৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Nazrul Islam

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

চাঁদপুরে পুলিশের উদ্যোগে সকল থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার ৮টি থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানা এতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদকব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। চাঁদপুর জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তারা ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহর প্রতিবেদক, চাঁদপুর : নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর সদর বিষ্ণুপুরের আমিরাবাদ গোলাম কিবরিয়া (জি.কে) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নজরুলভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সভাপতিত্বে নজরুলভিত্তিককুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) জুয়েল হোসেন, আমিরুর রহমান ও হৃদয় জোয়াদ্দার। চাঁদপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জাতিসত্তার চেতনায় বিদ্রোহী কবির বিস্তর প্রভাব ও ভূমিকা শীর্ষক গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনায় অংশ নেন। পরে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ, উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত। উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজন অনুষ্ঠানমালার অংশ হিসবে আগামীকাল ১৮ আগস্ট মঙ্গলবার সকালে দ্বারকানাথ (ডি.এন) হাই স্কুলে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, ফিচার

বৃষ্টির জলে জেগে ওঠে খাল, ভেসাল জালে ধরা পড়ে গ্রামবাংলার গল্প

টিটু হোসেন :  দুই দিনের টানা বৃষ্টি। আকাশজুড়ে মেঘ, চারপাশে টুপটাপ বৃষ্টির শব্দ। বৃষ্টির পানি নেমে এসে আবারও প্রাণ ফিরিয়েছে ফরিদগঞ্জের খাল-বিল ও জলাশয়ে। কোথাও পানির উচ্চতা বেড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে নতুন স্রোত। আর সেই স্রোতের সঙ্গে যেন জেগে উঠেছে গ্রামবাংলার চিরচেনা এক দৃশ্য—খালে পাতা বিশাল বেয়াল জাল। ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকার একটি খালের পাড়ে দাঁড়ালেই চোখে পড়ে সেই দৃশ্য। খালের পানিতে বাঁশের কাঠামো, তার সঙ্গে পাতা বড় আকৃতির ভেসাল জাল। জেলেরা অপেক্ষায় থাকেন কখন জালে টান পড়বে। কিছুক্ষণ পর জাল তুলে আনতেই দেখা মেলে ছোট-বড় নানা দেশীয় মাছের। এই দৃশ্য শুধু মাছ ধরার দৃশ্য নয়; এর সঙ্গে মিশে আছে বর্ষার গ্রামীণ জীবনের এক টুকরো আবেগ। বৃষ্টির সঙ্গে খালের পানির সম্পর্ক যেন বহু পুরোনো। শুকনো মৌসুমে যে খাল অনেকটাই শান্ত, কোথাও কোথাও অগভীর কিংবা পানিশূন্য হয়ে পড়ে, বর্ষা এলেই তার চেহারা বদলে যায়। পানি বাড়ে, স্রোত তৈরি হয়, আর সেই স্রোতের সঙ্গে চলাচল শুরু করে নানা প্রজাতির দেশীয় মাছ। স্থানীয় জেলেদের কাছে এ সময়টা তাই কিছুটা আশারও। উপযুক্ত জায়গায় ভেসাল জাল পেতে অপেক্ষা করলে জালে উঠে আসে শোল, টাকি, কৈ, পুঁটি, শিংসহ নানা ধরনের মাছ। মাছের পরিমাণ প্রতিদিন একরকম না হলেও বৃষ্টির পর খালে মাছের চলাচল বাড়লে জেলেদের মুখে হাসি ফোটে। তবে এই হাসির পেছনে রয়েছে পরিশ্রমও। পানির গভীরতা ও স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে মাছ ধরার ঝুঁকিও বাড়ে। তারপরও জীবিকার তাগিদে জেলেরা নেমে পড়েন পানিতে কিংবা খালের পাড়ে বসে অপেক্ষা করেন জালের টানের। ভাটিরগাঁওয়ের এই খাল কেবল মাছ ধরার জায়গা নয়। বর্ষাকালে এটি আশপাশের এলাকার পানি নিষ্কাশনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খালটি পানিতে ভরে উঠলে দুই পাড়ের সবুজ প্রকৃতি আর পানির ওপর ভেসে থাকা বিশাল ভেসাল জাল মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব গ্রামীণ দৃশ্য। শহর ও আধুনিক জীবনের ব্যস্ততায় এমন দৃশ্য হয়তো অনেকের চোখেই ধরা পড়ে না। অথচ এই খাল, এই জাল, এই মাছ আর জেলেদের ব্যস্ততা—সব মিলিয়েই তো বাংলার বর্ষা। একসময় খাল-বিলের দেশীয় মাছ ছিল গ্রামীণ মানুষের নিত্যদিনের খাবারের অন্যতম উৎস। বর্ষা এলেই বাড়ির পাশের খাল কিংবা বিল থেকে মাছ ধরে আনার স্মৃতি অনেকের শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। সময় বদলেছে, জলাশয় কমেছে, খাল দখল ও দূষণের কারণে অনেক জায়গায় মাছের স্বাভাবিক বিচরণও বাধাগ্রস্ত হয়েছে। তবু বর্ষার পানিতে যখন আবার খাল ভরে ওঠে, তখন সেই পুরোনো দিনের কিছুটা যেন ফিরে আসে। কারণ একটি খাল শুধু পানি বহন করে না। সে বহন করে জীববৈচিত্র্য, মানুষের জীবিকা, গ্রামের অর্থনীতি আর প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। 

