২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

খেলোয়াড়দের পক্ষে ফরিদগঞ্জের বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : বদলিজনিত কারণে বিদায়ী ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করেছেন উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সকল খেলোয়াড়ের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলোয়াড়দের পক্ষে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আনোয়ার হোসেন সজীব, মোহাম্মদ উল্লাহ আল আমিন, জিয়াউর রহমান জিয়া, খলিলুর রহমান, সোহাগ ও মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় খেলোয়াড়রা বলেন, স্বল্প সময়ের দায়িত্ব পালন করলেও সেটু কুমার বড়ুয়া ক্রীড়াঙ্গনসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর সময়ে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ও উৎসাহ প্রদান করায় খেলোয়াড়দের মধ্যে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। সেটু কুমার বড়ুয়ার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শেষ কর্মদিবস ছিল রোববার। ইউএনওর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেছেন। জানা গেছে, বদলির পর সেটু কুমার বড়ুয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

Uncategorized, আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪১ কিশোর আটক, পরিবারের মুচলেকায় মুক্তি

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ একদল সঙ্গীয় পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডার স্থানগুলোতে অভিযান চালান। এ সময় সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাঘুরি ও আড্ডায় লিপ্ত থাকা ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। নিজ নিজ সন্তানদের সার্বক্ষণিক তদারকি করা এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না পাঠানোর লিখিত মুচলেকা নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়। অভিযান ও সচেতনতা সৃষ্টির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, কিশোরদের যেকোনো অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দায়িত্বশীল করার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আটক কিশোরদের সতর্ক করে ওসি আরও বলেন, কিশোর বয়সে সন্ধ্যার পর তোমাদের পড়ার টেবিলে থাকার কথা, অথচ তোমরা বাইরে অযথা আড্ডা দিচ্ছ। ভবিষ্যতেও যদি সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসনের এমন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা।

আজকের সংবাদ, সর্বশেষ

টাকা ভাংতি না দেয়ায় পেট্রোলবোমায় দোকান পুড়িয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  রাজশাহীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় আব্দুল বারী (৮০) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে পেট্রলবোমা মেরে তার দোকানটিও পুড়িয়ে দেওয়া হয়। টাকা ভাঙিয়ে (খুচরা করে) না দেওয়ার জের ধরে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী বাকীর মোড় এলাকার বদরুল সরকারের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর চন্ডীপুর এলাকার কিছু বখাটে যুবক বাকীর মোড় এলাকায় মাদক সেবন করতে আসে। এ সময় তারা টাকা খুচরা করতে আব্দুল বারীর দোকানে যায়। কিন্তু খুচরা টাকা নেই বলে জানালে তারা উত্তেজিত হয়ে আব্দুল বারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে রাত পৌনে ১টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে এসে তার দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আব্দুল বারীর বাড়ির সামনে থাকা মুদিদোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রলবোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত দোকানির মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা হবে। 

অর্থনীতি, আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  চাঁদপুরের ফরিদগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনে এ কর্মশালার আয়োজন করা হয়।  কর্মশালায় আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং সেবার নিরাপদ ব্যবহার, ডিজিটাল লেনদেন এবং আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পিত সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুমিল্লার আরএম ও আরএইচ মো. নাদিয়াল মঈন চৌধুরী।  ডাচ্-বাংলা ব্যাংকের এসএম মো. মেশকাতুল ইসলামের সঞ্চালনায় ব্যংকের এসসিএম চাঁদপুর এমবি ও এবি লিটন কুমার দাস সভাপতিত্বে ব্যাংকের আরএম (রকেট) শামসুল আরেফিন। এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ডাচ বাংলা ব্যাংক এজেন্ট আউটলেট শাখার ডিরেক্টর মো. রাসেল খান, ফরিদগঞ্জ ডাচ বাংলা ব্যাংক ইনচার্জ ও সাব ব্রাঞ্চ  ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়া কামতা এজেন্ট ব্যাংকিং আউটলেটের ম্যানেজার মোহাম্মদ নুরুন্নবী মাসুদ, চৌরঙ্গী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক মো. জামিল, নয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ, বেড়িরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক মোহাম্মদ নাসির প্রমুখ উপস্থিত ছিলেন। 

