৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, রাজনীতি

বিএনপিতে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন যারা

নিজস্ব প্রতিনিধি: সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনে কাজ করছে বিএনপি। বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হচ্ছে দলটিতে। গত রোববার ১৩ জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।  কয়েকদিনে বেশ কয়েকটি জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটিও হয়েছে। এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের শীর্ষ পদসহ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। সে ক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হচ্ছে এসব কমিটি। তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে। দক্ষতার সঙ্গে কাজ করলে অনেকে সংসদ নির্বাচনেও পেতে পারেন মনোনয়ন। সদ্য ঘোষিত বিএনপির সাংগঠনিক জেলা কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, এগুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে যাদের রাজনীতির হাতেখড়ি ছাত্রদল ও যুবদল থেকে। নেতাদের মতে, এসব কমিটি গঠনের পেছনে জাতীয় কাউন্সিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরও যোগসূত্র রয়েছে। আগামী সংসদ নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব ভালো ও দক্ষতার সঙ্গে কাজ করলে তাদেরই হয়তো বিভিন্ন আসনে (নিজ এলাকায়) প্রার্থী করা হবে-এমন চিন্তাও রয়েছে। নেতাদের মতে, সামনে জাতীয় কাউন্সিল করারও পরিকল্পনা আছে। এবার কেন্দ্রীয় কমিটিতে যারা পদ পাবেন, তাদের জেলা বা তৃণমূলের কোনো কমিটির নেতৃত্বে রাখা হবে না-এমন পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ কেন্দ্র ও জেলার নেতৃত্ব আলাদা হবে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, তৃণমূলের কমিটি গঠন শেষ করে সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব ঠিক হবে সম্মেলন বা কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে। সে হিসাবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২ মাস ইতোমধ্যে পার হয়েছে। বিএনপির ৮২টি সাংগঠনিক জেলা (মহানগরসহ) রয়েছে। যার অধিকাংশ কমিটিই মেয়াদোত্তীর্ণ। গত বছরের ২৫ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সারাদেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করার কথা বলা হয়। সেই লক্ষ্যে ৯০ দিনের মধ্যে সব কমিটি পুনর্গঠন শেষ করার সময়ও বেঁধে দেওয়া হয়। ঢাকা বাদে দলটির নয় সাংগঠনিক বিভাগের দায়িত্বে দেওয়া হয় নয় কেন্দ্রীয় নেতাকে।

আজকের সংবাদ, প্রবাস

কাজের প্রলোভনে  টুরিস্ট ভিসায় লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়াগামীদের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি: বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকদের দালাল চক্রের খপ্পর থেকে বাঁচতে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এক সতর্কবার্তায় বিদেশগামী নাগরিকদের কয়েকটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণির প্রতারক, দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছু কর্মীদের মোটা অংকের বেতন ও কাজের লোভ দেখিয়ে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে। এতে আরও বলা হয়, টুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনি সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীগণ শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল-জরিমানার শিকার হচ্ছেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলো প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করা হলো। ১. কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা। ২. দালালের প্রলোভনে টুরিস্ট বা ডিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা। ৩. বিদেশ গমনের পূর্বে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ যেমন- বেতন-ভাতা, কর্মের মেয়াদ, থাকা, খাওয়া, আকামা বা ওয়ার্ক পারমিটসহ অন্যান্য সুবিধাদি সম্পর্কে নিশ্চিত হওয়া। ৪. বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ব্যতীত কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা। ৫. জলপথ, স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া। ৬. ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা। ৭. বিদেশ গমনের পূর্বে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বিদেশ গমন করা। ৮. ভিসা, কর্ম চুক্তিপত্র, নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা। ৯. বিদেশ গমনের পূর্বে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করা। ১০. সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.probashi.gov.bd) বা বিএমইটি’র ওয়েবসাইটে (www.bmet.gov.bd) অথবা প্রবাসবন্ধু কল সেন্টার নম্বর ১৬১৩৫ থেকে যাচাই করা।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার!

