২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়, রাজনীতি

সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।  তিনি বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এ সময় সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ‘গায়েবি মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি। মামলাগুলো পুলিশ করেছে কিনা- সেটা আমলে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশির ভাগের প্রবণতা ছিল- বিস্ফোরক আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের ওপর হামলার মামলা। তৃতীয় প্রবণতা হলো- এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে। সবশেষ যে প্রবণতাকে আমলে নেওয়া হয়েছে, বিরোধী দলের কোনো বড় সমাবেশের আগে-পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে-পরে করা মামলা। এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা আড়াই হাজার মামলা চিহ্নিত করেছি। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার হয়ে যাবে।’ এ সময় উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। এজন্য সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।

আজকের সংবাদ, স্বাস্থ্য

বাড়িতেই বানান হরেক রকম জ্যাম-জেলি 

ডেস্ক: সকালের নাস্তা নিয়ে শিশুদের বায়নার শেষ নেই। তার ওপর আছে স্কুলের টিফিনে কী দেবেন তা নিয়ে চিন্তা। জ্যাম, জেলি শিশুরা কেন, সব বয়সি মান খেতে ভালোবাসেন। মচমচে পাউরুটির টোস্টের ওপর বা টোস্ট বিস্কুটের সঙ্গে একটু জ্যাম থাকলে আর কি লাগে! বাজার থেকে না কিনে ঘরে কীভাবে সহজে, স্বাস্থ্যকর উপায়ে জ্যাম, জেলি বানিয়ে নিতে পারেন রইল তার রেসিপি। আনারস জ্যাম উপকরণ: আনারসের পাল্প ৩ কাপ, অ্যাগার অ্যাগার দেড় চা-চামচ, সাইট্রিক অ্যাসিড আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, চিনি সাড়ে তিন কাপ, সোডিয়াম বেনজয়েট সিকি চা-চামচ, আনারস এসেন্স ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ। প্রণালি: আনারস দুই ভাগ করে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। অথবা ব্লেন্ড করে নিন। এবার চিনিসহ চুলায় সেদ্ধ দিন। সঙ্গে আদা ও লবণ দিয়ে দিন। অ্যাগার অ্যাগার গরম পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে আনারসের মিশ্রণে ঢেলে দিন। আনারস যখন ঘন থকথকে হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড ও পাইনঅ্যাপল এসেন্স দিয়ে মিশিয়ে দিন। এবার নামিয়ে বয়ামে ঢেলে সংরক্ষণ করুন। মেস্তার জ্যাম উপকরণ: মেস্তা ফল ২ কাপ, চিনি ২ কাপ, পানি ৪ কাপ। প্রণালি: মেস্তার পাপড়িগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ৩ কাপ গরম পানি দিয়ে চুলায় বসান। ফুটে উঠলে পানি ঝরিয়ে আবার ১ কাপ পানি দিয়ে চুলায় অল্প আঁচে বসান। গলে গেলে চিনি দিয়ে জ্বাল দিন। মেস্তা গলে না গেলে আরও একটু পানি দিন। চিনি গলে ঘন জ্যামের মতো হলে নামিয়ে বোতলে সংরক্ষণ করুন। প্রিজারভেটিভ না দিলে এটি ৪/৫ দিন ভালো থাকবে। অনেক দিন সংরক্ষণ করতে চাইলে আধা চা-চামচ করে সোডিয়াম বেনজয়েট ও পটাসিয়াম মেটাবাইসালফাইট দিতে হবে।সিনথেটিক জেলি উপকরণ: চায়না গ্রাস এক কাপ, সোডিয়াম বেনজয়েট সিকি চা-চামচ, অরেঞ্জ ইমালশন পৌনে এক চা-চামচ, অরেঞ্জ ওয়েল ১ চা-চামচ, অরেঞ্জ সুইট এসেন্স আধা চা-চামচ, পানি ১ লিটার, চিনি ১ কেজি, সাইট্রিক অ্যাসিড দেড় চা-চামচ। প্রণালি: চায়না গ্রাস কুচি করে ১ কাপ মেপে নিন। ২ কাপ পানি দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে চুলায় বসান মৃদু আঁচে। যখন চায়না গ্রাস গলে যাবে, তখন পাত্রটি গরম পানির বাটিতে আবার ডুবিয়ে রাখতে হবে। না হলে এই মিশ্রণ আবার জমে যাবে। অন্য পাত্রে পানি ও চিনি মেপে চুলায় জ্বাল দিন। এই পানি জ্বাল দিতে দিতে এক-তৃতীয়াংশ হয়ে গেলে চায়না গ্রাসের মিশ্রণ দিয়ে আবার জ্বাল দিন। চায়না গ্রাসের মিশ্রণ যখন শুকিয়ে প্রায় অর্ধেক হলে চুলা থেকে নামিয়ে নিন। ১০ মিনিট পর এ থেকে আধা কাপ নিয়ে তাতে বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পুরোটা জেলির পাত্রে ঢেলে দিন। