২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, রাজনীতি

একতরফা নির্বাচন দেখতে চাই না: সিইসি

প্রতিবেদক, ঢাকা: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, অতীতে একতরফা ও গায়ের জোরে নির্বাচন করে দেশের বারোটা বাজানো হয়েছে। আমরা একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না। রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আমার জীবনে ব্যর্থতা নেই। চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। জীবনে কঠিন দায়িত্ব পালন করেছি। সারাদেশ ঘুরে বেড়িয়েছি। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আছে। দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিলাম। এখন নিত্যনতুন চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করবো। তিনি আরও বলেন, ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোটকেন্দ্রে আনবো। আমরা খাস নিয়তে ওয়াদা পালন করবো। আমাদের চ্যালেঞ্জ একটিই- ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন। এসময় অন্য চার কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এদিন দুপুরে সিইসিসহ অন্য চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন। এরপরই তারা নির্বাচন কমিশন ভবনে যান। রাষ্ট্রপতির নির্দেশে গত ২১ নভেম্বর নতুন ইসি গঠন করা হয়। এদিন দুপুরে সিইসিসহ অন্য চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন। এরপরই তারা নির্বাচন কমিশন ভবনে যান। রাষ্ট্রপতির নির্দেশে গত ২১ নভেম্বর নতুন ইসি গঠন করা হয়।

Sarjis Alam
আজকের সংবাদ, রাজনীতি

ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে: সারজিস আলম

ডেস্ক: ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার ২০ নভেম্বর চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান স্ট্রেট কাটে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় কথা বলেন রাজনীতি, কৃষিসহ নানা বিষয় নিয়ে। পরে দেখা করেন কৃষিতে গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে। সারজিস আলম বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবে রাজনীতি করতে দেয়া হবে না। এসময় রাজনৈতিক স্থিতিশীলতায় ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত বলেও জানান সারজিস আলম। আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে দ্বিতীয় অভ্যুথান হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কৃষি ক্ষেত্রে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ এবং ছাদ কৃষি অপরিসীম ভূমিকা রেখেছেন জানিয়ে সারজিস আলম বলেন, তরুণরা কৃষিতে এগিয়ে আসলে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

M A Hannan
আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

এক কুচক্রি আমার মনোনয়ন ছিনতাই করেছে : এমএ হান্নান

ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়নের বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ‘গত তিন দশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপির আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের প্রতিকে দলীয় মনোনয়ন দিলেও এক কুচক্রি আমার মনোনয়ন ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন, বিএনপির কর্মীরা গত ১৭ বছরে মামলা হামলার শিকার হলেও ওই ব্যক্তি আজ পর্যন্ত একটি মামলার শিকার হয়নি। তার কারণ তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন এবং এখনো চলেন। আপনারা এই ব্যক্তির বিষয়ে সর্তক থাকবেন। তিনি ছাড়া বিএনপির দলীয় মনোনয়ন যিনিই পাবেন, আমি কথা দিচ্ছি আমি তার জন্য কাজ করবো।’ সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে ফরিদগঞ্জ প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র সভা সমাবেশ করছি। আরেকটি বড় কারণ হলো প্রতিটি ওয়ার্ড থেকে আমরা বিএনপিকে চাঙ্গা এবং নেতাকর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমার প্রচেষ্টা আজ থেকে শুরু হয়নি। ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক কাউছার আহমেদ হৃদয়ের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, মাসুদ আলম,যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Uncategorized

আজ তারেক রহমানের জন্মদিন

 ডেস্ক: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ বছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির। তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার ডাকনাম পিনো। তিনি ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। তবে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি। এরপরই দেশব্যাপী দলের মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন।

আজকের সংবাদ, রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’। মঙ্গলবার (১৯ নভেম্বর রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সব কার্যক্রম চলমান রাখবো। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। এখন সময় এসেছে সবাই একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসের সর্বোচ্চ উন্নতির সাধনে আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা রাখি।’ সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘জাতীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর দেখা যায়নি। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মনমতো কাজ করতে পারে না। আমাদের এই সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাচ্ছি। আমাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণ ও ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে। আমরা ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবো। সেই লক্ষ্যেই কাজ শুরু করলাম।’

