৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

কুরবানি ঈদে ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা

আসন্ন ঈদুল আজহায় ১০ দিনের দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘ এ ছুটির মধ্যেও ‘কিন্তু’ রয়েছে। ঈদের আগের দুই শনিবার অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদুল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর। এর আগে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে কাটা মাথা দেখে গরুর খোঁজ পেলেন মালিক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের বিপণিবাগে খণ্ডিত মাথা দেখে নিজ গরু শনাক্ত করলেন মালিক আব্দুল মতিন মিজি। রোববার (৪ মে) রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। জানা যায়, চাঁদপুর সদরের তরপুরচণ্ডীর সেনের দীঘির পাড়ের বাসিন্দা আব্দুল মতিন মিজির একটি গরু চুরি হয়। গরুটি ৫০ হাজার টাকার বিনিময়ে কসাইয়ের কাছে বিক্রি করে দেন মোহাম্মদ সোহাগ নামে এক যুবক। পরে খুঁজতে খুঁজতে একপর্যায়ে দুপুরে বিপণিবাগ বাজারে কসাইখানায় গিয়ে মতিন দেখেন তার গরুটির খন্ডিত মাথা পড়ে রয়েছে। আর বাকি অংশ করা হয়েছে টুকরো টুকরো। পরে গরুর খণ্ডিত মাথা দেখে হারিয়ে যাওয়া গরুটি শনাক্ত করার পর তথ্য-উপাত্তে বেরিয়ে আসে চোর মোহাম্মদ সোহাগের নাম। এরপর সোহাগকে খুঁজে বের করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনা প্রসঙ্গে গরুর মালিক আব্দুল মতিন মিজি বলেন, গরুটা একটা গাভি। এর একটা বাছুরও রয়েছে। দিনে গড়ে ৮ কেজি করে দুধ দিত গরুটি। আমার গরুটা চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে সোহাগ। গরুটি কসাই জবাই করলেও গরুর খণ্ডিত মাথা দেখে আমি শনাক্ত করতে সক্ষম হই। আমার এই গরুর দাম প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু সোহাগ গরুটি মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশি হেফাজতে থাকা চোর মোহাম্মদ সোহাগ বলেন, বড্ড অভাবে পরে আমি গরুটি চুরি করেছিলাম। আমি কখনো এমন চুরি করিনি। অনেক টাকা ধারদেনা হওয়ায় শয়তানের পাল্লায় পড়ে এই ভুল কাজটি করে ফেলেছি। আমাকে ক্ষমা করলে আমি আর এই কাজ করব না। ওসি মো. বাহার মিয়া বলেন, একজন গরু চোরকে ধরে মানুষ পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আমরা এই চোর চক্র সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছি।

আজকের সংবাদ, চাঁদপুর

হাজীগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ২

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে দুটিকে সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৪ মে) দিনভর হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। জানা যায়, নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালত ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও সিলগালা এবং সূর্যের আলো ক্লিনিককে সিলগালা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালে ৫ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা ও পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ তথ্য নিশ্চিত করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানিটারি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের টিম ও অন্যান্যরা।

আজকের সংবাদ, প্রবাস

আমিরাতের ভিসা চালুর উল্লেখযোগ্য অগ্রগতি, প্রতিদিন ইস্যু হচ্ছে ভিসা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে ৩০টি থেকে ৫০টি ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে। রোববার (৪ মে) বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। তিনি জানান, একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে। বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি আরও বলেন, সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তাপ্রহরীদের জন্য এরই মধ্যে ৫০০ ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও জানান, মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে, সেগুলো বিবেচনায় ইউএই নমনীয়তা বজায় রাখবে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসব অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আলহামুদির উন্মুক্ততা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইউএই ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এ সংক্রান্ত টার্মস অব রেফারেন্সে এরই মধ্যে দুই দেশ একমত হয়েছে। এ মাসের শেষদিকে ইউএই’র উচ্চপর্যায়ের একটি মন্ত্রিপরিষদ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতার পরবর্তী ধাপে অগ্রগতি আনবে।

