৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়, তথ্য প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গতকাল শনিবার কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে। রোববার (২৩ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে তিনি জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে, যোগ করেন আবুল কালাম আজাদ মজুমদার। তিনি আরও বলেন, এরই মধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে তৃতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।

আজকের সংবাদ, চাঁদপুর

লঞ্চে নবজাতকের জন্ম, পাবে আজীবন যাতায়াত সুবিধা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চাঁদপুর নৌরুটে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় সাদিয়া আক্তার নামের এক যাত্রী কন্যাসন্তানের জন্ম দেন। এ নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবে বলে ঘোষণা দিয়েছেন লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের করনিক মো. দীপু। সাদিয়া আক্তার জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের শ্রমিক জহির খানের স্ত্রী। চিকিৎসার জন্য তিনি চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। লঞ্চের করনিক দীপু বলেন, রোববার বিকেল ৫টার দিকে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চ চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছায়। তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামের এক যাত্রীর প্রসবব্যথা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি এক কন্যাসন্তান জন্ম দেন। তিনি আরও বলেন, এই খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত বিনামূল্যে ঘোষণা দিয়েছেন। ওই সময় লঞ্চে সাদিয়া আক্তারের সঙ্গে ছিলেন তাঁর আত্মীয় মৌসুমি বেগম। তিনি জানান, সাদিয়ার প্রসবব্যথা হলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় এক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়। তবে তারা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউ নেই। এ জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফলে বিকেল পাঁচটার লঞ্চে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন। মৌসুমি বেগম আরও জানান, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাত ১২টার লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে চলে আসেন। এখন মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

আজকের সংবাদ, জাতীয়

সারা দেশে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি বলেন, ‘গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’ ‘আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’ ‘ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলুচাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে।’ সরকারের উদ্দেশে মোস্তফা কামাল পলাশ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলুচাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্হা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্হা গ্রহণ করা।’

আজকের সংবাদ, প্রবাস

দিল্লির পরিবর্তে এখন ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

ডেস্ক: এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে, অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করত।

আজকের সংবাদ, জাতীয়

ঈদুল ফিতরে টানা ৯ দিন সরকারি ছুটি 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। ঈদ উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর হতে পারে ৩১ মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের ২ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।

আজকের সংবাদ, চাঁদপুর

মতলবে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। এ ঘটনায় আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনি বাড়িতে ভুক্তভোগী বেড়াতে যান। রাতে টয়লেটে যাওয়ার পথে মজিদের (৪৩) সহায়তায় মামুন (৪৫) তাকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পুলিশ। মতলব উত্তর ওসি রবিউল হক বলেন, এ ঘটনার পর অভিযুক্ত মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ছাত্রদল নেত্রীর বাড়ি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার তারাবি নামাজের পর রাত ১০টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র। মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করি, তার সূত্রধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব। এ ঘটনায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে দিনমজুরকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শাহরাস্তিতে প্রতিবেশীর বাড়ির ছাদে দিনমজুর মো. আলমগীরকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটা ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটেছে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আলমগীর হোসেন গাড়ি চালাতো। বিল্ডিংয়ের মালিক প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, আমার দেবর নজরুল হোসেন শিপনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। সে হঠাৎ চিৎকার করে জানায় বাসার ছাদে চোর এসেছে। তার আমরা গিয়ে এ দৃশ্য দেখি। তিনি বলেন, এ সময় বাসায় ছাদের গেট বন্ধ ছিল, ছাদে ওঠার বিকল্প কোনো পথ ছিল না। তবে গাছ দিয়ে বাসার ছাদে উঠা যায় বলে ধারণা করছেন তারা। শাহরাস্তি মডেল থানা পুলিশ এ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আজকের সংবাদ, চাঁদপুর