আজকের সংবাদ, সর্বশেষ

এসএসসির অপ্রত্যাশিত ফলেও থেমে নয়, এগিয়ে যাওয়ার আহ্বান 

নওগাঁ প্রতিবেদক :  ‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ অপ্রত্যাশিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা, জেলা শিক্ষা অফিসার সাহাদত হোসেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত পরিচয় নয়। একটি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া মানেই জীবনে ব্যর্থ হয়ে যাওয়া নয়। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে সাফল্যমণ্ডিত জীবন গড়ে তোলার কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। সমাবেশে শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা

মো. ইয়াছিন পালোয়ান :  “রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং স্থানীয় মৎস্যচাষীরা।  আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। মৎস্যচাষীদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।  অনুষ্ঠানে মৎস্যচাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মৎস্যচাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন। 

আজকের সংবাদ, খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

রাকিবুল ইসলাম :  অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। পেসার হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন। জবাবে ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখায় বাংলাদেশ। তানজিদ হাসান ১০১ রান করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার গৌরব অর্জন করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াকু ইনিংস তাদের কিছুটা আশা দেখালেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ নেন দুর্দান্ত ৫ উইকেট। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ একটি উইকেট হারালেও কোনো বিপদ হতে দেয়নি। শেষপর্যন্ত ৯ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য এক অনন্য মাইলফলক। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিং, তানজিদের ঐতিহাসিক শতক, মিরাজের কার্যকর অলরাউন্ড পারফরম্যান্স এবং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় এসেছে এই স্মরণীয় জয়।

