৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

নিজস্ব প্রতিবেদক: রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়। এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা ফিতরা দিতে হবে (প্রতি কেজি ১৬০ টাকা ধরে)। এছাড়া প্রতি কেজি ৬০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশ বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৩১০ টাকা (প্রতি কেজি ৬০০ টাকা ধরে) ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি। ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান আবদুল মালেক। কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

অর্থনীতি, আজকের সংবাদ

স্বর্ণের চেয়েও দামি ফুল, যে কেউ চাষ করতে পারবেন

ডেস্ক: দেখতে অতি সাধারণ। কিন্তু এই ফুল স্বর্ণের চেয়েও দামি। অত্যন্ত নাজুক এ ফুল খুব যত্ন করে চাষ করতে হয়। তারপর নির্দিষ্ট সময়ে খুব সতর্কতার সঙ্গে এ ফুল সংগ্রহ করতে হয়, যেন গাছের কোনো ক্ষতি না হয়। এই ফুলের আঁশ থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি মসলা। কোনো খাবারে এই মসলা মেশালে তা থেকে সুগন্ধি যেমন বের হয়। তেমনি এ মসলার রয়েছে আকর্ষণীয় রঙ এবং নানা স্বাস্থ্যগত গুণাগুণ। বিশ্বের সবচেয়ে দামি এ মসলার নাম জাফরান। মাত্র কয়েক গ্রাম ভালো মানের জাফরানের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে। অত্যন্ত দামি এ মসলা প্রধানত ইরান, পাকিস্তান, ভারত ও এর আশপাশের অঞ্চলেই উৎপন্ন হয়। আর সবচেয়ে উৎকৃষ্টমানের জাফরান হয় কাশ্মীরে। কাশ্মীরের পামপোরে অঞ্চলে নারী ও শিশুসহ প্রায় ৩০ হাজার পরিবার জাফরান চাষবাসের সঙ্গে জড়িত। এখানে উৎপন্ন হওয়া জাফরানে অতিমাত্রায় ক্রোসিন থাকে। চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এ উপাদান বিশ্বের অন্য কোথাও উৎপন্ন হওয়া জাফরানে আর এত বেশি মাত্রায় থাকে না। অত্যন্ত দামি হওয়ায় খুব যত্ন সহাকারে এ ফুলের চাষ করা হয়। ফুল দেখতে উজ্জ্বল বেগুনি রং ধারণ করলে তা ছিঁড়ে ফেলতে হয়। তবে এটাও খেয়াল রাখতে হবে যেন গাছের কোনো ক্ষতি না হয়। এরপর গর্ভমুণ্ড ফুল থেকে আলাদা করা হয়। সেই গর্ভমুণ্ড রোদে শুকালেই পাওয়া যায় জাফরান, যা বিশ্বের সবচেয়ে দামি মসলা। পাইকারি বাজারে প্রতি এক পাউন্ড কাশ্মীরি জাফরানের দাম ৬০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর খুচরা প্রতি পাউন্ড জাফরানের দাম ১২ লাখ টাকার বেশি হতে পারে। অত্যন্ত দামি হওয়ায় যারাই এ মসলার চাষ করেন, রাতারাতি ধনী হয়ে যেতে পারেন! মূলত শীতভাবাপন্ন অঞ্চলে এ মসলার উৎপাদন হলেও বাংলাদেশেও এটি চাষের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশি গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন আলো-আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে জাফরান ফুল ফোটাতে সক্ষম হয়েছেন। এই অধ্যাপকের ভাষ্য, উন্মুক্ত জায়গায় উপযুক্ত পরিবেশেও জাফরান চাষ বেশ ব্যয়বহুল। সে হিসাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে উৎপাদন খরচ আরেকটু বেশিই হওয়ার কথা। কিন্তু এ পদ্ধতিতে আবহাওয়াজনিত কারণে ফসল মারা যাওয়ার সম্ভাবনা কম। আর বছরে একাধিকবার ফলন ওঠানো যাবে। তাই এই গবেষক মনে করেন, এর সঙ্গে বিশ্বব্যাপী জাফরানের বিপুল চাহিদা ও দামের বিষয়টি বিবেচনায় নিলে উপযুক্ত পৃষ্ঠপোষকতা পাওয়া সাপেক্ষে বাংলাদেশেই এর লাভজনক বাণিজ্যিক উৎপাদন সম্ভব। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে যে কেউ এটা চাষ করতে পারবেন। জাফরান সারাবিশ্বে রান্নায় ব্যবহারের জন্য বিখ্যাত। খাদ্য-রসিকদের কাছে এর আলাদা কদর আছে। মোঘলদের রসুইঘর থেকে শুরু করে হালের তারকাখচিত হোটেলগুলোতেও জাফরানের বহুল ব্যবহার দেখা যায়। খাবারে এই জাফরান মেশালে তা যেমন স্বাদে আনে ভিন্নতা, আবার ছড়ায় মোহনীয় সুগন্ধও।