আজকের সংবাদ, চাঁদপুর

কম ধরা পড়ছে ইলিশ, সরবরাহ বেড়েছে অন্য মাছের

দীর্ঘ দুইমাসের নিষেধাজ্ঞা কাটিয়ে তিন দিনেও সরবরাহ বাড়েনি ইলিশের। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে তলানিতে নেমেছে ইলিশের সরবরাহ। মূলত পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ। যে কারণে মাছঘাটে সরবরাহ কম, দাম বেশি। যদিও এখন মাছঘাটে ইলিশের বদলে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ও আইড় মাছসহ বিভিন্ন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। ১ মে থেকে বড়স্টেশন মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি শুরু হলেও দাম বেশি থাকায় ইলিশ কেনায় অনাগ্রহ দেখা গেছে ক্রেতাদের। ফলে বিক্রি বেড়েছে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ইত্যাদি মাছের। বর্তমানে আড়তের সামনে ইলিশের স্তূপ না থাকলে বড় বড় সাইজের পাঙাশ, রুই-কাতলা রয়েছে। এতেই সরগরম চাঁদপুর মাছঘাট। শনিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ দেখা যায়নি। তবে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া পাঙাশ, রুই, কাতলা, পোয়া নিয়ে আসছে ঘাটে। সেগুলো আড়তে চড়া দামে বিক্রি করে খুশি জেলেরা। চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকার জেলে মাসুদ মিজি জাগো নিউজকে বলেন, ‘নদীতে ইলিশ খুব কম। এখন আর ইলিশ ধরি না। জাল দিয়ে পাঙাশ ও আইড় মাছ ধরি। বড় সাইজের মাছ পেলে লাভ বেশি থাকে। আর মাছঘাটে দাম ভালো পাওয়া যায় বিধায় এখানে মাছ নিয়ে আসি।’ চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকার জেলে মাসুদ মিজি জাগো নিউজকে বলেন, ‘নদীতে ইলিশ খুব কম। এখন আর ইলিশ ধরি না। জাল দিয়ে পাঙাশ ও আইড় মাছ ধরি। বড় সাইজের মাছ পেলে লাভ বেশি থাকে। আর মাছঘাটে দাম ভালো পাওয়া যায় বিধায় এখানে মাছ নিয়ে আসি।’ কুমিল্লা থেকে মাছ কিনতে আসা ফয়সাল বলেন, ‘দূর থেকে যা শুনি বা দেখি বাস্তবে এখানে কোনো মিল নেই। মাছঘাটে ইলিশ খুব কম। আর দাম শুনলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তবে নদীর একদম ফ্রেশ পাঙাশ, পোয়া, রুই, কাতলা দেখে ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছি, সুযোগ হলে নেবো।’ চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, অন্য বছরের তুলনায় এবছর অভিযান কড়াকড়ি হয়েছে। জাটকাগুলো বড় হলে জেলেরা ইলিশ পাওয়ার কথা। তবে এখন সিজন না। যে কারণে ইলিশ কম। এক দেড়মাস পর ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ বাড়বে।’

আজকের সংবাদ, চাঁদপুর

কচুয়ায় নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা!

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়ায় নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এ ঘটনার মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) ভোরে কচুয়ার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে মো. সুমন (৩১) ও আ. হালিমের ছেলে মো. মহসিন (২৮)। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় ছেলে (১০) গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টায় তিনি কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ি যান। এসময় সুমন ও মহসিন ভুক্তভোগীকে বলেন- আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভেতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভুক্তভোগী তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যান। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে জাপটে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে ধর্ষকরা পলাতক ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম কালবেলাকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। সুমন ও মহসিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব!

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। রাজি না হওয়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী বন্ধু। বুধবার (৩০ এপ্রিল) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে শামীমের বাড়িতে হুমায়ুনের অবাধ যাতায়াত ছিল। এ সুযোগে শামীমের স্ত্রীর ওপর কুনজর পরে হুমায়ুনের। তিনি আরও বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) হুমায়ুন ফাঁদ পেতে শামীমকে অপহরণ করে আলোনিয়া গুদারাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। পরে শামীমের স্ত্রী সাদিয়া খোঁজাখুঁজি করছিলেন। রাতেই হুমায়ুন বন্ধু শামীমের বাড়িতে এসে কথার একপর্যায়ে সাদিয়াকে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তার সঙ্গে রাতযাপনের প্রস্তাব দেয়। কিন্তু সাদিয়া প্রত্যাখ্যান করায় কৌশলে ভোল পাল্টে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বোরহান উদ্দিন বলেন, বুধবার সকাল পর্যন্ত স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক এবং তার কথা অনুযায়ী দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন চিকিৎসকরা। অভিযুক্ত হুমায়ুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, হুমায়ুনসহ এলাকার একটি চক্র এ এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ভুক্তভোগী শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ইলিশ বেচাকেনা শুরু

