৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংক
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী (বুধবার) দুপুর ১২ টার দিকে ফরিদগঞ্জ জয়া প্লাজায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় অন্তত ৩০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ: অমিত চক্রবর্তী, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার: কামরুদ্দুজা সিফাত ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। তিনি আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান। আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ অমিত চক্রবর্তী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা বছর অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করবেন।

আজকের সংবাদ, রাজনীতি

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে উড্ডয়ন করে কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি কাতারের দোহায় যাত্রাবিরতি করে বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান। গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ আত্মীয়স্বজনেরা তাকে বিদায় জানান।

আজকের সংবাদ, জাতীয়

ভারতে প্রবেশকালে সীমান্তে নারী-শিশুসহ ২৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল থেকে বুধবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর ও জীবননগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন শিশু ও ১৩ জন পুরুষ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ওইসব এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন তারা। সেসময় বিজিবি অভিযান চালিয়ে তাদেরও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটির অভিমত, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেছেন, তারা জেনেছেন, ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের উল্লেখ নেই। তাই সরকারি উদ্যোগের আসন্ন ‘ডিক্লারেশনে’ এ বিষয়টির অন্তর্ভুক্তিতে এখন থেকে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত দেন। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মোটাদাগে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গত ৬ জানুয়ারি রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে। ঢাকার বাইরে মতবিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে। এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক মতবিনিময়েও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে পরামর্শ উঠে এসেছিল। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে অভিমত দেন। তারা বলেন, এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। সরকারের এখন উচিত, জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। সরকারকে কোনো চাপ কিংবা কোনো পক্ষ বা কারোর স্বার্থ প্রাধান্য না দিয়ে জনস্বার্থে দেশকে নির্বাচনমুখী করে সামনে এগিয়ে যেতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির নেতারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কেননা, গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করতে গিয়ে এই সময়ে তাদের অসংখ্য নেতাকর্মী গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। নেতাদের দাবি, হঠাৎ করে নয়, বিএনপির গত ১৬ বছরের আন্দোলনের পটভূমিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে। সুতরাং এই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। কিন্তু বিএনপির সেই দীর্ঘ সংগ্রাম, ত্যাগ নিয়ে কোনো আলোচনা নেই। এমন প্রেক্ষাপটে ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপির ১৬ বছরের সংগ্রাম-ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্তিতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে শিগগির সভা-সেমিনারের মধ্য দিয়ে তাদের ওপর নির্যাতন-নিপীড়ন, তাদের ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হবে। এ ছাড়া আগামীতে সরকারের সঙ্গে আলোচনায়ও এ বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বিএনপি। গত ৩১ ডিসেম্বর ছাত্রদের ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়ার উদ্যোগ এবং শেষ মুহূর্তে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐকমত্যে এই ঘোষণাপত্র তৈরির ঘোষণায় তা স্থগিত করা হয়। ‘ডিক্লারেশন’ প্রশ্নে ছাত্র এবং সরকারের এই অবস্থান বিএনপির কাছে স্পষ্ট নয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, এই ইস্যুতে সরকার যখন আলোচনার উদ্যোগ নেবে, তখন বিষয়টি তুলে ধরবে বিএনপি। দেশে ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত বলে গত ২৭ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে অভিমত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টিতে আলোচনায় বিএনপি নেতারা অভিমত দেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভোটার হওয়ার বয়স ১৮ বছর। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এমনটা করলে তাতে জটিলতা বাড়বে, নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণ হবে। সুতরাং ভোটার হওয়ার বয়স ১৮ বছরই থাকা উচিত। প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পরদিন রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটারের বয়স ১৮ বছর তো আছে, সবার কাছে গ্রহণযোগ্য। যদি কমাতে চান, সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। এভাবে না বলে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল, এটা ভালো হতো। তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না। মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে আরও সময় যাবে, কালক্ষেপণ হবে। মানুষের মনে ধারণা সৃষ্টি হচ্ছে, কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। জানা যায়, ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের অন্যতম লক্ষ্য ছিল বাহাত্তরের সংবিধানকে বাতিল করা। এ ক্ষেত্রে বিএনপির আপত্তি রয়েছে, যেটি দলটির নেতারা এরই মধ্যে জানিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে ফের আলোচনা হয়েছে। নেতারা মনে করেন, সংবিধানের বাইরে গেলে দেশে অস্থিরতা তৈরি হবে। তা ছাড়া ছাত্ররা যে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলছে, সেই বাহাত্তরের সংবিধানের আলোকেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনসহ রাষ্ট্রের সব কিছু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই সংবিধানের অধীনে রাষ্ট্রের কাঠামোগত একটা অবস্থান আছে। সুতরাং যারা এটা বাতিলের কথা বলছে, তাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিএনপির অভিমত, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধন হতে পারে। সেটাই হবে সর্বোত্তম পন্থা। এদিকে সরকার বিজয় দিবসে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার ব্যাপারে একটা ধারণা দিলেও এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। এর পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপ থাকতে পারে বলেও বৈঠকে কেউ কেউ অভিমত দেন। তারা বলেন, ছাত্ররা সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারা দেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে এবং জনগণের পালস বুঝে সরকারকে রোডম্যাপ দিয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোনো দরকার। কারণ, দেশবিরোধী নানা ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। তা ছাড়া নির্বাচন যত বিলম্ব হবে, সংকটও তত বাড়বে। বৈঠকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সব সুযোগ বন্ধ করে রেখেছিল। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন যে বিদেশে যাচ্ছেন, এটা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করা হয়, চিকিৎসা শেষে তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। গতকাল রাতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। দেশটিতে পৌঁছে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন তিনি।

