৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

ঈদুল ফিতরে টানা ৯ দিন সরকারি ছুটি 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। ঈদ উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর হতে পারে ৩১ মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের ২ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।

আজকের সংবাদ, চাঁদপুর

মতলবে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। এ ঘটনায় আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনি বাড়িতে ভুক্তভোগী বেড়াতে যান। রাতে টয়লেটে যাওয়ার পথে মজিদের (৪৩) সহায়তায় মামুন (৪৫) তাকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পুলিশ। মতলব উত্তর ওসি রবিউল হক বলেন, এ ঘটনার পর অভিযুক্ত মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ছাত্রদল নেত্রীর বাড়ি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার তারাবি নামাজের পর রাত ১০টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র। মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করি, তার সূত্রধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব। এ ঘটনায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে দিনমজুরকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শাহরাস্তিতে প্রতিবেশীর বাড়ির ছাদে দিনমজুর মো. আলমগীরকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটা ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটেছে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আলমগীর হোসেন গাড়ি চালাতো। বিল্ডিংয়ের মালিক প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, আমার দেবর নজরুল হোসেন শিপনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। সে হঠাৎ চিৎকার করে জানায় বাসার ছাদে চোর এসেছে। তার আমরা গিয়ে এ দৃশ্য দেখি। তিনি বলেন, এ সময় বাসায় ছাদের গেট বন্ধ ছিল, ছাদে ওঠার বিকল্প কোনো পথ ছিল না। তবে গাছ দিয়ে বাসার ছাদে উঠা যায় বলে ধারণা করছেন তারা। শাহরাস্তি মডেল থানা পুলিশ এ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আজকের সংবাদ, চাঁদপুর

জুলাই গণঅভ্যুত্থানে চাঁদপুরের ছেলের লাশ খুঁজতে গিয়ে চাকরি হারান বাবা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পারভেজের বাবা এখনো তার সন্তানের কবর খুঁজে পাননি। কবে মারা গেছে সে দিন তারিখও সঠিক বলতে পারেন না। তবে শুনেছেন তার একমাত্র সন্তানকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ছেলের লাশ খুঁজতে গিয়ে চাকরি হারিয়েছেন তিনি। এখন ছোট টঙ দোকানে চা বিক্রি করে সংসার চালান। শহীদ পারভেজের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের বার হাতিয়া গ্রামে। সরেজমিনে গেলে পারভেজের বাবা মো. সবুজ বেপারি (৫০) আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, পারভেজ (২৩) দীর্ঘ এক যুগ ধরে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করত। সেখানে একটি ফার্নিচারের দোকানে নকশা মিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল পারভেজ। তিনি বলেন, আমি লঞ্চে সামান্য বেতনে চাকরি করতাম। পারভেজের লাশ খুঁজতে গিয়ে এবং শহীদ হওয়ার পর যাবতীয় কাগজপত্র নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে চাকরিতে সময় দিতে পারিনি। ফলে চাকরি হারিয়ে আমি এখন বেকার। আমার বড় মেয়ে নুপুরকে বিয়ে দিয়েছি। মেঝ মেয়ে ঝুমুর কলেজে পড়াশোনা করে। ছোট মেয়ে খাদিজা ৭ম শ্রেণিতে পড়ে। আমার সংসারে মা, স্ত্রী, দুই মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। আমার চাকরি না থাকায় বাড়ির পাশে একটি ছোট্ট টং দোকানে চা বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। তিনি জানান, জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা পেয়েছেন। সেই টাকার মধ্যে বড় মেয়ে নুপুরের বিয়েতে খরচ করেছেন। বেকার থাকায় ধারদেনা ছিল, সেগুলো পরিশোধ করেছেন। এ ছাড়াও ছেলের নিহতের তথ্য দিতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে খরচ হয়েছে। পারভেজের বাবা বলেন, ১৯ জুলাই খবর পাই আমার ছেলে পারভেজ নিখোঁজ। পরে ছেলের খোঁজ নিতে ঢাকায় যাই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে লোক মারফত শুনে ২১ জুলাই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যাই। সেখানে গিয়ে শুনি ৮টি লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে পাঠানো হয়েছে। সেখান থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম অফিসে যাই। তারা আমাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার কথা বলে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে আমি আমার ছেলের ছবি দেখাই। ‘ছবি দেখার পর কবরস্থানের লোকরা বলে, আপনার ছেলের লাশ এখানে দাফন করা হয়েছে। তবে কোনটি আপনার ছেলের কবর তা নির্দিষ্ট করে বলা যাবে না। সেই থেকে এখনো সন্তানের অপেক্ষায় আছি। আজও পর্যন্ত ছেলের লাশ দেখলাম না। কবর চিহ্নিত করতে পারলাম না। এই কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।’

