২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

ec
আজকের সংবাদ, রাজনীতি

ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচন

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ব্যালটে হবে।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ এম এম নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।  প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। অতীতে যদি কোনো প্রার্থীকে সুবিধা দিতে বা বঞ্চিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমানা নির্ধারণ করা হয়ে থাকে, সেগুলো খতিয়ে দেখা হবে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র ২০০১ সালের মানদণ্ড বা বর্তমানের কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে না। সুষ্ঠু ও ন্যায্য পদ্ধতিতেই কাজটি সম্পন্ন হবে। ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় অনেক অসংগতি রয়েছে। দুই মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। নতুন তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অনুপস্থিত বা বিদেশে থাকা ভোটারদের তথ্য যাচাই এবং ডুপ্লিকেট ভোটার শনাক্ত করে তালিকা সংশোধনের কাজ করা হবে। রোডম্যাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো রোডম্যাপ ঘোষণা করা হবে না, তবে নির্বাচন কমিশনের কাজের জন্য একটি অভ্যন্তরীণ পরিকল্পনা থাকবেই।

আজকের সংবাদ, জাতীয়

শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়

পঞ্চগড়: টানা চারদিন ধরে শৈত্যপ্রবাহে কাবু উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার  সকাল ৬ টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। টানা শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। অন্যদিকে তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড়, গরম খাবার খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৯%। হিমেল হাওয়ায় মৃদু শৈত্য প্রবাহে শীত অব্যাহত রয়েছে। জানা যায়, হালকা কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েকগুণ। মাঘের এই শীতের তীব্রতায় নাকাল সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