মালয়েশিয়া
আজকের সংবাদ, প্রবাস

মালয়েশিয়ায় প্রবাসীদের মারধরের ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে স্থানীয় নিরাপত্তাকর্মী দ্বারা প্রবাসী বাংলাদেশিদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২০ নভেম্বর) হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। বিবৃতিতে বলা হয়, পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রতিদিন হাজার হাজার সেবাপ্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন। ধারণক্ষমতার বাইরে সেবাপ্রত্যাশীদের উপস্থিতির কারণে সেবাপ্রদানসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিপুল সংখ্যক সেবাপ্রত্যাশীদের আগমন ইএসকেএল এবং তার আশপাশের এলাকার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতিতে প্রভাব ফেলছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় সেবাপ্রত্যাশীদের এই নম্বরে (০৩৯২১২০২৬৭) কল করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট সেবা নিতে ইএসকেএলে আসার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী। গভীর রাত থেকেও অপেক্ষমাণ থাকছেন অনেকে। সেবাপ্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তাকর্মীর মারধরের শিকার হন সেবা নিতে যাওয়া বাংলাদেশিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন।

BD govt job
আজকের সংবাদ, জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ

ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অধ্যাদেশটি সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়, যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। ‘এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হবে।’ এতে আরও বলা হয়, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, রাষ্ট্রপতির আদেশ, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, সংবিধি, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যা কিছুই থাকুক না কেন (ক) বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। (খ) বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। (গ) স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রয়েছে, সর্বত্র উক্ত বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হবে। (ঘ) প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমাত, প্রবিধানমালা বহাল থাকবে।’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে।’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমার জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়।

আজকের সংবাদ, লাইফস্টাইল, স্বাস্থ্য

শীতে ত্বকের যত্ন নিবেন কীভাবে?

ডেস্ক: শীতে ত্বকের প্রয়োজন আলাদা যত্ন। কারণ এ সময় হাত-পায়ের চামড়ায় টান ধরছে। পায়ের গোড়ালি পেটে যায়। ত্বক শুষ্ক হয়ে থাকে। এ সময় ত্বকের যত্ন না নিলে পরবর্তীতে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই শীতকালে ত্বকের দেখভালের জন্য যেমন সঠিক পণ্য বেছে নেওয়া দরকার, তেমনই সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। নাহলে শুষ্ক ত্বক, একজিমা, সোরিয়াসিসের সমস্যা বাড়বে। এ শীতে কী কী বিষয় মাথায় রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক- হাইড্রেশন শীতে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এ সময় ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বককে হাইড্রেটেড রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বেশি করে পানি খান শুধু ময়েশ্চারাইজার মেখে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যাবে না। তাই ময়েশ্চারাইজারের পাশাপাশি ত্বক সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে দৈনিক ৮ গ্লাস পানি পান করা উচিত। এক্সফোলিয়েশন জরুরি শীতকালে ত্বক অনেক বেশি রুক্ষ ও নিস্তেজ দেখায়। ত্বকের জেল্লা বাড়ানোর জন্য এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু শীতকালে ত্বক খুব বেশি এক্সফোলিয়েট করে ফেললে সমস্যায় পড়বেন। চেষ্টা করুন হাল্কা এক্সফোলিয়েট ব্যবহার করার। ল্যাকটিক এসিড, গ্লাইকোলিক এসিড বা স্যালিসিলিক এসিডের মতো উপাদানও ব্যবহার করতে পারেন ত্বক এক্সফোলিয়েশনের জন্য। সানস্ক্রিন মাখুন শীতকালে রোদের তেজ কম থাকে। তা বলে সানস্ক্রিন মাখা বন্ধ করবেন না। সূর্যের ইউভি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। শীতে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। লিপ বাম মাখুন শীতে অন্যতম একটি সমস্যা হলো ঠোঁট ফেটে যাওয়া। এই সমস্যা এড়াতে হলে প্রতিদিন লিপ বাম মাখুন। হাতের কাছে সব সময় পেট্রোলিয়াম জেলি, লিপ বাম রাখুন। সঠিক পণ্য বেছে নিন ত্বক পরিষ্কারের জন্য হাল্কা ক্লিনজ়ার, গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার, প্রাকৃতিক তেল রয়েছে এমন পণ্য বেছে নিন। এতে ত্বকের কোনো ক্ষতি হবে না।

অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

‘ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক, ভালোর দিকে যাচ্ছে’

ডেস্ক: কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। তিনি বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। অনিয়ম-দুর্নীতিতে পর্যুদস্ত সব খাত। আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর ও ডেপুটি গভর্নর আটকে দিতেন। তাদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো। সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন-ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

Scroll to Top