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম দীপঙ্কর ঘোষ। তিনি ব্যাংকের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাখার ক্যাশ কর্মকর্তা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার পর থেকে তার খোঁজ মেলেনি। মামলার বিবরণে বলা হয়, অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া টাকা আত্মসাতের ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ করেন। অভিযোগের রেকর্ডপত্র থানা থেকে পাঠানো হয় দুদক কার্যালয়ে। অভিযোগের প্রেরিত রেকর্ডপত্র তথ্যাদির আলোকে দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়। মামলার বাদি বলেন, মামলার রেকর্ডপত্র ও তথ্যাদির পর্যালোচনা করে অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার অফিসার (ক্যাশ) দীপঙ্কর ঘোষ কর্তৃক ব্যাংকের ভল্টে রক্ষিত ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর আগে গত বছর ১ সেপ্টেম্বর ওই ব্যাংকের ব্যবস্থাপক মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন দীপংকর ঘোষ। গত ২৯ আগস্ট দীপংকর ঘোষ ব্যাংকে না এলে তার মুঠোফোনে কল করলে তিনি জানান, তার বাবা অসুস্থ, তাই আসতে দেরি হবে। কিন্তু পরে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংকে তিনি না এলে পুনরায় দীপংকরকে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওইদিন তার স্ত্রী আঁখি সাহাকে ফোন করলে তিনি জানান, দীপংকর অফিসের উদ্দেশে ঢাকার বাসা থেকে বের হয়ে গেছেন। সেদিন বিকেলেও দীপংকর ব্যাংকে উপস্থিত হননি। ফলে ব্যাংকের ভল্ট খোলা সম্ভব হয়নি। পরবর্তীতে তার আচরণ সন্দেহজনক হলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দেন। শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া বলেন, দীপংকর ঘোষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। পরে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ব্যাংকের ভল্টের থাকায় নগদ টাকা পরিমাণ যথাযথ আছে কি না তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে গত ৩০ আগস্ট মতলব উত্তর থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১ সেপ্টেম্বর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে মিস্ত্রি দ্বারা ভল্টের গ্রিল কাটা হয়। এসময় চাঁদপুরের প্রধান শাখায় রক্ষিত ডুপ্লিকেট চাবি দিয়ে ভল্ট খোলা হয়। পরে গণনা করে ভল্টে ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা পাওয়া যায়। ব্যাংকের ক্যাশ পজিশন অনুযায়ী এক কোটি দুই লাখ ৯৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা ছিল। হিসেব অনুযায়ী গণনাকালে ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়। মামলায় আরও উল্লেখ করা হয়, দীপংকর ঘোষ গত কিছুদিন কাঁধে একটি ব্যাগ নিয়ে আসা-যাওয়া করেছেন। ক্যাশ অফিসার হওয়ায় ভল্টের একটি চাবি তার কাছে রক্ষিত ছিল। কৌশলে তিনি টাকা আত্মসাৎ করেন।

আজকের সংবাদ, রাজনীতি

টিউলিপের ১০ বছর জেল হতে পারে!

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের ৯০ শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ হলে তার ১০ বছরের জেল হতে পারে। কারণ, ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্যও তথ্য সংগ্রহ করতে পারে। এনসিএর বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরে প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে দুদক। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।’ লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, এনসিএ বা বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি। এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আজকের সংবাদ, জাতীয়

অনলাইনে মামলা দায়েরের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে। অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯ এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রুত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

