২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, রাজনীতি

বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর মহিলা দল নেত্রী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে বহিষ্কার হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে নায়লার বহিষ্কারের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য নায়লা বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নায়লা ইসলামের অনুসারীরা। হুমকির শিকার নয়লা আক্তার সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন। শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাহউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

আজকের সংবাদ, রাজনীতি

“বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত”

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক/এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ‘ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে)।’ তিনি আরও লেখেন, ‘আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেবো না। আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।’ ‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়ত সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজী হয় নাই।’ ‘কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে।’ ‘ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে।’ ‘এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র।’ ‘আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এ রকমভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থি লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে।’ ‘রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্রবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেবো।’ ‘আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায় এই ‌‘জাতীয় ঐক্য’ লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো! বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।’ ‘আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে। বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।’

আজকের সংবাদ, জাতীয়

চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে ৩টি

নিজস্ব প্রতিবেদক: চলছে জানুয়ারি মাসের শেষ দশক। মাস শেষ হতে বাকি মাত্র ৭ দিন। জানুয়ারি মাসে শীতের যে চিরায়ত রূপ, সেটি এবার দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে কিছু কিছু জায়গায় এবার শীতের প্রকৃত চরিত্র নেই। চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে ৩টি। তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি ৭ দিন কেমন যেতে পারে সে বিষয়ে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফেব্রুয়ারি মাসে শীত কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ফেব্রুয়ারি মাসে সাধারণত জানুয়ারি মাসের চেয়ে তাপমাত্র বেশি থাকে। মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে, তাহলে শীত বাড়তে পারে। নতুবা ১০ তারিখের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। আগামীকাল শুক্রবারের পূর্বাভাস নিয়ে তিনি বলেন, ঘন কুয়াশা থাকতে পারে। এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।\

farry
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা কেটে যাওয়ায় দীর্ঘ ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার (২২ জানুয়ারি) রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালবেলাকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে প্রচুর কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।

আজকের সংবাদ, শিক্ষা ও সাহিত্য

শিক্ষার অবস্থা এতই খারাপ, তিন মাসে কিছু করা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্পসময়ে এ খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়। আর তিনমাস কাজ করে কিছুই করা সম্ভব নয়। এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই। এটা আমার মতামত।আমি এটা বলেছিও। বুধবার (২২ জানুয়ারি) শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থা একটা দেশে নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল (চক্রাকার)। প্রাইমারি স্কুল খারাপ হলে, মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে শিক্ষাব্যবস্থা প্রথম খারাপ হয় ১৯৭২ সালে। বঙ্গবন্ধুর সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ইউসুফ আলী। তার একটা প্রচণ্ড ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হলো- ভালো যে কলেজগুলো ছিল, নামকরা কলেজ যাকে বলে; বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারীচাঁদ কলেজ, রাজশাহী কলেজ; প্রথমে এগুলোকে ইউনিভার্সিটি কলেজ বানিয়ে দিয়েছিল। ‘এরপর পলিটিক্যালি সব কলেজগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ না করলেও ব্যক্তি উদ্যোগে গ্রামে গ্রামে কলেজ গড়ে তোলা হলো, অনুমোদন নেওয়া হলো। এভাবে গড়ে উঠলো আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বেকার’ যোগ করেন উপদেষ্টা। সভায় অন্যদের মধ্যে ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক ইরফান এইচ সায়েম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল জোবায়েরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

alu
অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

২০ টাকায় নেমেছে আলুর দাম

বাজারে এখন ২০ টাকা কেজি দরে মিলছে আলু, যা একমাস আগেও ছিল ৬০ টাকার ওপরে। ভরা মৌসুমে আলুর সরবরাহ বাড়ায় অন্যান্য সবজিতেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। তবে, দাম কমায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে নতুন আলু কেজিপ্রতি ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকায় কেনা যাচ্ছে। ৩০ টাকার আলু বাছাই করা বড় সাইজের। তবে গড়পড়তা আলুর দাম ২০ টাকা। বাজারে এখন ২০ টাকা কেজি দরে মিলছে আলু, যা একমাস আগেও ছিল ৬০ টাকার ওপরে। ভরা মৌসুমে আলুর সরবরাহ বাড়ায় অন্যান্য সবজিতেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। তবে, দাম কমায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে নতুন আলু কেজিপ্রতি ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকায় কেনা যাচ্ছে। ৩০ টাকার আলু বাছাই করা বড় সাইজের। তবে গড়পড়তা আলুর দাম ২০ টাকা। ফারাজ হুসাইন নামে এক ক্রেতা বলেন, বেশি দামে আলু খেতে খেতে ক্লান্ত হয়ে যখন দাম কম পাচ্ছি, ভালো লাগছে। আসলে আলুর দাম সব সময় ২৫-৩০ টাকার মধ্যে থাকা দরকার। নাহলে সামান্য বাড়তে পারে। তবে ৬০-৭০ টাকা যুক্তিযোগ্য ছিল না। গত বছরের প্রায় পুরোটা সময় আলোচনায় ছিল আলুর দাম। বেশিরভাগ সময় খুচরা বাজারে এক কেজি আলু ৬০ থেকে ৭০ টাকা দরে কিনতে হয়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পণ্যটির আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর আমদানিও হয়েছে কিছুটা। তবে বাজারে এর প্রভাব দেখা যায়নি, বরং দাম বেড়েছে। এখন দেশের বাজারে আগাম আলু ওঠায় দাম কমছে। এদিকে এবছর আলুর ফলন ভালো হয়েছে। এতে সরবরাহ বাড়ায় খুচরায় দাম কম। আবার গত এক মাসের ব্যবধানে পাইকারিতে আলুর দাম অনেক কমেছে। যাতে লোকসানের আশঙ্কা করছেন কৃষক। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। তবে উপযুক্ত দাম না পেয়ে কৃষক হতাশ। অনেকে উৎপাদন খরচ না ওঠার শঙ্কা প্রকাশ করছেন। এমন হলে আগামী মৌসুমে আগাম আলুর চাষ কমে যাবে।