জুলাই গণঅভ্যুত্থানে চাঁদপুরের ছেলের লাশ খুঁজতে গিয়ে চাকরি হারান বাবা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পারভেজের বাবা এখনো তার সন্তানের কবর খুঁজে পাননি। কবে মারা গেছে সে দিন তারিখও সঠিক বলতে পারেন না। তবে শুনেছেন তার একমাত্র সন্তানকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ছেলের লাশ খুঁজতে গিয়ে চাকরি হারিয়েছেন তিনি। এখন ছোট টঙ দোকানে চা বিক্রি করে সংসার চালান। শহীদ পারভেজের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের বার হাতিয়া গ্রামে। সরেজমিনে গেলে পারভেজের বাবা মো. সবুজ বেপারি (৫০) আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, পারভেজ (২৩) দীর্ঘ এক যুগ ধরে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করত। সেখানে একটি ফার্নিচারের দোকানে নকশা মিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল পারভেজ। তিনি বলেন, আমি লঞ্চে সামান্য বেতনে চাকরি করতাম। পারভেজের লাশ খুঁজতে গিয়ে এবং শহীদ হওয়ার পর যাবতীয় কাগজপত্র নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে চাকরিতে সময় দিতে পারিনি। ফলে চাকরি হারিয়ে আমি এখন বেকার। আমার বড় মেয়ে নুপুরকে বিয়ে দিয়েছি। মেঝ মেয়ে ঝুমুর কলেজে পড়াশোনা করে। ছোট মেয়ে খাদিজা ৭ম শ্রেণিতে পড়ে। আমার সংসারে মা, স্ত্রী, দুই মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। আমার চাকরি না থাকায় বাড়ির পাশে একটি ছোট্ট টং দোকানে চা বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। তিনি জানান, জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা পেয়েছেন। সেই টাকার মধ্যে বড় মেয়ে নুপুরের বিয়েতে খরচ করেছেন। বেকার থাকায় ধারদেনা ছিল, সেগুলো পরিশোধ করেছেন। এ ছাড়াও ছেলের নিহতের তথ্য দিতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে খরচ হয়েছে। পারভেজের বাবা বলেন, ১৯ জুলাই খবর পাই আমার ছেলে পারভেজ নিখোঁজ। পরে ছেলের খোঁজ নিতে ঢাকায় যাই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে লোক মারফত শুনে ২১ জুলাই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যাই। সেখানে গিয়ে শুনি ৮টি লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে পাঠানো হয়েছে। সেখান থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম অফিসে যাই। তারা আমাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার কথা বলে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে আমি আমার ছেলের ছবি দেখাই। ‘ছবি দেখার পর কবরস্থানের লোকরা বলে, আপনার ছেলের লাশ এখানে দাফন করা হয়েছে। তবে কোনটি আপনার ছেলের কবর তা নির্দিষ্ট করে বলা যাবে না। সেই থেকে এখনো সন্তানের অপেক্ষায় আছি। আজও পর্যন্ত ছেলের লাশ দেখলাম না। কবর চিহ্নিত করতে পারলাম না। এই কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।’

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে ডিএম আলাউদ্দিন বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি। জুলাই-আগস্ট আন্দোলনে আমি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলাম। এখন পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাব। আমাদের আওয়ামী লীগের দোসর বলে। এজন্য আমি ক্ষমা চাই। এই দোসর দলের রাজনীতি আর করব না। পদত্যাগকৃত নেতাকর্মীদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জাপার সভাপতি সার্জেন কাদের, মতলব দক্ষিণ উপজেলার যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, মতলব পৌরসভার ৪,৭,৩,৬,৯ ওয়ার্ডের জাপার সভাপতি আজিজুর রহমান স্বপন, বাপন আহমেদ, রায়হান ফরাজি, মনির প্রধান, ইছাক গাজী, মতলব পৌর মহিলা পার্টির সভাপতি কাজল রেখা, মতলব দক্ষিণ উপজেলা মহিলা জাপার সভাপতি শাহানা বেগম, যুগ্ম আহ্বায়ক জোহরা জান্নাত, তাহমিনা আক্তার, মতলব দক্ষিণ যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, মতলব পৌর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

আজকের সংবাদ, জাতীয়

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে সিআইডি জানায়, গতকাল রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) সিআইডি, বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। পোস্টে বলা হয়, চলতি মাসের ০৯ মার্চ সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।

আজকের সংবাদ, জাতীয়

২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে অনলাইনে শুরু হয়েছে। যারা আগামী ২৬ মার্চ ঈদযাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। রোববার (১৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়। শনিবার (১৫ মার্চ) বিক্রি হয় আগামী ২৫ মার্চের টিকিট। রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ পরবর্তী ফিরতি ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

Scroll to Top