২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতামূলক মহড়া 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর উপজেলা প্রশাসন ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আতঙ্ক নয়, প্রয়োজন পূর্বপ্রস্তুতি। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে দুর্যোগের সময় কী করণীয়, তা সম্পর্কে জানতে হবে। ফায়ার সার্ভিসের দেওয়া মহড়া আমাদের বাস্তব জীবনে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে। দুর্যোগ থেকে বাঁচতে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দুর্যোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারর মো. আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আজকের সংবাদ, চাঁদপুর, সর্বশেষ

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের সাফল্য 

ফাতেমাতুজ জান্নাত :  চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছয়টি পুরস্কার অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চাঁদপুর শাখার শিক্ষার্থীরা। কিরাত, হামদ-নাত ও আজান—এই তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে মাদরাসাটির চার শিক্ষার্থী এ সাফল্য অর্জন করে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিরাতের ‘ক’ গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রথম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুস্তাফিজ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশফাক এলাহী দ্বিতীয় স্থান লাভ করে। হামদ-নাতের ‘খ’ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহমাদ বিন কবির দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আজান প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে আব্দুল্লাহ আল মামুন এবং ‘খ’ গ্রুপে ইশফাক এলাহী দ্বিতীয় স্থান অর্জন করে। মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইসলামী সংস্কৃতি চর্চা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন এ ধরনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মো. সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর সদরের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

ফরিদগঞ্জ খাদ্যগুদামের অনুমতি ছাড়াই গাছ কেটে নিলো প্রহরী

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা খাদ্যগুদামের পূর্ব পাশে সীমানাপ্রাচীর সংলগ্ন দুটি কাঁঠালগাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ উঠেছে গুদামের প্রহরী ফরিদের বিরুদ্ধে। প্রহরী ফরিদ নিজেই গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, তিনি লাকড়ির জন্য গাছ দুটি কেটেছেন।  সরেজমিনে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলা খাদ্যগুদামের পূর্ব পাশে সীমানা প্রাচীর সংলগ্ন দুটি কাঁঠালগাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে খাদ্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গাছ দুটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের প্রহরী ফরিদ বলেন, “আমি লাকড়ির জন্য গাছ দুটি কেটেছি।” তিনি আরও স্বীকার করেন, “কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছ দুটি কেটেছেন।”  এ বিষয়ে ফরিদগঞ্জ খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক  মো. জামাল উদ্দিন বলেন, “বিষয়টি আগে জানতাম না। আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং ঘটনাটি দেখেছি। এ বিষয়ে নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বলেন, “আমি বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, “আমি এখন আপনার মাধ্যমে জানতে পেরেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”  সরকারি প্রতিষ্ঠানের গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তারা।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

নবজাতকদের উপহার সামগ্রী প্রদান করেছে চান্দ্রা বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা 

টিটু হোসেন :  গ্রাহকসেবার পাশাপাশি পারিবারিক আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগি করে নিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চান্দ্রা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে আরডিএস (RDS) বিনিয়োগ গ্রাহকদের নবজাতক সন্তানদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ গ্রাহকদের পরিবারের নতুন অতিথিদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করা হয়। নবজাতকদের জন্য উপহার সামগ্রী প্রদান গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং সম্পর্ককে আরও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চান্দ্রা বাজার এজেন্ট আউটলেটের প্রোপাইটর জনাব মোক্তার আহম্মদ খন্দকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবাকে আরও মানবিক ও গ্রাহকবান্ধব করে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্রাহকসেবার পাশাপাশি গ্রাহকদের পারিবারিক আনন্দে অংশীদার হওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন ব্যাংকের গ্রাহকরা। 

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী দিলেন পাইকপাড়া দক্ষিণের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল 

টিটু হোসেন : তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম পারভেজ।  পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ফুটবল খেলার জন্য বুট জুতা উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের গ্রাম ও নিজ বাড়ির ছোটদের আবদারে তাদের হাতেও তুলে দিয়েছেন ফুটবল ও জার্সি। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই তার এই উদ্যোগ। তিনি মনে করেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। তরুণদের ভালো কাজে উৎসাহিত করার জন্য সামান্য কিছু করতে পারলেও নিজের কাছে অনেক আনন্দ লাগে। তাদের মুখের হাসি ও খেলাধুলার প্রতি আগ্রহ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা যদি নিজ নিজ অবস্থান থেকে তরুণদের খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে স্থানীয় পর্যায়ে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি, নতুন খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক পথে এগিয়ে নিতে প্রয়োজন পরিবার, সমাজ ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল, অপরাধের পরিবর্তে খেলাধুলা—এমন ইতিবাচক প্রত্যাশা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার এই উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে কতটা ভূমিকা রাখবে, তা নির্ভর করবে ভবিষ্যতে এমন কার্যক্রমের ধারাবাহিকতা ও সম্প্রসারণের ওপর।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

বিএনসিসির নতুন ক্যাডেট নিয়োগ পরীক্ষা হয়েছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ২০২৬ ব্যাচের নতুন ক্যাডেট নিয়োগ পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের অধীনে পরিচালিত কলেজটির বিএনসিসি প্লাটুনের নতুন ক্যাডেট নিয়োগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলেজের একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, ধৈর্য ও সহনশীলতা যাচাইয়ের জন্য উচ্চতা পরিমাপ, পুশ-আপসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন কলেজের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রভাষক মাঈন উদ্দিন গাজী এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োজিত সামরিক প্রশিক্ষক মো. নাজিম আহমেদ (স্টাফ সার্জেন্ট)। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাদের কলেজের বিএনসিসি প্লাটুন ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ প্লাটুনের ক্যাডেটরা প্রতিবছর বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা বিকাশের পাশাপাশি দেশসেবার এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।” কলেজের পিইউও প্রভাষক মাঈন উদ্দিন গাজী বলেন, “সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত, যোগ্য ও আত্মবিশ্বাসী তরুণদের বেছে নিচ্ছি। বিএনসিসির প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আজকের সংবাদ, জনদুর্ভোগ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, ভারী যানবাহন ঢুকলেও নির্বিকার প্রশাসন 