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে গরম-গরম বোতলে ভরে রাখুন। ঠান্ডা হলে মোম গলিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। কমলা মারমালেড উপকরণ: কমলার রস ২ কাপ, মালটার রস ২ কাপ, চায়না গ্রাস কুচি ১ কাপ, সাইট্রিক অ্যাসিড ১ চা-চামচ, চিনি ৪ কাপ, কমলার খোসা ২ টেবিল চামচ, সোডিয়াম বেনজয়েট সিকি চা-চামচ, অরেঞ্জ ইমালশন আধা চা-চামচ, অরেঞ্জ অয়েল আধা চা-চামচ। প্রণালি: চায়না গ্রাস ২ কাপ পানি দিয়ে ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর মৃদু আঁচে গলিয়ে নিন। কমলার খোসা লম্বা পাতলা কুচি করে সেদ্ধ করতে দিন। পানি ঝরিয়ে অল্প চিনি দিয়ে জ্বাল দিয়ে শুকিয়ে নিন। কমলা ও মালটার রস চিনি দিয়ে চুলায় বসান। কমলা ও চিনির শিরা ঘন হয়ে এলে চায়না গ্রাসের মিশ্রণ ঢেলে জ্বাল দিন। মোটামুটি ঘন হয়ে এলে কমলার খোসাগুলো দিয়ে নামিয়ে নিন। বাকি সব উপকরণ মিশিয়ে গরম-গরম বয়ামে ভরে ঠান্ডা করে নিন। ওপরে মোমের স্তর দিয়ে সংরক্ষণ করতে পারেন। মিশ্র ফলের জ্যাম উপকরণ: পছন্দের নানা রকম ফলের পাল্প (আম, পেঁপে, আনারস, কমলা, মালটা, আপেল, আঙুর ইত্যাদি) ১ কেজি, চিনি ১ কেজি, অ্যাগার অ্যাগার দেড় চা-চামচ, সাইট্রিক অ্যাসিড দেড় চা-চামচ, ম্যাঙ্গো ইমালশন সিকি চা-চামচ, ম্যাঙ্গো সুইট এসেন্স আধা চা-চামচ, অরেঞ্জ ওয়েল ১ চা-চামচ, অরেঞ্জ ইমালশন ১ চা-চামচ, পটাশিয়াম মেটাবাইসালফাইট সিকি চা-চামচ। প্রণালি: ফলের পাল্প হাঁড়িতে ঢেলে দিয়ে চিনি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। অ্যাগার অ্যাগার আধা কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখুন। চিনি গলে গিয়ে ফলের রসের সঙ্গে মিশে গেলে ভেজানো অ্যাগার অ্যাগার দিয়ে নাড়ুন। ঘন হয়ে জমে এলে নামিয়ে সাইট্রিক অ্যাসিড ও অন্য উপকরণগুলো আধা কাপ জ্যামের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এটি পুরো জ্যামের মধ্যে দিয়ে নাড়ুন। এবার গরম-গরম বোতলে সংরক্ষণ করুন। পেয়ারার জেলি উপকরণ: পাকা পেয়ারার রস ৪ কাপ, চিনি ৪ কাপ, অ্যাগার অ্যাগার আড়াই চা-চামচ, সাইট্রিক অ্যাসিড ১ চা-চামচ, পটাশিয়াম মেটাবাইসালফাইট সিকি চা-চামচ। প্রণালি: পাকা পেয়ারা কেটে সেদ্ধ করে ছেঁকে নিন। নাড়া দেওয়া যাবে না। অ্যাগার অ্যাগার আধা কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। পেয়ারার রস আবার ছেঁকে চিনি দিয়ে জ্বাল দিন। শিরা ঘন হলে ভেজানো অ্যাগার দিয়ে জ্বাল দিন। রস যখন এক-তৃতীয়াংশ শুকিয়ে যাবে, তখন সাইট্রিক অ্যাসিড ও পটাশিয়াম মেটাবাইসালফাইট দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম-গরম বোতলে সংরক্ষণ করুন। মিশ্র ফলের জেলিউপকরণ: আম, আনারস, পেঁপে, কমলা, মালটা, আপেল ইত্যাদি ফলের রস দেড় কেজি, চিনি দেড় কেজি, অ্যাগার অ্যাগার আড়াই চা-চামচ, পটাশিয়াম মেটাবাইসালফাইট সিকি চা-চামচ, সাইট্রিক অ্যাসিড দেড় চা-চামচ, অরেঞ্জ ওয়েল ১ চা-চামচ, ম্যাঙ্গো ইমালশন সিকি চা-চামচ, সুইট ম্যাঙ্গো এসেন্স আধা চা-চামচ, অরেঞ্জ ইমালশন আধা চা-চামচ, সুইট অরেঞ্জ এসেন্স আধা চা-চামচ। প্রণালি: সব ফল খোসা ছাড়িয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পাতলা মার্কিন কাপড়ে দুই দফা ছেঁকে নিন। অ্যাগার অ্যাগার আধা কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন। ফলের রস ও চিনি চুলায় ফোটান। চিনি গলে গেলে অ্যাগার অ্যাগার দিন। জ্বাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে, তখন নামিয়ে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়ুন। এবার নামিয়ে গরম-গরম বোতলে ভরে সংরক্ষণ করুন।