আজকের সংবাদ, জাতীয়

ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই। বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি। ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে বশিরউদ্দীন বলেন, শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক নয়, আমরা ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই। আলুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আরও কমবে। তিনি আরও বলেন, বছরের শেষে সরকারি পর্যায়ে কিছু আলু মজুত করবে এবং প্রয়োজন হলে আমদানি করে মজুত করা হবে। গত বছর আলুর মূল্য বাড়ায় চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে এবং এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে। এ সময় বাজারে চালের কোনো ঘাটতি নেই মন্তব্য করে তিনি বলেন, নিজস্ব মজুতেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যুবদল নেতা ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে যুবদল নেতা রাসেলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ সোমবার (৬ জানুয়ারি) রাতে থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম’র নির্দেশে এস.আই মো. আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম রূপসা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রাসেল(২৮)কে ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক তিনি রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার ওবায়েদ উল্যাহর ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ১৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সংবাদ, ইসলাম, জাতীয়

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫।  প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   এতে বলা হয়, প্রতিযোগিতাটি ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৪টি জোন, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে। জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে উপহার হিসেবে ১ম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে ‘কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নামে দুটি নতুন কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেল’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ গঠন করা হয়েছে। কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঈনুল ইসলাম। এছাড়া সদস্যরা হলেন- মোফাজ্জল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মো. ইসমাইল, আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন ও জাওয়াদ আহমেদ। এছাড়া ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্টের সেল সম্পাদক হিসেবে রয়েছেন হামযা মাহবুব। সেলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আরমানুল ইসলাম, মাহবুব-ই-খোদা, শেখ তারেক জামিল তাজ, মুহাম্মদ উসামা, সাঈদ আফ্রিদি, মো. হেলাল উদ্দিন নাঈম ও মো. ইমাম হোসাইন ইমন।

আজকের সংবাদ, জাতীয়

২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা

নিজস্ব প্রতিবেদক: আগামী আড়াই বছরে ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান করতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ১০০টি অর্থনৈতিক অঞ্চল নয়, আপাতত ৫টি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দেবে সংস্থাটি।  মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে এ তথ্য জানান বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী।  তিনি জানান, সারাদেশে সরকারি-বেসরকারি ১০০টি অর্থনৈতিক এলাকা করার কথা ছিল বেজার। তবে আপাতত সরকারি পাঁচটি এলাকার কাজ করবে সংস্থাটি। যা আগামী ২০২৬ সালের মধ্যে শেষ করা হবে।  চেয়ারম্যান বলেন, ‘১০০ ইকনোমিক জোন নির্মাণের জায়গা থেকে আমরা সরে যাচ্ছি না। তবে এখন আমাদের মনে হচ্ছে, আগামী ১০ বছরের মধ্যে আমরা ১০টি ইকনোমিক জোনের কাজ পরিপূর্ণভাবে শেষ করতে পারলেই যথেষ্ট হবে। এই ৫টা এলাকা সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেলে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা বাকি জোনগুলোতে কাজ শুরু করবো। যেসব এলাকায় মানুষ পিছিয়ে আছে, সেখানে বেজার কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ও কর্মসংস্থানর সৃষ্টি করা। বেজার কাজ মুনাফা করা নয়’। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো সরকারি এই পাঁচটি ইকনোমিক জোনে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিতে পারিনি। তবে আমরা পরিকল্পনা করেছি, আগামী ২০২৬ সালের মধ্যে এই পাঁচটি ইকনোমিক জোনে পানি, বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা করবো। এছাড়া বেসরকারি ইকনোমিক জোনের জন্য রোডম্যাপ করা হবে। এই রোডম্যাপ অনুযায়ী বেসরকারি ইকনোমিক জোনগুলোতে যোগাযোগ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে । তবে বেসকারিভাবে বরাদ্দ দেওয়া কোন অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হবে না ’।  আরেক এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় না। তবে আগামী দুই বছরের মধ্যে এই পাঁচটি ইকনোমিক জোনে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু আমাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে।   এসময় বেজার ওয়েবসাইট থেকে ৬০টি ওয়ান স্টপ সার্ভিস চালু আছে এবং আরও সার্ভিস চালুর অপেক্ষায় আছে বলে জানান তিনি।  তিনি আরো বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বেজার স্বাধীনতা ফিরিয়ে আনার কাজ করছি। সেই সঙ্গে কাগজ মুক্ত ডিজিটাল অফিস করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী সেবা পৌঁছানোর জন্য কাজ করছি।