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে ডিএম আলাউদ্দিন বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি। জুলাই-আগস্ট আন্দোলনে আমি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলাম। এখন পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাব। আমাদের আওয়ামী লীগের দোসর বলে। এজন্য আমি ক্ষমা চাই। এই দোসর দলের রাজনীতি আর করব না। পদত্যাগকৃত নেতাকর্মীদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জাপার সভাপতি সার্জেন কাদের, মতলব দক্ষিণ উপজেলার যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, মতলব পৌরসভার ৪,৭,৩,৬,৯ ওয়ার্ডের জাপার সভাপতি আজিজুর রহমান স্বপন, বাপন আহমেদ, রায়হান ফরাজি, মনির প্রধান, ইছাক গাজী, মতলব পৌর মহিলা পার্টির সভাপতি কাজল রেখা, মতলব দক্ষিণ উপজেলা মহিলা জাপার সভাপতি শাহানা বেগম, যুগ্ম আহ্বায়ক জোহরা জান্নাত, তাহমিনা আক্তার, মতলব দক্ষিণ যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, মতলব পৌর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

আজকের সংবাদ, জাতীয়

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে সিআইডি জানায়, গতকাল রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) সিআইডি, বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। পোস্টে বলা হয়, চলতি মাসের ০৯ মার্চ সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।

আজকের সংবাদ, জাতীয়

২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে অনলাইনে শুরু হয়েছে। যারা আগামী ২৬ মার্চ ঈদযাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। রোববার (১৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়। শনিবার (১৫ মার্চ) বিক্রি হয় আগামী ২৫ মার্চের টিকিট। রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ পরবর্তী ফিরতি ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

আজকের সংবাদ, রাজনীতি

টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, কালু মিয়া, আকাশ, শাহীনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন ও মিজানুর রহমানসহ ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। এ সময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিক্রীত পণ্যগুলো ভাগাভাগি করে নেন। বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবু লোকজনসহ পরিষদে গিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের অংশ দাবি করেন। এ সময় কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বিকাল ৪টার দিকে মিল্টন হোসেন তার লোকজনসহ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিলেন। এ সময় আসাদ সরকারের লোকজন পুনরায় চাইনিজ কুড়াল, হাসুয়া ও লাঠিসোঁটাসহ সেখানে গিয়ে ৬-৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে তারা ওয়ার্ড বিএনপির অফিসের চেয়ার-টেবিলসহ ডেকোরেটর থেকে আনা চেয়ার ভাঙচুর করে চলে যায়।

আজকের সংবাদ, আন্তর্জাতিক

ভারতকে চ্যালেঞ্জ জানাতে সৌদি আনছে ৬০০০ কোটি টাকার ক্রিকেট লিগ!

বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই ভারতের হাতে। আইপিএলের বিপুল রাজস্ব ও আইসিসির আয়ের বড় অংশ ভারতীয় বাজার থেকে আসে, যা অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলোর তুলনায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অনেক এগিয়ে রাখে। তবে এবার সেই সমীকরণ পাল্টে দিতে আসছে সৌদি আরবের নতুন টি-টোয়েন্টি লিগ, যা ‘গ্র্যান্ড স্ল্যাম অব ক্রিকেট’ নামে পরিচিত হতে পারে। সৌদি আরবের বিনিয়োগে গড়ে উঠতে যাওয়া এই টি-টোয়েন্টি লিগের মূল কারিগর অস্ট্রেলিয়ান ক্রিকেট ব্যক্তিত্ব নিল ম্যাক্সওয়েল। লিগটি হবে ৮ দলের, যেখানে দলগুলো বছরে চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলে যাবে, ঠিক যেমন টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলো। এতে পুরুষ ও মহিলা উভয় বিভাগই থাকবে। লিগটির প্রধান বিনিয়োগকারী সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস, যা দেশটির এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিলের অংশ। সৌদি আরব এই লিগে ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০০ কোটি টাকা) বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। এই লিগের অন্যতম লক্ষ্য হবে ছোট ক্রিকেট খেলিয়ে দেশগুলোর জন্য অর্থের জোগান নিশ্চিত করা। বর্তমান কাঠামোয় আইসিসির রাজস্ব বিতরণ ব্যবস্থায় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে বেশি আয় করে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলো আর্থিক চাপে থাকে। নতুন এই টি-টোয়েন্টি লিগ থেকে অর্জিত রাজস্ব এই দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে এবং টেস্ট ক্রিকেটের টিকে থাকার পথ সুগম হয়। এই সৌদি লিগের সফলতার জন্য বড় বাধা হতে পারে বিসিসিআই। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তাদের খেলোয়াড়দের আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয় না। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ যদি এই লিগকে সমর্থন করেন, তাহলে ভারতীয় তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সহজ হবে। সৌদি আরব ইতোমধ্যে ক্রীড়া জগতে বিশাল বিনিয়োগ করছে। তারা লিভ গলফ, ফর্মুলা ১, নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। ক্রিকেটেও তারা ব্যাপকভাবে ঢুকে পড়ার চেষ্টা করছে, যার প্রমাণ ২০২৫ আইপিএলের মেগা নিলাম জেদ্দায় আয়োজন করা। যদিও সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে, তবে তাদের বিনিয়োগকে অনেকেই দেখছেন বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য কমানোর একটি সুযোগ হিসেবে। এখন দেখার বিষয়, সৌদি আরবের এই উদ্যোগ ক্রিকেট বিশ্বে কতটা পরিবর্তন আনতে পারে এবং ভারত ছাড়া অন্যান্য দেশ কতটা লাভবান হতে পারে।