মো. ইয়াছিন পালোয়ান :  ফরিদগঞ্জ বাজারে ভারী যানবাহন প্রবেশে পৌরসভার নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে একটি ভারী পণ্যবাহী গাড়ি। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, যাত্রী ও সাধারণ মানুষ। এ ঘটনায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পৌরসভার জারি করা জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজার এলাকায় পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন প্রবেশ এবং পণ্য লোড-আনলোড নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে বাজারজুড়ে মাইকিং করে বিষয়টি জানানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মালবাহী গাড়িটি বাজারে প্রবেশ করে। এতে বাজারের যাত্রীবাহী যান চলাচল ব্যাহত হয় এবং অসংখ্য মানুষ যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন।  পৌরসভার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে নিষিদ্ধ সময়ে ভারী গাড়ি বাজারে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ঘাটতি রয়েছে কী না—সে প্রশ্নও উঠছে। তাহলে কি পৌরসভার নিষেধাজ্ঞা শুধু বিজ্ঞপ্তি আর মাইকিংয়েই সীমাবদ্ধ, নাকি বাস্তবে তা কার্যকর করতে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে?

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, সর্বশেষ

অভিনয়ে জেলায় প্রথম গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের আরিশা যাচ্ছে বিভাগে

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় বিভাগে চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জের ক্ষুদে শিক্ষার্থী আরিশা ইসলাম জারিন। জেলা পর্যায়ে সেরা হয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।  আরিশা ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আরিশা ইসলাম জারিন ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের পরান বেপারী বাড়ির জহিরুল ইসলাম ও তাছলিমা আক্তারের একমাত্র মেয়ে। রোববার (১১ অক্টোবর) চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্য সচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩, ৪ ও ৫ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে আরিশা ইসলাম জারিন। নির্বাচিত প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে উপজেলা পর্যায়ের অভিনয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে আরিশা।  ধারাবাহিক এ সাফল্যে আরিশাকে তার শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।   আরিশার এ গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান। গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, গত ৩১ বছর ধরে এ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। তিনি আরও জানান, একই প্রতিযোগিতায় মাদ্রাসা শাখা থেকে তিনটি বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারাও জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে। 

আজকের সংবাদ, চাঁদপুর, জাতীয়

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ক্ষুদে শিল্পী নাজিয়ার দুটি সাফল্য 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : জাতীয় পর্যায়ের দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী নাজিয়া বিনতে নজরুল। ‘গানের বুলবুল’ প্রতিযোগিতায় দশম এবং সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অষ্টম স্থান অর্জন করেছে ঢাকার হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের এই ক্ষুদে শিক্ষার্থী। গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বপ্নসিঁড়ির আয়োজনে ‘গানের বুলবুল’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর ভিডিও বাছাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ২৩ জনকে নির্বাচিত করা হয়। চূড়ান্ত পর্বে সরাসরি অংশ নিয়ে নাজিয়া সেরা দশে দশম স্থান অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এদিকে, গত ১০ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে ক্বেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায়ও অংশ নিয়ে নাজিয়া সেরা দশে অষ্টম স্থান অর্জন করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরী দক্ষিণের ১৩টি জোনের মাধ্যমে চারটি গ্রুপে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ২২৪ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। দুই বিষয়ে চারটি করে গ্রুপ থেকে মোট ৮০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, শিল্পী সাইফুল্লাহ মানছুর, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও সম্পাদক জাকির আবু জাফর এবং শিল্পী তাফাজ্জল হোসেন খানসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। নাজিয়া বিনতে নজরুলের বাবা মো. নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে রিলিজিয়ন কাউন্সেলিং অফিসার হিসেবে কর্মরত। অল্প বয়সেই জাতীয় পর্যায়ের দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপযুক্ত পরিচর্যা, নিয়মিত অনুশীলন ও পরিবারের উৎসাহ পেলে নাজিয়া ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনে আরও ভালো করবে। তার এ সাফল্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

জেলা পর্যায়ে ডে-ক্যাম্প সম্পন্ন করল ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের ৫ রোভার

মো. ইয়াছিন পালোয়ান :  বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের আয়োজনে জেলা পর্যায়ে একদিনের ডে-ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের পাঁচজন রোভার।  শনিবার (১০ অক্টোবর) চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রাঙ্গণে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উপলক্ষে আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভাররা স্কাউটিংয়ের অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়। দিনব্যাপী ক্যাম্পের কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। স্কাউটিংয়ের মূল লক্ষ্য অনুযায়ী শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের ডে-ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের পাঁচজন রোভারের এ অংশগ্রহণ ইউনিটটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে প্রশিক্ষণ শুরু

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ও ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত মোট ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ১২ অক্টোবর থেকে তথ্য সংগ্রহকারীরা উল্লিখিত দুই ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুমারি কার্যক্রম শুরু করবেন। পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে উপজেলার অবশিষ্ট ইউনিয়নগুলোতেও শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণ শুরু হবে।

আজকের সংবাদ, চাঁদপুর, সর্বশেষ

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে—এমপি মানিক

মো. আক্তার হোসেন, হাইমচর :  চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”  শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।”  সংসদ সদস্য বলেন, “পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে উৎসবের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”  হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Scroll to Top