আজকের সংবাদ, চাঁদপুর

৬৫০ গ্রামে শুরু, দুই মাসে নতুন জীবন

শহর প্রতিনিধি, চাঁদপুর : একটি শিশু জন্মগ্রহণ করল মাত্র সাড়ে ৬০০ গ্রাম ওজন নিয়ে। চিকিৎসকদের আশঙ্কা ছিল, বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে প্রায় দুই মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যায় সেই সংকটাপন্ন নবজাতক এখন মায়ের কোলে ফেরার অপেক্ষায়। চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বর্তমান ওজন ১ কেজি ১৫০ গ্রাম। জানা গেছে, জাকির ও তানজিনা দম্পতির যমজ সন্তান জন্ম নেয় গর্ভাবস্থার মাত্র পাঁচ মাসে। ঢাকার একটি হাসপাতালে জরুরি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া দুই শিশুর প্রত্যেকের ওজন ছিল প্রায় সাড়ে ৬০০ গ্রাম। জন্মের পরপরই একজন মারা যায়। অপর শিশুটিকেও বাঁচানো কঠিন বলে পরিবারকে জানানো হয়। শেষ চেষ্টা হিসেবে গত ১৯ জুন শিশুটিকে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আজিজ মিয়া ও ডা. রোমান মিজির তত্ত্বাবধানে শুরু হয় নিবিড় চিকিৎসা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি শিশুটির পুষ্টির জন্য প্রয়োজন অনুযায়ী অন্য মায়ের বুকের দুধও সংগ্রহ করা হয়। চিকিৎসকরা জানান, ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় দুই মাস চিকিৎসার পর গত ১৪ আগস্ট তাকে এনআইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার ওজন ১ কেজি ১৫০ গ্রাম। সহযোগী অধ্যাপক ডা. আজিজ মিয়া বলেন, এত কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুর এভাবে সুস্থ হয়ে ওঠা অত্যন্ত বিরল। নিবিড় পরিচর্যা, চিকিৎসকদের প্রচেষ্টা, পরিবারের ধৈর্য এবং সৃষ্টিকর্তার রহমতে শিশুটি সংকট কাটিয়ে উঠেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম খান বলেন, তাদের এনআইসিইউতে এ পর্যন্ত এক হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়েছে। তবে এই শিশুটি ছিল সবচেয়ে সংকটাপন্নদের একজন। চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এক সন্তানকে হারানোর বেদনার মধ্যেও মৃত্যুর শঙ্কা কাটিয়ে ফিরে আসা সন্তানকে নিয়ে আশাবাদী জাকির-তানজিনা দম্পতি। চিকিৎসক ও পরিবারের প্রায় দুই মাসের লড়াই শেষে সাড়ে ৬০০ গ্রাম ওজনের সেই নবজাতকের সুস্থ হয়ে ওঠা চাঁদপুরে নবজাতক চিকিৎসায় একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ফিলিং স্টেশনে বাসাবাড়ির এলপিজি সিলিন্ডার রিফিল, ঝুঁকিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডার স্থানীয় একটি ফিলিং স্টেশনে রিফিল করে বাজারজাত করার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রিফিল করা সিলিন্ডার ব্যবহারের কারণে সাধারণ গ্রাহকদের জীবন ও সম্পদ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর এলাকায় অবস্থিত জে.কে এলপিজি ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির বাসাবাড়িতে ব্যবহৃত খুচরা গ্যাস সিলিন্ডার রিফিল করে সরবরাহের বিষয়টি প্রকাশ্যে আসে। ফরিদগঞ্জ সরকারি কলেজ রোড এলাকার ব্যবসায়ী রেজাউল করিমের গোডাউনে ফিলিং স্টেশন থেকে রিফিল করা সিলিন্ডার পাওয়ার পর বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুমোদিত প্রক্রিয়ায় বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার পুনরায় গ্যাস ভরার আগে সংশ্লিষ্ট কোম্পানির কারখানায় প্রতিটি খালি সিলিন্ডার পরীক্ষা করা হয়। সিলিন্ডারে মরিচা, ফাটল বা অন্য কোনো ক্ষতি রয়েছে কি না, মেয়াদ ঠিক আছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। এরপর সিলিন্ডারের ময়লা পরিষ্কার করে ভেতরে অবশিষ্ট গ্যাস বা তরল থাকলে তা নিরাপদ উপায়ে অপসারণ করা হয়। পরে নির্ধারিত প্রক্রিয়ায় সিলিন্ডারে এলপিজি ভরা হয় এবং ডিজিটাল ফিলিং মেশিনের মাধ্যমে গ্যাসের সঠিক পরিমাণ নিশ্চিত করা হয়। গ্যাস ভরার পর ভালভ সঠিকভাবে আটকানো, লিকেজ পরীক্ষা, কোম্পানির সিল, সেফটি ক্যাপ এবং ওজনের স্টিকার বা লেবেল লাগানোর মতো ধাপও অনুসরণ করা হয়। এসব পরীক্ষা ছাড়া সিলিন্ডার রিফিল ও বাজারজাত করা হলে তা ব্যবহারকারীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগের বিষয়ে গত ১০ ও ১২ আগস্ট জে.কে এলপিজি ফিলিং স্টেশন থেকে ব্যবসায়ী রেজাউল করিমের সরবরাহ করা বিভিন্ন কোম্পানির প্রায় ২৩টি এলপিজি সিলিন্ডার রিফিল করে তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে ওই সিলিন্ডারগুলো বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রি করা হয়। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ব্যবসায়ী রেজাউল করিমের গোডাউনে গিয়ে জে.কে এলপিজি ফিলিং স্টেশন থেকে রিফিল করা বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম ফিলিং স্টেশন থেকে সিলিন্ডার রিফিল করে আনার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “গত দুইদিনে আমি মোট ২৩টি সিলিন্ডার তাদের কাছ থেকে রিফিল করেছি।” এভাবে সিলিন্ডার রিফিল করা বেআইনি ও ঝুঁকিপূর্ণ কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে দাবি করেন। তার ভাষ্য, “ফিলিং স্টেশন আমাদের কাছে বিক্রি করছে বলেই আমরা কিনেছি।” এদিকে একই রাতে জে.কে এলপিজি ফিলিং স্টেশনে গিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার তাফাজ্জল হোসেন তাফুর সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, ১৩ আগস্ট সকালে তিনি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। তার অনুপস্থিতিতে ফিলিং স্টেশনের কর্মচারী সজিব এ কাজ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডার এভাবে রিফিল করা বেআইনি ও সম্পূর্ণ নিষিদ্ধ কি না—এ বিষয়ে জানতে চাইলে তাফাজ্জল হোসেন তাফু বলেন, “আমি এটা জানি। যারা করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি।” এ ঘটনায় স্থানীয় এলপিজি ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বেশি লাভের আশায় নিরাপদ ও অনুমোদিত প্রক্রিয়ায় বাজারজাত করা সিলিন্ডারের পরিবর্তে পরীক্ষা-নিরীক্ষাবিহীন ঝুঁকিপূর্ণ সিলিন্ডার গ্রাহকদের হাতে তুলে দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফরিদগঞ্জের এলপিজি গ্যাস বিক্রয়কারী ডিলার আমজাদ হোসেন, সাহাবুদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ী। তাদের দাবি, এলপিজি সিলিন্ডার অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ পণ্য। যথাযথ পরীক্ষা ছাড়া সিলিন্ডার রিফিল করে বাজারজাত করা হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “বেআইনিভাবে কোনো গ্যাস সিলিন্ডার রিফিল ও বাজারজাত করা হলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে ফরিদগঞ্জের হাঁসায় বিএনপির মিলাদ

