত তফদার, মোঃ নাঈম হোসেন পালোয়ান প্রমুখ। তাদের এই উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীকেও একত্রিত করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজ সচেতনতা ও তরুণদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সচেতন সমাজই পারে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। পূর্ব কাছিয়াড়ার এই আয়োজন যেন অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে ওঠে।
পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। তিনি বলেন, আমরা চিরস্থায়ী নই। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্যই চিরস্থায়ী নয়। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক একটি বাংলাদেশ গড়তে চাই মন্তব্য করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই কথার সঙ্গে একমত পোষণ করবেন। আমি বিশ্বাস করি, একজন নাগরিক হিসেবে ইউনিফর্মে থেকেও আপনি একজন মানুষ হিসেবে এই আকাঙ্ক্ষার প্রতিফলন চাইবেন। একজন বাংলাদেশি হিসেবে এই কথাটি শুধু একটি স্লোগান নয়, আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, সারাদেশের মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা সরাসরি ভূমিকা রাখছেন। আপনাদের ওপর অর্পিত এই দায়িত্ব যদি সফলভাবে পালনে সক্ষমতার পরিচয় দেন, তবে আমি বিশ্বাস করি একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে আমরা একধাপ এগিয়ে যেতে সক্ষম হবো। তারেক রহমান বলেন, পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মকর্তা যে পজিশনেই দায়িত্বরত থাকুন না কেন, প্রশাসনের সকল পদে কাজ করার পেশাদার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় পোস্টিংয়ের প্রত্যাশা করলে তা পেশাদারিত্বের সঙ্গে আপস হয়ে যায়। নিজের চাহিদা অনুযায়ী পোস্টিং পেলে সাময়িকভাবে তুষ্ট হওয়া যায় ঠিকই, কিন্তু এটি প্রফেশনালিজমের পরিপন্থী। তাই আহ্বান থাকবে, যার যেখানে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই কাজটি গুরুত্বসহকারে পালন করুন। তবেই আমরা একটি দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন গড়ে তুলতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, কৌশলী ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের ওপর জনগণের আস্থা ও নির্ভরতা সৃষ্টি হলে ৫ আগস্ট পরবর্তী মব ভায়োলেন্স-এর মতো সমস্যাগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি বলেন, গত দেড়-দুই বছরে এমন অনেক পরিস্থিতি আপনারা দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার জনগণের কাছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। এই সরকার পুলিশ বাহিনীকে এমন এক রূপে দেখতে চায় যেখানে পুলিশ হবে সত্যিকারের জনবান্ধব এবং মানুষের আস্থার প্রতীক। সাধারণ মানুষ যেন পুলিশ প্রশাসনকে সরকারের দর্পণ বা আয়না হিসেবে দেখতে পায়। সুতরাং পুলিশ প্রশাসনের সাফল্য মানেই সরকারের সফলতা। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গঠনে আপনাদের ভূমিকা অপরিহার্য। বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে কোনো আপস করতে চায় না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় মুখ্য নয়; যে বা যারা অপরাধে লিপ্ত হবে, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল আপনাদের পরিচয় নয়, বরং আপনারাই আইনের রক্ষক। আপনারা রাষ্ট্র এবং জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির উন্নয়নের ফলে অপরাধের ধরণ পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরণ বদলে যাওয়ায় পুলিশের কাজের পরিধি অনেক বিস্তৃত হয়েছে। এটি এখন আর শুধু শহর বা জেলার সীমানায় সীমাবদ্ধ নেই; বরং ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এখন বৈশ্বিক বাস্তবতা। একারণেই প্রতিটি পুলিশ কর্মকর্তাকে আরও বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বিশ্বের যেকোনো দেশে সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ ও নিরপেক্ষ পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই। সরকার পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল নীতি। এই নীতি বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পুলিশের দায়িত্ব যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং দিন-রাত এমনকি ছুটির দিনেও কাজ করতে হয়, তাই পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আইনগত ও মানবিক হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে আপনাদের উল্লেখযোগ্য সময় ব্যয় করতে হয়, যা দায়িত্বেরই অংশ। বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়। তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদ-এর প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।
চাঁদপুরে শ্রেষ্ঠ ইমাম শাহী জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ে বুধবার (৬ মে ২০২৬) দিনব্যাপী জেলা শ্রেষ্ঠ ইমাম বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে দু ক্যাটাগরিতে ৬জনকে নির্বাচিত করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে তিনজন করে নির্বাচিত হয়ে ২৪জন জেলা পর্যায়ে অংশ নেন। চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ ‘ক’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন। তিনি হাইমচর কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ। তিনি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৩ সালে কামিল হাদিস বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন এবং ওই বছরই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে ইমাম প্রশিক্ষণ করেন। এছাড়া ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশ নিতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অংশ নিবেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে তিনজনকে নির্বাচিত করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিতদের নগদ পঁচিশ হাজার টাকা এবং ক্রেস্টসহ বিদেশে ভ্রমণের ব্যবস্থা করা হয় ধর্ম মন্ত্রণালয় থেকে। এদিকে মাওলানা মো. আব্দুল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই সম্মান দ্বীনের একজন দাঈ হিসেবে তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলে তিনি মনে করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
চাঁদপুরে যুবক হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেল পাটওয়ারী (২৫) হত্যা মামলায় প্রধান আসামি মো. বশিরকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বশির রহমতপুর আবাসিক এলাকার ২১ নম্বর বাসার মৃত তাজুল ইসলাম মেম্বারের ছেলে। নিহত মোজাম্মেল একই এলাকার ৯৬ নম্বর বাসার বাসিন্দা সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, বশির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোজাম্মেলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর বশির সন্দেহ করেন, মোজাম্মেলই তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। পরে জামিনে বের হয়ে ২০১২ সালের ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির সামনে মোজাম্মেলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বশির ও তার পরিবারের সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ২১ ডিসেম্বর রাত ১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন ২২ ডিসেম্বর নিহতের মা মরিয়ম বেগম চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বশিরকে এবং সহযোগী আসামি হিসেবে তার ভাই মো. নাছির, মো. মামুন, মো. মহিসন ও মা মনি বেগমকে অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ আগস্ট তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক কামাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কুহিনুর বেগম জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর আসছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। এদিকে তার এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বিশাল জনসভায় যোগ দেবেন। এদিকে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা আশা করছেন। প্রস্তুতির অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি। শেখ ফরিদ জানান, সবশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। আর এখন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন এটি আমাদের জন্য গর্বের ও আবেগের বিষয়। আমরা চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
চাঁদপুরের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
সয়াবিন তেল মজুতের দায়ে চাঁদপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলের সয়াবিন তেল মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মে) নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বোতলের সয়াবিন তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।