আজকের সংবাদ, আন্তর্জাতিক, প্রবাস, ফরিদগঞ্জ

কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী গ্রেফতার 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  মাদকদ্রব্য রাখা ও বিতরণের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কুয়েতের হাওয়ালি প্রশাসনের নিরাপত্তা অধিদপ্তর। মাদক ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের ভেহিকেল অপারেশনস সেকশনের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখতে পান। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ যে, তিনি মাদকদ্রব্য বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে সেই স্থানগুলোর অবস্থান ক্রেতাদের জানিয়ে মাদক সরবরাহ করতেন। তিনি আরও জানান, সালমিয়ায় তার বাসায়ও মাদকদ্রব্যের আরও একটি মজুত রয়েছে। পরে নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ওই বাসায় অভিযান চালান। সেখানে তল্লাশি করে অতিরিক্ত মাদকদ্রব্য ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে মোট ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, মাদক ব্যবহারের চারটি সরঞ্জাম এবং একটি নির্ভুল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং জব্দ করা সব সামগ্রী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।  কুয়েতে মাদকসহ গ্রেফতারকৃত এই ব্যক্তি হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী। কুয়েতের সালমিয়া এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’ বিস্তারিত জানিয়েছে। 

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন মেম্বার প্রার্থী নাসরুল্লাহ

মো. সোহেল রানা :  চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ উদ্যোগে এলাকার চলাচলের রাস্তা সংস্কার করেছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী নাসরুল্লাহ খান রাসেল। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন গাব্দেরগাঁও হাজী বাড়ি সংলগ্ন রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য সংস্কারের উদ্যোগ নেন ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীসহ জামাতের দায়িত্বশীলরা।  এ বিষয়ে নাসরুল্লাহ খান রাসেল বলেন, আমাদের এলাকার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় পাশে থাকব। জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।   এ কাজে আরও অংশ নেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আ. গনি, সেক্রেটারি মাওলানা ইমরান-সহ স্থানীয় নেতৃবৃন্দ।  এদিকে এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছে মেম্বার প্রার্থী নাসরুল্লাহ। ভবিষ্যতে এই সমাজের জন্য তিনি আরো ভালো কিছু দিবেন বলেই তাদের প্রত্যাশা। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

টিটু হোসেন :  চাঁদপুরের ফরিদগঞ্জের দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ খ্রিস্টাব্দে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঐতিহ্যবাহী ৬৩নং দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়চারা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মাহাফুজ হোসেন রাব্বানীর সঞ্চালনায় এবং দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাঈনউদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোস্তফা ভূঁইয়া রুবেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম সাগর।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিএমপির উপ-পরিদর্শক (পুলিশ) এম. সাইফুল ইসলাম কল্যাণ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজার আব্দুল বারেক, জেলা ও দায়রা জজ আদালত ঢাকার এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, ঢাকা জর্জকোর্টের অ্যাডভোকেট সোহাগ মিয়া, লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহশিক্ষা ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বৃত্তি পরীক্ষার মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। দায়চারা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

গাব্দেরগাঁওয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

টিটু হোসেন :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাউতলি বনাম ভোট স্কুল। ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আক্তার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়াপ্রেমী আব্দুল আল মামুন, ফরহাদ, আব্দুল আজিজ জিন্নাসহ এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।  আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং এলাকায় একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালি ও নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ। গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে– এমন প্রত্যাশা আয়োজক ও উপস্থিত অতিথিদের।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