আজকের সংবাদ, প্রবাস

১০ বাংলাদেশিকে রাশিয়ায় পাচার, জোর করে নামানো হয়েছে যুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। দালালের খপ্পরে পড়ে নামতে হয়েছে যুদ্ধের ময়দানে। বাংলাদেশ থেকে ১০ জন যুবককে প্রথমে সৌদি আরব নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় রাশিয়ায়। সেখানে রাশিয়ার সেনাবাহিনীর অধীনে ১৫ দিনের নামমাত্র প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। নির্মম এমন প্রতারণার কারিগর বাংলাদেশি দালালরা। এ ঘটনায় নাম এসেছে ড্রিমহোম ট্রাভেলস এবং তামান্না ট্রাভেল এজেন্সি নামে দুটি প্রতিষ্ঠানের। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ফুলের বাগান পরিচর্যার কাজের কথা বলে তাদের রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। আদায় করা হয়েছে মোটা অংকের টাকা। রাশিয়ায় যুদ্ধের প্রশিক্ষণের সময় তারা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করলে ‘যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ায় সবার প্রশিক্ষণ বাধ্যতামূলক’ বলে জানানো হয়। ১৫ দিন পরে যখন যুদ্ধের ময়দানে নামানো হয়, তখন ‘মহড়া দিতে নামানো হয়েছে’ বলে ভুক্তভোগী পরিবারকে জানায় এজেন্সি। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন রাজবাড়ীর আরমান মন্ডল, নওগাঁর রহমত আলী, কেরানীগঞ্জের আনিসুর রহমান, নারায়ণগঞ্জের আকরাম হোসেন, নরসিংদীর তুহিন, সোহান, মোবারকসহ মোট ১০ বাংলাদেশি। নাটোরের এক বাসিন্দা কবীর গত ২৬ জানুয়ারি যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন, তাদের আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। সঙ্গীরা কে কোথায় আছেন তা কেউই বলতে পারেন না। গত সপ্তাহে রাশিয়ায় থাকা আরমান মন্ডল রাশিয়ার অধিকৃত ইউক্রেন অঞ্চলে যুদ্ধ চলমান অবস্থায় মাইন বিষ্ফোরণে আহত হয়ে সেখানকার রোস্তভ অন ডনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। জাগো নিউজকে তিনি বলেন, আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে রাশিয়া আনা হয়েছে। ১৫ দিনের ট্রেনিং শেষে যুদ্ধে নামিয়ে দিয়েছে। আমরা যুদ্ধের কিছু জানি না, বুঝি না। গত সপ্তাহে যুদ্ধের ময়দানে মাইন বিষ্ফোরণে আমার পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সুস্থ হলে এরা আমাকে আবারও যুদ্ধে পাঠাবে। এবার নিয়ে গেলে মারা যাবো। আমাকে দেশে ফিরিয়ে নেন। আমি দেশে ফিরতে চাই। সরকারের কাছে অনুরোধ, আমাদের যেন দেশে ফিরিয়ে নেয়। আরমানের মা ফাহিমা বেগম বলেন, আমার ছেলেকে দেশে ফেরত চাই। আমার একটা মাত্র ছেলে। টাকা-পয়সা কিছু চাই না। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিতুল হোসেন বলেন, আমার ভাগিনা আরমান রাশিয়া যাওয়ার পরে তাকে যুদ্ধের ট্রেনিং করানো হয়েছে। আমরা এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন তারা বলে, রাশিয়ায় এসময় ট্রেনিং করা বাধ্যতামূলক। পরে তাদের ভারী অস্ত্র দিয়ে যুদ্ধে নামানো হয়েছে। মাইন বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি। এখন সরকার যদি বিষয়টা গুরুত্ব সহকারে দেখে তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা সরকারকে অনুরোধ করবো, দূতাবাসের মাধ্যমে রাশিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করে সবাইকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। নওগাঁর রহমত আলী তার পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। রেকর্ডটি জাগো নিউজের হাতে এসেছে। এতে রহমতকে বলতে শোনা যায়, আমি খুব বিপদে আছি। কালকে আবার আমাক যুদ্ধে লিয়া যাবি। যুদ্ধে লিয়া গেলি নির্ঘাত মৃত্যু। আমরা তো যুদ্ধের কোনো কলাকৌশল যানি নে। ১৫ দিনের ট্রেনিং দিয়া আমাক যুদ্ধে লিয়া যাইতাছে। এর আগেও একবার লিয়া গেছে। তোমার মামা (নাটোরের কবীর) মারা গেছে আমার কোলের উপরে। আমি কোনো হালে পলায়ে আইছি। এহন ট্রেনিং দিয়া আবার লিয়া যাইতেছে। একবার গেছি, আর যাইতে পারবো না। আামাক বাঁচা। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে এই ১০ জনকে সৌদি আরবে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাশিয়া। যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া কবীরের ভাগিনা মিজানুর রহমান বলেন, আমার মামা কবীর আর খালু রহমত আলী একসঙ্গে রাশিয়া গিয়েছে। আমার মামা মারা গেছে। খালু ভয়েস মেসেজে বলেছে, তার হাতের ওপর আমার মামা মারা গেছে। এ অবস্থায় থাকলে খালুও মারা যাবে। তিনি বলেন, মামা-খালুসহ আরও ১০ জনকে প্রথমে সৌদী আরব নিয়ে যাওয়া হয়েছে। পরে আমাদের পরিবারের কাছে আরও টাকা দাবি করে ড্রিমহোম ট্রাভেলস। তারা বলে, টাকা না দিলে রাশিয়ায় পাঠাবে না, বাংলাদেশেও ফিরিয়ে আনবে না। বাধ্য হয়ে পরিবারের গহনা, জমি বিক্রি করে টাকা পাঠিয়েছে। মামা মারা গেছে, আমরা চাই মামার লাশ আর খালুকে দেশে ফিরিয়ে আনতে। সরকারের কাছে অনুরোধ, তারা যেন ব্যবস্থা নেন। মিজানুর রহমান আরও বলেন, রাশিয়া থেকে যখন বললো তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে, আমরা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করেও পাইনি। তাদের অফিসে গিয়ে দেখি তালা লাগানো। এখন সরকার ছাড়া আমাদের কোনো ভরসা নেই। এসব বিষয়ে জানতে অভিযুক্ত এজেন্সি ড্রিমহোম ট্রাভেলসের চেয়ারম্যান আবুল হাসান ও তামান্না ট্রাভেল এজেন্সির মুঠোফোনে একাধিক দিনে একাধিকবার চেষ্টা করলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ নিয়ে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরে জানানো হয়ছে। তাদের বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে। আমাদের লোকজনের যেন কোনো ক্ষতি না হয়। তিনি বলেন, যে এজেন্সির মাধ্যমে গেছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য আমরা গোয়েন্দা সংস্থাকে বলেছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা ব্যবস্থা নেবো।