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা বাইতুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদ, ১০নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পারভেজ হোসেন আবির, ১০নং গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন, ৩নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুম হোসেন, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ হোসেন, ১৬নং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ, ১০নং ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মোহিব মীর, যুবদল নেতা বিপ্লব, সবুজ ও রুবেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের শরীফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। 

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে শিশু শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

​নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শাহরাস্তির আয়নাতলী পেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।  শিশুর বাবা শামছুল হক জানান, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তিনি দাবি করেছেন, তার স্ত্রী সালমা বেগমের পরকীয়ার খবর স্থানীয়দের বলে দেন তার ছেলে শিশু শাওন। এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে একপর্যায়ে রাতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়।  ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশু শাওন হত্যাকারীকে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম, আবুল বাশার, ইমান হোসেন, সাহের আলম, মৌলভী আনিছুর রহমান, সোহান হোসেন, সোহাগী বেগম, বিউটি বেগম, ঝর্ণা বেগম প্রমুখ।  এছাড়াও মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁদের কাছে আদালতে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, হত্যাকাণ্ডের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর শাওনের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে এই ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। 

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

কাছিয়াড়া ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একুশে ক্লাবের জয়

টিটু হোসেন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কাছিয়াড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন ১) এর খেলা। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একুশে ক্লাব চাঁদপুর ও ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন, ফরিদগঞ্জ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় একুশে ক্লাব চাঁদপুর।  টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংবাদিক ফখরুল পাঠান, রফিকুল ইসলাম বিএসসি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাছিয়াড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন ১)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ ফারুক পাটোয়ারী। টুর্নামেন্টটির আয়োজন করেছে ঐক্যবদ্ধ কাছিয়াড়া স্পোর্টিং ক্লাব এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আহমেদ ফারুক পাটোয়ারী। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে প্রাণবন্ত এ ম্যাচ উপভোগ করেন। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জমজমাট লড়াই হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আজকের সংবাদ, প্রবাস

জার্মানির আইফেলে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১৮শ মানুষ 

মুনির হোসাইন জুয়েল, জার্মানি : জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের আইফেল অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত হুর্টগেনভাল্ড এলাকার দিকে এগিয়ে যাওয়ায় গেই এলাকার প্রায় ১ হাজার ৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল দ্রুত বিস্তার লাভ করছে। দুপুরের দিকে আগুন বসতিপূর্ণ এলাকা থেকে মাত্র ১৫০ থেকে ২০০ মিটার দূরে অবস্থান করছিল। পরিস্থিতির অবনতিতে এলাকাটিকে বড় ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র সক্রিয় করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২৫ হেক্টর বনভূমিতে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা ব্যাপকভাবে বিস্তৃত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ও জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।  দাবানল নিয়ন্ত্রণে শত শত ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। আগুন নেভাতে হেলিকপ্টারের পাশাপাশি পুলিশ, ফেডারেল সহায়তাকারী বাহিনী এবং জার্মান সেনাবাহিনী মাঠে রয়েছে। দুর্গম বনাঞ্চলে আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরি করা হচ্ছে। এ কাজে সেনাবাহিনীর ভারী যানবাহনও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কৃষক ও বনকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে জরুরি সহায়তা দিচ্ছেন। হুর্টগেনভাল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল। ফলে ওই বনাঞ্চলের মাটির নিচে এখনও অবিস্ফোরিত যুদ্ধের গোলাবারুদ থাকার আশঙ্কা রয়েছে। দাবানলের মধ্যে এসব পুরোনো গোলাবারুদের কিছু বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকলকর্মীদের ঝুঁকি আরও বেড়েছে। দাবানলের কারণে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাতাসের গতিপথ ও দিক পরিবর্তনের সঙ্গে আগুনের গতিবিধিও বদলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে আশপাশের আরও এলাকায় প্রয়োজন হলে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। এখনও আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিপুলসংখ্যক জরুরি কর্মী ও বিভিন্ন সংস্থার সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন যাতে নতুন করে বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Scroll to Top