আজকের সংবাদ, জাতীয়

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

নিজস্ব প্রতিবেদক: রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়। এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা ফিতরা দিতে হবে (প্রতি কেজি ১৬০ টাকা ধরে)। এছাড়া প্রতি কেজি ৬০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশ বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৩১০ টাকা (প্রতি কেজি ৬০০ টাকা ধরে) ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি। ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান আবদুল মালেক। কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

অর্থনীতি, আজকের সংবাদ

স্বর্ণের চেয়েও দামি ফুল, যে কেউ চাষ করতে পারবেন

ডেস্ক: দেখতে অতি সাধারণ। কিন্তু এই ফুল স্বর্ণের চেয়েও দামি। অত্যন্ত নাজুক এ ফুল খুব যত্ন করে চাষ করতে হয়। তারপর নির্দিষ্ট সময়ে খুব সতর্কতার সঙ্গে এ ফুল সংগ্রহ করতে হয়, যেন গাছের কোনো ক্ষতি না হয়। এই ফুলের আঁশ থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি মসলা। কোনো খাবারে এই মসলা মেশালে তা থেকে সুগন্ধি যেমন বের হয়। তেমনি এ মসলার রয়েছে আকর্ষণীয় রঙ এবং নানা স্বাস্থ্যগত গুণাগুণ। বিশ্বের সবচেয়ে দামি এ মসলার নাম জাফরান। মাত্র কয়েক গ্রাম ভালো মানের জাফরানের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে। অত্যন্ত দামি এ মসলা প্রধানত ইরান, পাকিস্তান, ভারত ও এর আশপাশের অঞ্চলেই উৎপন্ন হয়। আর সবচেয়ে উৎকৃষ্টমানের জাফরান হয় কাশ্মীরে। কাশ্মীরের পামপোরে অঞ্চলে নারী ও শিশুসহ প্রায় ৩০ হাজার পরিবার জাফরান চাষবাসের সঙ্গে জড়িত। এখানে উৎপন্ন হওয়া জাফরানে অতিমাত্রায় ক্রোসিন থাকে। চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এ উপাদান বিশ্বের অন্য কোথাও উৎপন্ন হওয়া জাফরানে আর এত বেশি মাত্রায় থাকে না। অত্যন্ত দামি হওয়ায় খুব যত্ন সহাকারে এ ফুলের চাষ করা হয়। ফুল দেখতে উজ্জ্বল বেগুনি রং ধারণ করলে তা ছিঁড়ে ফেলতে হয়। তবে এটাও খেয়াল রাখতে হবে যেন গাছের কোনো ক্ষতি না হয়। এরপর গর্ভমুণ্ড ফুল থেকে আলাদা করা হয়। সেই গর্ভমুণ্ড রোদে শুকালেই পাওয়া যায় জাফরান, যা বিশ্বের সবচেয়ে দামি মসলা। পাইকারি বাজারে প্রতি এক পাউন্ড কাশ্মীরি জাফরানের দাম ৬০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর খুচরা প্রতি পাউন্ড জাফরানের দাম ১২ লাখ টাকার বেশি হতে পারে। অত্যন্ত দামি হওয়ায় যারাই এ মসলার চাষ করেন, রাতারাতি ধনী হয়ে যেতে পারেন! মূলত শীতভাবাপন্ন অঞ্চলে এ মসলার উৎপাদন হলেও বাংলাদেশেও এটি চাষের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশি গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন আলো-আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে জাফরান ফুল ফোটাতে সক্ষম হয়েছেন। এই অধ্যাপকের ভাষ্য, উন্মুক্ত জায়গায় উপযুক্ত পরিবেশেও জাফরান চাষ বেশ ব্যয়বহুল। সে হিসাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে উৎপাদন খরচ আরেকটু বেশিই হওয়ার কথা। কিন্তু এ পদ্ধতিতে আবহাওয়াজনিত কারণে ফসল মারা যাওয়ার সম্ভাবনা কম। আর বছরে একাধিকবার ফলন ওঠানো যাবে। তাই এই গবেষক মনে করেন, এর সঙ্গে বিশ্বব্যাপী জাফরানের বিপুল চাহিদা ও দামের বিষয়টি বিবেচনায় নিলে উপযুক্ত পৃষ্ঠপোষকতা পাওয়া সাপেক্ষে বাংলাদেশেই এর লাভজনক বাণিজ্যিক উৎপাদন সম্ভব। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে যে কেউ এটা চাষ করতে পারবেন। জাফরান সারাবিশ্বে রান্নায় ব্যবহারের জন্য বিখ্যাত। খাদ্য-রসিকদের কাছে এর আলাদা কদর আছে। মোঘলদের রসুইঘর থেকে শুরু করে হালের তারকাখচিত হোটেলগুলোতেও জাফরানের বহুল ব্যবহার দেখা যায়। খাবারে এই জাফরান মেশালে তা যেমন স্বাদে আনে ভিন্নতা, আবার ছড়ায় মোহনীয় সুগন্ধও।

Scroll to Top