আজকের সংবাদ, জাতীয়

আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকে সারাদেশে ঘন কুয়াশা বেড়েছে। রোববার সকাল ১০টার পরেও রাজধানীর কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গেছে। তবে শীতের অনুভূতি খুব বেশি হয়নি। গত কয়েকদিনের মতো তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। রংপুর বিভাগ ছাড়া সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ২০ ডিগ্রির ঘরে রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, তাপমাত্রা আরও কমতে পারে। তবে ভারি শীতের সম্ভাবনা নেই। আগামী ৫ দিন এভাবেই থাকতে পারে। আগামীকাল থেকে ঘুন কুয়াশা কমে যাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সংবাদ, জাতীয়

কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিতব্য কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে দরবারের পীর ও শাহ সূফী হজরত সৈয়দ জাকির শাহ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২৭ জানুয়ারি কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেন প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা ‘কুতুববাগীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আল-কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ এমন নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত জনতা আনোয়ারা মাঠের সামনে গড়ে তোলা ওরসের গেট ও পেন্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালান। তখন আলেমরা তাদের বাধা দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সড়ক থেকে তাদের সরে যেতে বলে। পরবর্তীতে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ও শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট ৩৪ ইন্দিরা রোড কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হবার কথা ছিল। দরবারসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের সংবাদ, জাতীয়

কুমিল্লা অঞ্চলসহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বুধবার (২৯ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায়, বুধবার (২৯ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শুক্রবার (৩১ জানুয়ারি) কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজকের সংবাদ, রাজনীতি