অর্থনীতি, আজকের সংবাদ

পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো অতীব জরুরি। সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পাটজাত পণ্য জনগণের কাছে সহজলভ্য করতে কাজ করছে সরকার। রোববার (০৯ মার্চ) পরিবেশবান্ধব ও টেকসই পাটপণ্য জনপ্রিয়করণের লক্ষ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার, মনিপুরীপাড়া, ফার্মগেটে আয়োজিত ‘বহুমুখী পাটপণ্য মেলা ও তাত বস্ত্র মেলা-২০২৫’-এর স্টল পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পাট আমাদের ঐতিহ্যের প্রতীক এবং পরিবেশবান্ধব অর্থনীতির সম্ভাবনাময় খাত। সরকার পাটখাত পুনর্জীবিত করতে নীতি সহায়তা দিচ্ছে, তবে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। উপদেষ্টা মেলার আয়োজকদের ধন্যবাদ জানান এবং পাটপণ্যের প্রসারে আরও উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসব পরিবেশবান্ধব পণ্য ছড়িয়ে দিতে হবে। উপদেষ্টাদ্বয় মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পাটপণ্যের বহুমুখী ব্যবহারের প্রশংসা করেন। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পাটপণ্য প্রদর্শন করেন, যার মধ্যে ছিল ব্যাগ, গৃহস্থালি সামগ্রী, ফ্যাশন পণ্য, জুতা ও আসবাবপত্র।

আজকের সংবাদ, জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক: নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যে কোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। সোমবার (১০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স এ হটলাইন সেবা চালু করেছে। এর আগে রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল হটলাইন চালুর বিষয়টি জানান। হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১ ০১৩২০০০২০০২ ০১৩২০০০২২২২ ফোন নম্বরগুলো দিবারাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতোই চালু রয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পৃথক পৃথক স্থান থেকে তিন শিশুর মরদেহ নিয়ে যাওয়া হয়। নিহত শিশুরা হলো চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)। মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক কাজে ব্যস্ত ছিল। অপরদিকে মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

আজকের সংবাদ, জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

নিজস্ব প্রতিবেদক: অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। রোববার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন হয়ে আসছে। এবারের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন।

আজকের সংবাদ, রাজনীতি

নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এ ছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। সাবেক সমন্বয়করা জানিয়েছেন, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