আজকের সংবাদ, প্রবাস

মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা আন্দোলন স্থগিত করে এখন বাড়ি ফিরে যাচ্ছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন কারীদের উদ্দেশে মাইনুদ্দিন বাবু বলেন, প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে, তাদের পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। তিনি বলেন, স্যার আরও বলেছেন, যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি, তাদের এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর আশ্বাস রাখতে। মাইনুদ্দিন বাবু বলেছেন, আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি, তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে সবার আগে আমাদের পাঠাবেন। আমরা বিশ্বাস করি তাদের কথা ও কাজে মিল পাব। সে জন্য তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করে আমরা ঘরে ফিরে যাচ্ছি। সহযোগিতা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার কোনোটাই হয়নি, তারা এজেন্সির কাছ থেকে টাকা ও পাসপোর্ট দেখে নেবেন। যদি তারা টাকা ও পাসপোর্ট না দেয়, তাহলে থানা পুলিশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন। আন্দোলন স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা সরকারের আশ্বাস অনুযায়ী সুবিধা না পেলে আবারও রাস্তায় নামার হুমকি দেন। এ বিষয়ে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, এখন সবকিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে, তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাব। বিড়ম্বনায় যাতে তৈরি না, সে বিষয়ে সচিব বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো থেকে টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি নীতি মেনে মালয়েশিয়া পাঠানোর পাশাপাশি নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনায় যাতে তৈরি না হয়, সে ব্যাপারেও আশ্বাস দেন তিনি। ২০১৪ সালে টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি আন্দোলনরত প্রায় ১৮ হাজার কর্মী। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা।

inter
আজকের সংবাদ, তথ্য প্রযুক্তি

মোবাইল ও ইন্টারনেট সেবাগ্রহণকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ইন্টারনেট সেবার ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধির যে দুশ্চিন্ত ছিল তা কমে গেল। বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনের এ বিষয়ে বলা বলছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণে মোবাইল ফোনে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্কও। ফলে এ দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না। এর আগে গত ৯ জানুয়ারি অপারেটর ও গ্রাহকের আপত্তির মধ্যেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সরবরাহকারী কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫শ টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুণতে হত অন্তত ৭৭ টাকা। আর মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর দিতে হতো ৫৬ টাকার বেশি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে দিতে হতো ২৯ টাকা ৮০ পয়সা। সবমিলিয়ে ১০০ টাকায় সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।

আজকের সংবাদ, জাতীয়

নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, সদস্য-সহযোগীদেরও বিচার হবে

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে, দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না। পাশাপাশি ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদেরও বিচার হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন যে, অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে, তাহলে কীভাবে সমঝোতার আহ্বান জানানো যায়? বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম। এ বিষয়ে তিনি আরও জানান, বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈরশাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরোনো স্মৃতিকে সতেজ করছে।

খালেদা জিয়া
আজকের সংবাদ, রাজনীতি

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা। বুধবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি। ওনার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক ওনাকে দেখবেন।’ ‘পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ ওনাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থরাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যেন এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যাকে বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।’ বলেন ডা. জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, ‘তার সার্বিক অবস্থা; বয়স; গত সাড়ে ৫ বছর বাংলাদেশে বন্দি থাকা অবস্থায়, সুচিকিৎসা কম পাওয়ায়, বাইরে নিতে না পারায় ওনার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যে ধরনের ক্ষতি হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। লন্ডন ক্লিনিক সেই ধরনের চিন্তা করছে।’ ‘সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তারাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।’ যোগ করেন ডা. জাহিদ। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে অধ্যাপক জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। ওনার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য বিশেষ করে ওনার দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সবসময়ই এবং দেশের (লন্ডন) বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন সার্বক্ষণিক ম্যাডামের খোঁজখবর নিতে যোগাযোগ রাখছেন।’ খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবসময় নিরবচ্ছিন্ন কাজ করছেন বলেও জানান ডা. জাহিদ।

অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর

নিজস্ব প্রতিবেদক: রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা, মোটরগাড়ির গ্যারেজ, ওয়ার্কশপসহ বেশ কিছু পণ্যের ওপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেসব পণ্য ও সেবায় ভ্যাটের হার কমানো হলো ওষুধ : সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধশিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধশিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তাপর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না। মোবাইল ফোন ও আইএসপি সেবা : দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন ও আইএসপি সেবার ওপর বর্ধিত/নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাগণের খরচ বৃদ্ধি পাবে না। রেস্তোরাঁ : দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে সাধারণ জনগণ পূর্বের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ : জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ সংশ্লিষ্ট সেবা মূল্য বৃদ্ধি পাবে না। একই বিবেচনায় নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ব্যতিত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আজকের সংবাদ, জাতীয়

বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন।  মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা, ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বলেন, এক সপ্তাহের বেধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে।  এর আগে, গত ১৯ জানুয়ারি বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। সেখানে বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হয়েছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে।

Scroll to Top