health
আজকের সংবাদ, স্বাস্থ্য

ঘুমে অনিয়ম ডেকে আনে হার্টঅ্যাটাক-স্ট্রোক

ডেস্ক: কারও কারও বেডটাইম নির্দিষ্ট। কেউ আবার সে সবের আশপাশ দিয়েও যান না। দিনে সাত-আট ঘণ্টা ঘুম হলেই হয় তাদের। তবে সাম্প্রতিক একটি গবেষণা বলছে, সাত-আট ঘণ্টার ঘুমই যথেষ্ট নয়। তার সঙ্গে জরুরি হলো, রোজ নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়া ও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা। অন্যথায় বিভিন্ন ক্ষতির মুখে পড়ে হৃদ-স্বাস্থ্য। কারণ, প্রতিদিন যাদের ঘুমের সময়টা বাঁধা, তাদের হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি যখন-তখন ঘুমানো মানুষদের তুলনায় বেশ কম। প্রায় ৭২ হাজার মানুষের ওপর হওয়া একটি স্টাডি থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ‘ব্রিটিশ মেডিক্যাল জার্নাল’ বা বিএমজে বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে।  চিকিৎসকরা বলছেন, শরীরের জৈব ঘড়িকে শৃঙ্খলায় বেঁধে না-রাখলে কার্ডিয়ো ভাসকুলার অসুখের ঝুঁকি বেড়ে যায়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকা, ক্যানাডা ও অস্ট্রেলিয়ার একদল গবেষক ওই ৭২ হাজার মানুষের স্লিপ প্যাটার্ন এবং সার্বিক স্বাস্থ্য বিশ্লেষণ করে ঘুমের বাঁধাধরা সময় সম্পর্কে এমন ভয় ধরানো তথ্য তুলে ধরেছেন তাদের গবেষণাপত্রে।  মুখ্য গবেষক জিন ফিলিপ স্যাপু জানিয়েছেন, তারা সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতিধিনের ঘুমের ধরন দেখে তিনটি গোষ্ঠীতে ভাগ করেছিলেন-যারা প্রতিদিন সময় বেঁধে ঘুমায়, যাদের প্রায়ই বড়জোর আধঘণ্টা সময়ের হেরফের হয় এবং যাদের প্রায়ই একঘণ্টা সময়ের হেরফের হয়। প্রতি রাতে ঘুমোতে যাওয়া ও রোজ সকালে ঘুম থেকে ওঠার সময় মানার ব্যাপারে যাদের এক ঘণ্টার বেশি সময়ের হেরফের হয়, তাদেরই ‘অনিয়মিত’ তালিকায় ফেলা হয়েছে। এই তিনটি গোষ্ঠীর জন্য তৈরি হয়েছিল স্লিপ রেগুলেটরি ইনডেক্স স্কোর। তার ১০০ পূর্ণমানের মধ্যে যারা ৭১ বা তার কম স্কোর করেছেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিটা মূলত তাদেরই বেশি বলেই দাবি গবেষকদের। তুলনায় ৮৭-র বেশি পাওয়া লোকজনের ঝুঁকি অনেকটাই, অন্তত ২৫% কম।  এই সিদ্ধান্ত তারা মিলিয়ে দেখেছেন ওই ব্যক্তিদের সার্বিক হৃদ-স্বাস্থ্যের সঙ্গে পর্যালোচনা করে। তাতে তারা দেখেছেন, হার্টঅ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কার নিরিখে সময়ে না-ঘুমোনো ও না-ওঠার মাশুল দেওয়ার আশঙ্কা তাদের অনেক বেশি।  শ্যাপু সতর্ক করে জানিয়েছেন, ঘুমের এই অনিয়ম সপ্তাহে দু’দিনের বেশি বরদাশত করতে পারে না শরীর। চিকিৎসকরাও মানছেন, এমনটা হওয়া স্বাভাবিক। নেপথ্যে রয়েছে শরীরের জৈব ঘড়ির ছন্দ বা সার্কাডিয়ান রিদম।  স্লিপ মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ বলেন, ‘গবেষকরা হাতে কলমে ঘুমের মান খারাপ হলে কী কী সমস্যা হয়, সেটা দেখিয়ে দিয়েছেন ঠিকই। তবে চিকিৎসাবিজ্ঞানে এ নিয়ে ধারণা নতুন নয়। অতীতেও দেখা গেছে, কর্মক্ষেত্রে যাদের শিফট বারংবার পরিবর্তন হয়, তাদের কার্ডিয়ো ভাস্কুলার হেলথের মান ভালো হয় না। কারণ, তাদের ঘুমোতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময়টা খুবই অনিয়মিত।’ তিনি জানান, সার্কাডিয়ান রিদমে ছন্দপতন হলে শরীরে এমন কিছু হরমোনের পরিবর্তন ঘটে ও বিপাক বিঘ্নিত হয়, যা আখেরে হৃদস্বাস্থ্যে কুপ্রভাব ফেলে। একই মত ভারতের ঘুম বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত ও অরূপ হালদারের। সৌরভের সুরেই দীপঙ্কর বলেন, ‘সার্কাডিয়ান রিদমে গোলমাল হলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, বিঘ্নিত হয় কোষস্তরের ড্যামেজ মেরামতির প্রক্রিয়াও। তা মারাত্মক প্রভাব ফেলে হার্টরেট, ব্লাডপ্রেশার, রেসপিরেটরি রেটে। এর জেরে রক্তবাহিকার নালীগুলি সরু হয়ে যায়, দেওয়াল হয়ে ওঠে শক্ত ও মোটা। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।’  অরূপ জানাচ্ছেন, ঘুম নিয়ে এই গবেষণা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিষয়টি মোটেই হেলাফেলার করার মতো নয়, বরং বেশ সিরিয়াস। তার কথায়, ‘সারা সপ্তাহ অনিয়মিত ঘুমের জেরে যে ক্ষতি হয় শরীরের, সেই ঘাটতি কখনোই সপ্তাহান্তে বা ছুটির দিনে পূরণ হয় না। তাই রোজ যথাসময়ে পর্যাপ্ত ঘুম জরুরি।’

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আমজাদ আলী চৌধুরী ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ পাভেল হোসেন (৩০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী পাভেল রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকার অছিম উদ্দিন বেপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার সহযোগীতা কামনা করছি এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মোতাহার হোসেন পাটোয়ারীর বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী মহান বিজয় দিবস উদযাপন করেন। শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন বিএনপির এই জনপ্রিয় (ফরিদগঞ্জে) নেতা। ১৬ ডিসেম্বর রাত বারোটার পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মতিনসহ শত শত নেতাকর্মী। এর আগে ১৫ ডিসেম্বর রাতে সাহাপুর গ্রামে গ্রামিণ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। ১৬ ডিসেম্বর সকালে পৌরসভার বিভিন্ন সমাজিক অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকাল সাড়ে তিনটায় ফরিদগঞ্জ সদরে শত শত মানুষের উপস্থিতিতে বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আইফা মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক পৌর বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, মো. আমির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. মনজুর হোসেন, মো. নকিব চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, মো. ফারুক হোসেন রনি, আরিফ তফদার, আরিফ রাড়ি, পৌর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক এমরান তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, জিয়া উদ্দিন জিয়া, বালিথুবা পূর্ব ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. হাফিজ হোসেন, রাশেল সর্দার, ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাছান মাছুম, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ মো. রোকন, পাইকপাড়া উ. ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক রুবেল, যুবদল নেতা মো. মাহফুজ, আনোয়ার গাজী, সুমন মোল্লা, হাবিব মেম্বার, সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ইসমাইল হোসেন বাবু, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মো. পারভেজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসিন মিজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিজি, শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

hasina
আজকের সংবাদ, রাজনীতি

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন

ঢাকা: গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে গুম কমিশন। শুনানি শেষে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ ছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলারও পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি।