খুসখুসে কাশি
আজকের সংবাদ, স্বাস্থ্য

খুসখুসে কাশি থেকে মুক্তি পেতে খেতে পারেন লবঙ্গ

ডেস্ক: শীতে না চাইলেও আপনার ঠান্ডা লেগে যেতে পারে। খুসখুসে কাশিতে বাড়তে পারে বিরক্ত। সেক্ষেত্রে ওই ঠান্ডা আরও যাতে না ভোগায়, তাই আগেভাগে ব্যবস্থা নিতে হবে। বিরক্তি এবং কষ্টের কারণ হয়ে ওঠা এই খুসখুসে কাশি যদিও ছোট একটা মসলাই সারিয়ে দিতে পারে। ওই মসলাটি হচ্ছে লবঙ্গ। চাইলে আপনি মুখের ভেতর নিয়ে রাখতে পারেন, চা বা গরম পানিতে ফুটিয়েও খেতে পারেন। শুধু খুসখুশে কাশিই নয়, গলা ব্যথা হোক বা সর্দির সমস্যা— লবঙ্গ চা পান করলেও অনেক উপকার মেলে। লবঙ্গের গুণে সর্দি-কাশির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। লবঙ্গ একটি মসলা হলেও এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ভেষজ। লবঙ্গে প্রচুর ম্যাঙ্গানিজ থাকে, যা শরীরের ভালো এনজাইমগুলো পরিচালনা করতে সাহায্য করে। ফলে হাড় মেরামত ও হরমোন তৈরিতে সহায়ক হয়। ম্যাঙ্গানিজ একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে, যা আপনার শরীরকে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেল থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, লবঙ্গে এমন যৌগ আছে যা কাশি ও শ্বাসযন্ত্রের অস্বস্তি প্রশমিত করতে সাহায্য করতে পারে। এই মসলায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোপার্টি শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে কাশি ও গলার খুসখুসে ভাব পশমিত করে। এমনকি এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব শ্বাসযন্ত্রের সংক্রমণ দমন করে ও কাশি গলাব্যথা ও খুসখুসে ভাব কমায়। পাশাপাশি লবঙ্গ ব্যবহারে মুখের দুর্গন্ধ দূর হয়। ব্যাকটেরিয়ার কারণেই মূলত এই দুর্গন্ধ হয়। তবে মুখে লবঙ্গ রাখলে সেই সমস্যা আর হবে না। আবার যাদের হজমের সমস্যা আছে লবঙ্গ খাওয়ার কারণে সে সমস্যারও সমাধান হবে। এমনকি ছোট এই মসলাটি আপনার লিভারকেও ভালো রাখবে।