আজকের সংবাদ, জাতীয়

সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন দ্রুত হওয়া উচিত : উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচন দ্রুত হওয়া উচিত বলে মত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও বলেন, নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর দ্রুত নির্বাচন হওয়া জরুরি। একই সঙ্গে নাগরিক সেবায় গতিশীলতা আনতে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি মানসিক ও আচরণগত সংস্কার আনার প্রয়োজনীয়তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতা বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য আরও মার্জিত হওয়া উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রীশিউলী আক্তার (৩৫)। শিউলী আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে। তারা শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। মৃত শিউলীর পরিচালিত ইউনিভশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে। একত্রে তারা দুজন কাজ করতেন। ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫-৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিউলী আক্তারের মা খুরশিদা জানান, সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাফসান ও রাফি নামের শিউলীর আগের ঘরের দুটি সন্তান রয়েছে। ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা সে ভাড়ার টাকা দিতো। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিলেন। তবে শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সংবাদ, জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে প্রথম কারণ আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। একজন আরেকজনের বিষোদগারে ব্যস্ত। তিনি বলেন, এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জরুরি বিষয়ের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা (অপরাধীরা) খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সে কারণে এই অপরাধগুলো হচ্ছে। তবে আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি- তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, আজ পুলিশ সদস্যরা কাজ করছেন না। এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড (আতঙ্কিত)। বিভিন্ন গুম-খুনের তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড (অবমূল্যায়ন) না হয়। জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। দুই লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র‍্যাব আছে ও আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে পূরণ করবো। ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের (দেশের মানুষের) নিজস্ব তৈরি। বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি-শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে- কিন্তু দিনশেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ৪ দিন ব্যাপী অমর একুশে বই মেলা সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি: সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ, একুশের কবিতা আবৃত্তি, বই পর্যালোচনা, সনাতনী ধারার ও বারোয়ারী বিতর্ক, স্থানীয় কবি সাহিত্যিকদের (যাদের প্রকাশিত বই রয়েছে) সস্মাননা এবং বই ক্রেতাদের বিশেষ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ফরিদগঞ্জে অমর একুশে বই। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছর ৪ দিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় মেলার কার্যক্রম সমাপ্তিও করেন উপজেলা নির্বাহী অফিসার। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন,‘একুশ আমাদের গর্বের ইতিহাস। একুশ কে তাই শ্রদ্ধার সাথে পালন করা হয়। বই কিনে কেউ দেউলিয়া হয়না। মানুষের মধ্যে সৃজনশীলতা জাগ্রত করে বই। অমর একুশে বই মেলাটি যদি ৭/১০ দিন ব্যাপী করতে পারতাম ভালো লাগতো। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আশা করি সবার সহযোগিতা থাকলে বিশেষ করে ফরিদগঞ্জের পুস্তক ব্যবসায়ীদের সহযোগিতায় আগামীতে আমরা আরো বড় পরিসরে বই মেলা করতে পারবো। এবার যে টুকু হয়েছে তার কৃতিত্ব দিতে হবে ফরিদগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ সাহেবকে। কারণ তার ঐকান্তিক প্রচেষ্টা এবং আগ্রহের কারণে বই মেলাটি হয়েছে।’ ৪ দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে প্রথম ও শেষ দিন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র পরিবেশনায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, ২য় দিন স্থানীয় কবিদের স্ব-রচিত কবিতা পাঠ, ৩য় দিন একুশের কবিতা আবৃত্তি ও বই পর্যালোচনা, ৪র্থ দিন বিকালে ছিলো সনাতনী ধারার বিতর্ক। বিতর্কে অংশ নিয়েছেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ও গৃদকান্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। বিতর্কের বিষয় ছিলো ‘শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে অভিভাবকের চেয়ে শিক্ষকের গুরুত্ব অধিক।’ পক্ষ দল ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বিপক্ষ দল গৃদকান্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। আড়াই পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গৃদকান্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দল নেতা সুমাইয়া জাহান। সভা প্রধানের দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম ফরহাদ, মডারেটর শামিম শেখ, বিচারক ফয়সাল তাহসান ও আনিছুর রহমান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বারোয়োরী বিতর্ক। বিষয় ছিলো ‘আমার পেশায় আমি সেরা। এতে অংশ গ্রহণ করেন ফরিদগঞ্জ লেখক ফোরামের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। বিতর্কের সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, মডারেটর ছিলেন নুরুল ইসলাম ফরহাদ। বিতর্কে অংশ নেন ডাক্তার শামিম শেখ, ব্যাংকার ফয়সাল তাহসান, শিক্ষক আনিছুর রহমান, ঘটক তারেকুর রহমান তারু, সাংবাদিক জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জহির আহমেদ সাজিদ, পুলিশ মোবারক করিম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন, হাতের সুন্দর লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান’র সৌজন্যে স্থানীয় পর্যায়ে যাদের প্রকাশিত বই রয়েছে সে সকল কবি সাহিত্যিকদের সম্পাননা প্রদান করা হয়। বিশেষ করে অমৃত ফরহাদ, দন্তন্য ইসলাম, পাভেল আল ইমরান, নুরেজ্জামান, মো. নাছির উদ্দিন, রাসেল ইব্রাহিম, ইলিয়াস বকুল, কাব্য রাত্রি, তৃপ্তি মনি ও সাহেদ বিন তাহেরকে এই সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও সিটি লাইব্রেরি স্টল থেকে যে সকল ক্রেতা বই ক্রয় করেছেন তাদের প্রত্যেককে একটি টোকেন প্রদান করা হয়। মেলা শেষে সেসব টোকেন থেকে লটারির মাধ্যমে ৫ জন বই ক্রেতাকেও পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক পর্বের পুরস্কার প্রদান করা হয় ইউএস ভিত্তিক সামাজিক সংগঠন “ওয়ান লাইট ফাউন্ডেশন” র প্রতিষ্ঠাতা নুর সারা কাদির এর সৌজন্যে। নবীন, প্রবীন লেখকদের বইয়ের সমারোহে মেলা ছিলো উৎসবমুখর। প্রতিদিনই ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর. এম জাহিদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালী উল্যাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ও অন্যন্যা নারী কল্যাণ সংর্ঘের সভাপতি রাবেয়া আক্তার প্রমুখ।

আজকের সংবাদ, রাজনীতি

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ‘ফাহিম’। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদের ছোট এক ভাই রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। কোটাবিরোধী আন্দোলন ঘিরে তাকে দু’বার আটক করা হয়। এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

Scroll to Top