আজকের সংবাদ, জাতীয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত

ঢাকা: আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনিও আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন। এসময় আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। উপদেষ্টা বলেন, এর বাইরে গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারাদেশে গ্রেফতার অভিযান আরও জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়ত আপনারা দেখতে পারবেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেফতার করা হবে। ছাত্রলীগ ফিরে আসবে বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই বিষয় উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে এটি অন্য সময়ের ছবি কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড, এমন তথ্য এসেছে। আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) যেকোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, সেই সম্ভাবনা আছে, যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) না হয়।

আজকের সংবাদ, জাতীয়

পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। এ সময় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান। হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) ফারুক, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়। বিজয়নগর থানার ওসি রওশন আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরি একটি মাহফিলের আয়োজন করে। এ ছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

আজকের সংবাদ, রাজনীতি

বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৬ ডিসেম্বর (সোমবার) ৫৪তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করবে ঢাকা মহানগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটি তাদের ফেসবুক পেজ থেকে করা এক স্ট্যাটাসে একথা জানিয়েছে। স্ট্যাটাসে বলা হয়, ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। র‍্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

chatradol
আজকের সংবাদ, রাজনীতি

বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে তারা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর শাখার অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকাসহ বিজয় র‍্যালি কর্মসূচি পালিত হবে। সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।

আজকের সংবাদ, রাজনীতি

২১ ডিসেম্বর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া

ঢাকা: দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপিপ্রধান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মুক্তিযোদ্ধা দল। এরই মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সর্বশেষ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সভা-সমাবেশ করা যায়নি। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে। এখন আগের মতো হামলা-মামলা ও হয়রানিার শঙ্কা নেই। সেজন্য আগামী ২১ ডিসেম্বরের সমাবেশে সারা দেশ থেকে দেড় থেকে দুই হাজার মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জেনেছি। শারীরিক অবস্থা ঠিক থাকলে সেখানে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সীমান্তবর্তী দুই জেলায় সমাবেশ আগামী সপ্তাহে: এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ ও অবস্থানের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএনপি। সম্প্রতি দলটির নেতাকর্মীদের বক্তব্য ও কিছু পদক্ষেপে বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন বাংলাদেশ নিয়ে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন ও জাগ্রত করার লক্ষ্যে সীমান্তবর্তী দুই জেলা পঞ্চগড় ও জামালপুরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপিতে ভারতবিরোধী মনোভাব বাড়তে থাকে। কিন্তু কোনো কর্মসূচিতে যায়নি দলটি। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুপক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে—এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপির তিন সংগঠনে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি এবং আগরতলা অভিমুখে লংমার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। দলটির একাধিক নেতা মনে করেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ—এ দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারতবিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এ বিষয়ে কালবেলাকে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার (প্রোপাগান্ডা) ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র-জনতার সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত খবর প্রচার করছে। তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। নেতাদের আরও পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কী করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। এ ক্ষেত্রে বিএনপি বলছে, তারা একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথকভাবে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। এই বৈঠক এমন সময় হয়েছে, যখন বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দৃঢ় হয়েছে। আঞ্চলিক রাজনীতিতে এটি বিশেষ মেরূকরণ বলেও মনে করা হচ্ছে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল কালবেলাকে বলেন, ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আগরতলা এবং কলকাতায় বাংলাদেশের হাইকমিশন ও সহকারী হাইকমিশনে যেভাবে হামলা করে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, তা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর প্রচণ্ড আঘাত। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো চুপ করে বসে থাকতে পারে না। খোঁজ নিয়ে জানা যায়, আগামী ১৯ ডিসেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর ২২ ডিসেম্বর সীমান্তবর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে বোদা উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ গতকাল কালবেলাকে বলেন, বোদা উপজেলার ঐতিহাসিক সাকোয়া হাই স্কুল মাঠে জনসভা সফল করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, লক্ষাধিক লোকসমাগম হবে।

আজকের সংবাদ, জাতীয়

শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

ডেস্ক: পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার (১৫ ডিসেম্বর) আফরোজা সুলতানা স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এরপর দিন সোমবার (১৬ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Scroll to Top