অর্থনীতি, আজকের সংবাদ

আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে।মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পরেনি। ভবিষ্যতে সংকট কমাতে আমদানি করে সারের মজুদ বাড়াতে চায় সরকার। চালের সাপ্লাই চেইন মেনুপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। চালের দাম এখন মোটামুটি সহনীয় আছে। সালেহ উদ্দিন বলেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ সবজিসহ কিছু পণ্য এতো কম মূল্যে দেওয়া হতো যে সেটা আর দেওয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে। এ সময় কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

আজকের সংবাদ, জাতীয়

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আজকের সংবাদ, জাতীয়

মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বদিউল আলম বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যারা অন্যায় করেছে, তারা যেন বিচারের আওতায় আসে। তিনি বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।

আজকের সংবাদ, জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ২ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। জানা গেছে, এবছর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৪০ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৬০ শতাংশ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

আজকের সংবাদ, আন্তর্জাতিক

গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বার্তা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে তার অভিমত প্রকাশ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনের কংগ্রেস ভবনে শপথ গ্রহণ করেন তিনি। এরপর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজার যুদ্ধবিরতি প্রসঙ্গে মন্তব্য করেন। ট্রাম্প বলেন, গাজার যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই। ওটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ।’ মঙ্গলবার (২১ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গাজার ভবিষ্যৎ অবকাঠামো নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প তার পরিকল্পনার দিকেও ইঙ্গিত দেন। তিনি জানান, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও এটি পুনর্গঠনের জন্য ‘অসাধারণ’ একটি জায়গা। তিনি বলেন, ‘গাজা সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ জায়গা। সেখানে আবহাওয়া চমৎকার। আমার মতে, জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি গাজা উপত্যকার একটি ছবি দেখেছি। দেখে মনে হয়েছে, সেখানে অসংখ্যবার বিস্ফোরণ ঘটেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এটি অসামান্য পুনর্গঠনের মধ্য দিয়ে যাবে।’ ইসরায়েলকে ট্রাম্পের সমর্থন ও ফিলিস্তিনিদের অবস্থান ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজার বড় অংশ ধ্বংস হয়েছে। ট্রাম্প মনে করেন, হামাস এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘ইসরায়েল এই যুদ্ধ জিতছে এবং তারা নিজেদের সুরক্ষিত রাখবে।’ এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনই ফিলিস্তিনিদের ওপর কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বাইডেন প্রশাসনের সময়ে পশ্চিম তীরের কট্টর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছেন। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের প্রক্রিয়া রোববার (১৯ জানুয়ারি) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় উভয় পক্ষ জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে। যদিও এই চুক্তি বাইডেন প্রশাসনের দেওয়া রূপরেখার ভিত্তিতে আলোচনা শুরু হয়েছিল, ট্রাম্প-বাইডেনের যৌথ কূটনৈতিক প্রতিনিধিদের প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয়। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি ইসরায়েলকে সব সময়ের মতোই সম্পূর্ণ সমর্থন দেবেন। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গাজার পুনর্গঠন ও ইসরায়েলের স্বার্থ সুরক্ষার বিষয়টি আরও জোরালোভাবে প্রতিফলিত হচ্ছে। তবে গাজার যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আজকের সংবাদ, রাজনীতি