সদস্যপদ নবায়নে বিএনপির ৭ সদস্যের কমিটি গঠন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে দলটির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে এবং দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. তারিকুল আলম তেনজিং, মো আবদুস সাত্তার পাটোয়ারীকে সদস্য করা হয়েছে। গত ২০ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি নিজের সদস্যপদ নবায়ন করেন।

আজকের সংবাদ, জাতীয়, প্রবাস

৬০ হাজার বিমান টিকিট ব্লক করেছে সিন্ডিকেট

ফরিদ আহমেদ মুন্না: মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরাযাত্রীদের বিমানের টিকিট সিন্ডিকেট চক্রের মাধ্যমে চড়া দামে বিক্রি করায় চরম ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা। এয়ারলাইন্সগুলোর টিকিট সিন্ডিকেট বন্ধ, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মজুদদারি বন্ধের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশ (আটাব)। বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বাল্ক টিকিট বিক্রি ও মজুদদারি বন্ধ করে টিকিটের দাম নির্ধারণে এবং এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বাড়াতে বেবিচকসহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপের দাবি জানিয়েছেন আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রি ও মজুদদারি বন্ধ করার দাবিতে আয়োজিত একসংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।লিখিত বক্তব্যে আটাব সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহনখাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকেট বুকিং। কতিপয় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সতাদের পছন্দের কিছু এজেন্সির (সিন্ডিকেট) নামে কোনো পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র, এবংপ্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াইশুধুমাত্র ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই-তিন মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরি করে সিট ব্লক করে রাখে। এভাবে টিকিট মজুদদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি হয়, আসন সংকট দেখা দেয়, টিকিট মূল্য ২০ থেকে ৫০ শতাংশ, কখনও দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।গ্রুপ টিকিট বন্ধ করা হলে বিমানের টিকিট সংকট যেমন দূর হবে তেমনই কমবে টিকিটের দাম।সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আটাবের পক্ষ থেকে ১৫টি সুপারিশও উত্থাপনকরা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, যুগ্মমহাসচিব আতিকুর রহমান, উপমহাসচিব তোয়াহা চৌধুরী, অর্থসচিব মো. সফিক উল্যাহ নান্টু, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বায়রার সাবেক শীর্ষ নেতা মো. ফখরুল ইসলাম।সংবাদ সম্মেলনে আকাশপথে টিকিটের নৈরাজ্য রোধে কতিপয় দাবি পেশ করা হয়, সিডিউলফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা, দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাইঘোষণা করা যেন সব দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয়। এয়ারলাইন্সের টিকিটবিক্রির ক্ষেত্রে নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করাযাবে না, সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক হয়ে যায়, যে কারণে মূল্য বাড়তে থাকে। এছাড়া কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে দুই লাইনেরএকটি ইমেইল করে কৃত্রিম ডিমান্ড তৈরি করে। কৃত্রিম ডিমান্ডের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এয়ারলাইন্সের ভ্রান্ত পলিসির কারণে। ট্রাভেল এজেন্সিদের কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুতকরার মতো এয়ার টিকিট মজুত করছে দেদারসে। এটা বন্ধ করতে হবে।

আজকের সংবাদ, রাজনীতি

নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ: সিইসি

নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি-টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তপশিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের বেশকিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থি। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেওয়া সংবিধান পরিপন্থি, কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই। ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান। ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুপারিশ অনেক দেওয়া যায়, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি কি বাধা আছে সুপারিশ বাস্তবায়নে। কম সংস্কার চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর আরেকটু বেশি সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন। সিইসি বলেন, মে-জুন মাস বর্ষাকাল থাকে। বর্ষাকালে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। নির্বাচনের দেড়-দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে অক্টোবর পর্যন্ত সময় আছে। আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আইনকানুন, বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে, যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেওয়া যেতে পারে।

Scroll to Top