hsc
আজকের সংবাদ, জাতীয়, শিক্ষা ও সাহিত্য

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে। এ জন্য পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ চলছে।  মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এ তথ্য জানিয়েছেন। আবুল বাশার বলেন, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচির (রুটিন) খসড়া প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।  ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে। সাধারণত, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ২০২৪ সালের ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। তবে আন্দোলনের জেরে মাঝপথে এসে পরীক্ষা স্থগিত করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হলেও সেগুলো না দেয়ার দাবিতে আন্দোলন করেন পরীক্ষার্থীরা।  পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়। তাতে পাস করে ৭৭.৭৮% শিক্ষার্থী।

JSD
আজকের সংবাদ, রাজনীতি

‘ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবার চালু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল সেটি আবার চালু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদ স্বপন বলেন, যে মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার যে ন্যায্যতা সেটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে তারাই এ ধরনের কাজ করছে বলে দাবি করেন তিনি। সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, সংস্কার মানে আগের যতো অন্যায্যতা সব কিছুকেই ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি সবখানেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল আছে। সেটিরই একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা, যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক, আবদুল মান্নান মুন্সি, মোশারফ হোসেন মন্টু, কামরুল আহসান অপু, ম. মোস্তাক, এসএম মনিরুজ্জামান মনির, ফারহান হাবীব, মফিজুর রহমান বাবুল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

Upodesta
আজকের সংবাদ, জাতীয়

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি। তিনি আরও বলেন, যারা আহত হয়েছে তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে তো আর নেওয়া যাবে না, তবে একেক জন একেকভাবে আহত হয়েছেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে কিছু জনকে আমরা পুলিশ বাহিনীতে নেব। আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১০০ আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে আমরা এ সংখ্যাটা আরও বাড়াব। আমরা আপাতত পুলিশে শুরু করছি, পরবর্তীতে আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে সব থেকে বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। মানিলন্ডারিং নিয়ে আমি সিআইডি প্রধানকে সবথেকে বেশি ইন্সট্রাকশন দিয়েছি। আমি সিআইডি প্রধানকে বলেছি, দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য। সিআইডিতে আজকে আমার একটা নরমাল ভিজিট ছিল। সিআইডির তদন্তের বিষয়ে তিনি বলেন, তদন্তের নামে সময়ক্ষেপণে লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে, কারা কারা মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত- সেটা আমি সিআইডিকে বলেছি। যদি তদন্তের নামে দুই-তিন বছর চলে যায় তাহলে তো এটার কোনো কার্যকারিতা থাকে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আরও একটি প্রপোজাল পাঠিয়েছিলাম যে, বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা। তবে অবসরপ্রাপ্তরা এ বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন। আমি ভেবেছিলাম তারা অনেকে আসতে চাইবে, কিন্তু ওই রকম সংখ্যা আমরা পাইনি। তবে আমরা আপাতত ৫০-৬০ জনের মতো পেয়েছি। তবে আমরা চেয়েছিলাম অন্তত ৫০০ জন দিয়ে শুরু করি। শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকিংয়ের বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য তাদের আমরা সময়টা কম দিয়েছি। তারা যেন পড়াশোনাও করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সে ব্যবস্থা করেছি। তাদের একটা সম্মানীও দেওয়া হচ্ছে। তারা রাস্তায় ২-৩ ঘণ্টা কাজ করবে।

Scroll to Top