জামায়াত নেতার মাছ লুট করে বহিষ্কার দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতার মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মণিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানিয়েছেন। বহিষ্কৃতরা হলেন- নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব। বহিষ্কৃত দুজন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ‘দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ দলীয় শৃঙ্খলাপন্থি কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের যেই হোক না কেন, দলীয় শৃঙ্খলাপন্থি কাজ করলেই আমরা বহিষ্কার করছি। বহিষ্কৃত ওই দুজনের বিরুদ্ধে গত শনিবার (১৮ জানুয়ারি) আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ ওঠে। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র মাছ ভেবেই সেগুলো লুট করেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়। স্থানীয় রাজনীতিকরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেছিলেন, সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির সব টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোমবার দিনগত রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, গত রাতে কে বা কারা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সংবাদ, প্রবাস

পান্থপথে সড়ক অবরোধ করেছেন বিদেশ গমনেচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক: টিকার সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হজ বা প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে দিয়েছে। সৌদি সরকারের নির্দেশনার আলোকে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নির্দেশনা দিয়েছে। রাজধানীর কয়েকটি হাসপাতালে এই টিকা দেওয়া হয় বলেও জানানো হয়। টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় তিন শতাধিক প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে এই আন্দোলন করছেন। জানা যায়, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী। এ ছাড়া ওমরা হজের যাত্রীরাও রয়েছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরো দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন। এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের সংবাদমাধ্যমকে বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয়। তাদের কাছে তো এত টিকার স্টক নেই। প্রায় ৩০০ জন লোক এসেছেন টিকা নিতে। তাদের অধিকাংশ সৌদি প্রবাসী। আবার অনেকে রয়েছেন ওমরা হজের যাত্রী। এর বাইরে মধ্যপ্রাচ্যের আরও দু-একটি দেশের প্রবাসীরা রয়েছেন। স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে আটটা থেকে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা এসে বসে আছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো টিকা নেই, যা ছিল গতকাল পর্যন্ত আমরা দিয়েছি। এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা বলছে নতুন করে টিকা আনতে অন্তত ১০-১৫ দিন লাগবে। এই মুহূর্তে তো আমাদের কিছুই করার নেই। তিনি বলেন, এর আগে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা টিকা লাগত। হুটহাট করেই সৌদি সরকারের কী সিদ্ধান্ত হলো, এখন এসে হাজারো মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে। এর মধ্যে আবার অন্যান্য কয়েকটি হাসপাতালও তাদের কাছে টিকা নিতে যাওয়া লোকদের আমাদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। এটি একটি স্লো মুভিং টিকা। অর্ডার দেওয়ার পরও বেশ সময় নিয়ে আসে। আমরা একাধিকবার রেডিয়েন্ট ফার্মাকে অনুরোধ করেছি কিছু করার জন্য কিন্তু তারা বলছে পারবে না। এখন আমাদের কি করার আছে? আমাদের তো টিকা দিলে কোনো সমস্যা নেই। বরং আমাদের লাভ।

শীতে বিপর্যস্ত দিনাজপুরের
আজকের সংবাদ, জাতীয়

২ ডিগ্রি তাপমাত্রা কমে শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে। সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ২.১ ডিগ্রি কমে নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চায়ের দোকানে ভিড় করছেন শ্রমজীবী মানুষ। দূরপাল্লার ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চায়ের দোকানে ভিড় করছেন শ্রমজীবী মানুষ। দূরপাল্লার ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাজমুল হোসেন বলেন, কাকডাকা ভোরে বের হয়েছি, কিন্তু ভাড়া নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। শীতে মানুষ বের হচ্ছে না। আবার শীতে বাইরেও থাকা যাচ্ছে না। হু হু করে বাতাস বইছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

Scroll to Top