৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

কারাগারের ৭০০ আসামি এখনো পলাতক : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ জন আসামি পলাতক রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আজকের সংবাদ, প্রবাস

সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ-পাকিস্তানে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নব নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে। হাই কমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান। পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য চললেও তা এখন সীমিত পরিসরে চলছে। আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হোসেন।

Norshingdi
আজকের সংবাদ, রাজনীতি

‘যুদ্ধের ডাক’ দিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুপক্ষ। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয়। তিনি আরও বলেন, দুপক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।

আজকের সংবাদ, জাতীয়

ফেব্রুয়ারির শুরুতেই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছর প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advisor c
আজকের সংবাদ, জাতীয়

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ-০৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন।

ভোলায় মিয়া গোলাম পরওয়ার
আজকের সংবাদ, রাজনীতি

সংস্কারের জন্য আরও ৬ মাস সময় দিতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনে এখনও ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা আছেন, তাদের উৎখাত করে, যৌক্তিক সংস্কার করে জনমত গঠনের মধ্য দিয়ে ঐক্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা বলেন সংস্কার প্রয়োজন নেই। নির্বাচন চাই, তাদের কথায় কিছু গন্ধ পাওয়া যায়।  সংস্কারের জন্য আমরা আরো ৬ মাস দিতে চাই।  শনিবার ভোলায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সংস্কারের পর রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই। জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা ট্রাইবুন্যাল গঠন করেছিলেন, তার বিচার ওই ট্রাইবুনালে হচ্ছে।  আমরা হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান সকলকে নিয়ে শোষণমুক্ত, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই।  তিনি সকল ধর্মের মানুষের সহযোগিতা চান।  এ সময় ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে পদক্ষপ নিতে আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। বিগত দিনে এ এলাকায় বড় বড় বিবেকবানরা ছিলেন, নিজের নামে, বাবার নামে, মায়ের নামে,  স্ত্রীর নামে প্রতিষ্ঠান করেছেন। কিন্তু জনকল্যাণে কোনো প্রতিষ্ঠান করেননি। তাই ওই বৈষম্য দূর করতে হবে।  সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী,  ভোলার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ফজলুল করিম।  সঞ্চালনায় ছিলেন বর্তমান জেলা সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির  অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।  

আ.লীগ আসলে ফের ফ্যাসিবাদ আসবে
আজকের সংবাদ, রাজনীতি

ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়: উপদেষ্টা মাহফুজ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে; ওই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি; তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।  তিনি বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার।  শনিবার  দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় এ কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।  তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর হাসিনার স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।  তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে।  ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধী দলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। বিকালে লক্ষীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন উপদেষ্টা মাহফুল আলম। 

dr malay
আজকের সংবাদ, প্রবাস

মালয়েশিয়ায় ১০ ভুয়া বাংলাদেশি চিকিৎসক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় ১০ জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) ইমিগ্রেশন মহাপরিচালক, দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশন (ফার্মেসি) এর কর্মকর্তাদের সহযোগিতায় পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও অপারেশন বিভাগসহ বিভিন্ন পদের একটি দল জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ ১০টি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়। এছাড়া ইমিগ্রেশন অপারেশনসের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক তাহা, ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ আনাস মোহাম্মদ জারিব, এমওএইচ ফার্মেসি এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহ এবং ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর, এমওএইচ ফার্মেসি এনফোর্সমেন্ট ডিভিশন মোহাম্মদ আজারউদ্দিনও ও অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন। অভিযানে প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতারদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল, দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না। পরিচালক বলেন, অপারেশন দল জাল চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করেছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে এবং জব্দ করা ওষুধের মূল্য আনুমানিক মূল্য ২৬৫,১৯২.০০ রিঙ্গিত।

মির্জা ফখরুল
আজকের সংবাদ, রাজনীতি

কক্সবাজারে অবকাশযাপনে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কক্সবাজারে। অবকাশযাপনের জন্য তিনি পরিবার নিয়ে কক্সবাজারের বিউটি স্পট ইনানীর একটি অভিজাত হোটেলে উঠেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার ইতোমধ্যে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার থেকে সরে এসে ছাত্র আন্দোলনের নেতাদের দল করা উচিত। সাক্ষাৎকারটি প্রচারের পরদিন শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে সস্ত্রীক দেখা মিলল কক্সবাজারের উখিয়ার ইনানীতে। এদিন বিকেলে সাগর লাগোয়া একটি বিলাসবহুল রিসোর্টে পরিবারসহ উঠেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার এসেছেন।’ সফরকালে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং আগামী ২৬ জানুয়ারি তিনি ঢাকার উদ্দেশে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

upodesta
আজকের সংবাদ, জাতীয়

সুইজারল্যান্ড সফরে ৫০ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাসহ প্রায় ৫০টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।‌ প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, অধ্যাপক ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের পাশাপাশি চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রীপর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ-০৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন। ২১ জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে, অধ্যাপক ইউনূস বার্ষিক সভায় বিশ্বনেতাদের সঙ্গে তার বিস্তৃত ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটান। ২১ জানুয়ারি তার সফরের প্রথম দিনে, প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন। অধ্যাপক ইউনূস পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস-হোর্তা, মিউনিখ সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিন (২২ জানুয়ারি) তিনি প্রায় ১৪টি প্রোগ্রাম এবং পার্শ্ব ইভেন্টে যোগ দেন। প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান এবং বিশেষ কার্যনির্বাহী মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদি, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন বিশেষ দূত জন কেরি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্কসহ অন্যান্যদের সঙ্গে ডব্লিউইএফ-এ বৈঠক করেন। অধ্যাপক ইউনূস শীর্ষ সম্মেলনের সময় ‘জলবায়ু ও প্রকৃতির অবস্থা’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেন এবং দাভোসের একটি হোটেলে সামাজিক উদ্যোক্তাদের জন্য শোয়াব ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন। তৃতীয় দিন (২৩ জানুয়ারি) অধ্যাপক ইউনূস ১৪টি নির্ধারিত অনুষ্ঠান এবং অনেক পার্শ্ব কর্মসূচিতে যোগ দেন। তিনি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম, অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, ডেনিশ শিপিং এবং লজিস্টিক কোম্পানি এ.পি. মোলার-মারস্কের চেয়ারম্যান রবার্ট মারস্ক উগলা এবং বিশ্বব্যাংকের অপারেশনস বিভাগের এমডি আনা বিজের্ডের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একান্ত বৈঠকে যোগ দেন এবং বৈঠকের ফাঁকে দাভোসের ক্লাইমেট হাবে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। শুক্রবার শেষ দিনে, প্রধান উপদেষ্টা সাতটিরও বেশি অনুষ্ঠানে যোগ দেন। শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জেনেল গ্রুপের (রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলীরেজা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

আজকের সংবাদ, রাজনীতি

বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর মহিলা দল নেত্রী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে বহিষ্কার হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে নায়লার বহিষ্কারের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য নায়লা বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নায়লা ইসলামের অনুসারীরা। হুমকির শিকার নয়লা আক্তার সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন। শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাহউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

আজকের সংবাদ, রাজনীতি

“বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত”

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক/এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ‘ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে)।’ তিনি আরও লেখেন, ‘আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেবো না। আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।’ ‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়ত সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজী হয় নাই।’ ‘কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে।’ ‘ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে।’ ‘এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র।’ ‘আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এ রকমভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থি লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে।’ ‘রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্রবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেবো।’ ‘আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায় এই ‌‘জাতীয় ঐক্য’ লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো! বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।’ ‘আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে। বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।’

Scroll to Top