আমার সুখে-দুঃখে সবসময়ই ফরিদগঞ্জ থাকবে—বিদায়ী ইউএনও ফরিদগঞ্জ 

কেএম নজরুল ইসলাম : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।  এসময় তিনি বলেন, “ফরিদগঞ্জের মানুষের সাথে আমার আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর তার সেতুবন্ধন তৈরি হয়েছে সাংবাদিকদের কল্যাণেই। ফরিদগঞ্জের সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি প্রশাসনিক কার্যক্রম চালাতে গিয়ে। আমি সবসময়ই ফরিদগঞ্জকে ‘আমাদের ফরিদগঞ্জ’ বলেই সম্বোধন করেছি। আমার সুখে-দুঃখে সবসময়ই ফরিদগঞ্জ থাকবে। এই ফরিদগঞ্জ আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। এতবড় একটা উপজেলায় আমি চাকরি করতে পারব, কখনো কল্পনা করিনি। আমি সর্বদাই আপনাদের সহযোগিতা পেয়েছি; এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তা স্বাভাবিকভাবেই বদলি হবে। আমি শুধু আমার ওপর অর্পিত সরকারি দায়িত্বটুকু পালন করব। ফরিদগঞ্জ এলাকাটা যেহেতু বড়, সেহেতু এর সমস্যাগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসেছিলাম এখানে। স্বভাবতই এই এলাকার কালচার সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তবুও নির্বাচনটি সুন্দরভাবেই আমরা করতে পেরেছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমাকে যেভাবে সহযোগিতা করেছেন; ঠিক সেভাবেই আমার পরবর্তী কলিগকে সহযোগিতা করবেন। আশা করি এই ফরিদগঞ্জের উন্নয়নে সর্বাত্মক কাজ আপনারা পাবেন।”  ইউএনওর বিদায়ী সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস সোবহান লিটন।  অনুষ্ঠানে বক্তারা ইউএনও সেটু কুমার বড়ুয়ার ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেফতার হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

‎মো. ইয়াছিন পালোয়ান :  ‎চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতি পর্বের পর অনুষ্ঠানে একাদশ শ্রেণির সকল নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। ‎এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। পরে কলেজের ডিগ্রি শাখা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ। ‎তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। মাদক, ইভটিজিং ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খান ও গণিত বিভাগের প্রভাষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম মেজবাহ উদ্দিন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরীফ মো. আব্দুল কুদ্দুস, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক নিঝুম সাহা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, মো. আব্দুল হান্নান শেখ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. আকরাম হোসেন। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শাহিনা আক্তার, রাশেদ আহমেদ মুরাদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, রোমানা সুলতানা, মো. আনিছুর রহমান মজুমদার ও কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. মোবারক হোসাইন মোল্লা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

গৃদকালিন্দিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় জাতীয় মেধায় ৬ষ্ঠ 

আবদুল বাতেন : লক্ষ্মীপুরের রায়পুরের কৃতী সন্তান ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. মহিউদ্দিন রুমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ২০২৫ সালের পরীক্ষায় জাতীয় মেধায় ৬ষ্ঠ স্থান অর্জন করে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত রুমান ২০২০ শিক্ষাবর্ষে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে ভর্তি হন। এর আগে তিনি রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এইচএসসিতে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭তম স্থান অর্জন করে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন মহিউদ্দিন । ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্পন্ন করে বর্তমানে একই বিভাগের এলএলএমে অধ্যয়নরত রয়েছেন। মো. মহিউদ্দিন রুমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মো. সদুমিয়া ও তাছলিমা বেগমের ছেলে। মহিউদ্দিনের সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সাফল্যের অনুভূতি জানিয়ে মো. মহিউদ্দিন রুমান বলেন, আমার এই সফলতা কোনো একক প্রচেষ্টার ফসল নয়। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও অনুপ্রেরণা আমাকে সবসময় উৎসাহিত করেছে। আমি সবার কাছে দোয়া চাই।  রুমানের এ অর্জনে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার সাফল্য ভবিষ্যতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Scroll to Top