নিজস্ব প্রতিবেদক: নদীতে মার্চ-এপ্রিল দুমাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হওয়ার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে সীমিত পরিসরেই চলছে ইলিশ বেচাকেনা। বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী বড় স্টেশন মাছঘাটে অবস্থান নিয়েও মণে মণে প্রত্যাশিত ইলিশ ঘাটে আসতে দেখা যায়নি। জেলার পদ্মা-মেঘনা নদীতে প্রায় অর্ধলক্ষ জেলে নামলেও ৩-৪ কেজি ইলিশ কিংবা তার কম ইলিশ পাওয়ায় তারা ঘাটে ফিরছেন হতাশা নিয়ে। আড়তদার সম্রাট বেপারি জানান, সকাল ৮টা থেকে ঘাটে বেচাকেনা শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ৩-৪ মণের বেশি ইলিশ আসেনি। আর যা এসেছে সবটাই স্থানীয় ইলিশ। এভাবে বেচাকেনা চলবে রাত ১০টা পর্যন্ত। ফারুক বেপারি নামের আরেক খুচরা বিক্রেতা জানান, ১ কেজি ওজনের ইলিশ ২২০০ টাকা, সাড়ে ৫শ গ্রামেরটা ১৪৫০ টাকা, ১৩শ গ্রামেরটা ২৬০০ টাকা কেজি হিসেবে বিক্রি করছি। সাগরে অভিযান থাকায় আশপাশের জেলার নদীর ইলিশ ঘাটে আসছে না। একই সুরে কথা বলা ঘাটের খুচরা মাছ বিক্রেতা শরিফ শিকদার ও সবুজ খান জানান, মানুষের যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী ঘাটে ইলিশ না থাকায় দাম বেশি। তবে ঘাট সরগরম হওয়া শুরু হলে দাম কিছুটা কমবে। পুরানবাজারের জেলে আলম জানান, নদীতে নেমেছিলাম অনেকটা আশা নিয়ে। কিন্তু ৩টা ইলিশ পেলাম এ পর্যন্ত। এগুলোর দাম দিয়ে তেলের পয়সাও উঠবে না। এ বিষয়ে চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত কালবেলাকে বলেন, এখন ইলিশের মৌসুম নয়, তার ওপর সাগরে চলছে নিষেধাজ্ঞা। বৃষ্টি বাদলও কম। হয়ত সময়ের সঙ্গে সঙ্গে জুন-জুলাইতে ঘাটে বেশি পরিমান ইলিশ আসতে পারে। আমাদের ঘাটের প্রায় ১ হাজার লোক এখন প্রত্যাশিত ইলিশ ঘাটে উঠবে সে প্রত্যাশায় তাকিয়ে রয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নারীদের অধিকার আদায় ও নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (০৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। ২৩মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে। এদিন দুপুর ১ টা ১১ মিনিটে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মুনাজাতের মাধ্যমে আজকের মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টায় মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করি। আজও ষড়যন্ত্র থেমে নেই। জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও ইস্পাতকঠিন ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি- এনজিও গোষ্ঠীর প্ররোচনায় ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিলে কোনো ছাড় দেয়া হবে না। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনে ধর্মীয় অবমাননা শাস্তির আইন বাতিলের সুপারিশ বাতিল করতে হবে। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন বাস্তবায়ন করতে হবে। মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নায়েবে আমির ও বেফাকুল মাদারেসিনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদক বাতিল পূর্বক আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে। বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বহুত্ববাদ শব্দ বাদ দিতে হবে। জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচারে ট্রাইব্যুনালে গতি আনতে হবে। অবিলম্বে আওয়ামী খুনিদের বিচার করতে হবে। তিনি বলেন, খুনি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিচার নিশ্চিত হওয়ার আগে তাদের সব কর্মকান্ড নিষিদ্ধ করতে হবে। গণমাধ্যমে সংস্কার করতে হবে।

আজকের সংবাদ, প্রবাস

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযান ৫০ প্রবাসী শ্রমিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা হয়। এসময় কাগজপত্র না থাকায় ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। দিনব্যাপী এ অভিযান চলাকালে কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে অভিযানে আটক হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন। সরকার বলেছে, অপারেশন ‘কুরাঙ্গি’ প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনিয়মিত অভিবাসনের স্থায়ী সমাধান হবে। অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে অনিয়মিত অধিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গির চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসীরা মালদ্বীপের রাজধানী থেকে বিভিন্ন আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করে নাই। তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে, সেই সমস্ত কর্মীদের কর্মীদের বহিষ্কার করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

হাজীগঞ্জে গর্ভপাতে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভপাত করানোর সময় ভুল চিকিৎসা ও অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পৌরসভাধীন বলাখাল গ্রামের ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা হোসনে আরাকে। শনিবার বিকেলে বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম অন্তঃসত্ত্বা হোসনে আরার গর্ভপাতের চেষ্টা করেন। একপর্যায়ে বিকেল প্রায় ৩টার দিকে একটি পুত্র সন্তান জন্ম দেন হোসনে আরা। আরও জানা গেছে, মায়ের অবস্থা কেমন আছে এ বিষয়ে জানতে চান হোসনে আরার ভাই আবদুর রহমান গাজী। যতবারই জানতে চেয়েছেন, ততবারই শাহনাজ বেগম বলেন, বাচ্চার মা ভালো আছে। একপর্যায়ে নবজাতককে শিশু বিশেষজ্ঞ দেখানোর জন্য চাঁদপুর নেওয়ার জন্য প্রস্তুতি নিলে পরিদর্শিকা শাহনাজ বেগম হোসনে আরাকেও চিকিৎসক দেখানোর জন্য চাঁদপুর নেওয়ার কথা বলেন। পরে সেখান থেকে কুমিল্লা নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোসনে আরার ভাই আবদুর রহমান গাজী বলেন, আমার বোন সুস্থ আছে, শাহনাজ বেগম আমাদেরকে বারবার এমন কথা বললেও তার অবস্থা ছিল খুবই খারাপ। আমরা হোসনে আরাকে চাঁদপুর নেওয়ার পর চিকিৎসক জানান, প্রথমে যেখানে বাচ্চা প্রসব হয়েছে, সেখানেই কোনো সমস্যা হয়েছে। দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, হোসনে আরা মারা গেছে। তিনি আরও বলেন, আমার বোনের তিন মেয়ের পর এক ছেলে হয়েছে। শাহনাজ বেগমের চিকিৎসা অবহেলা আর ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা তার বিচার চাই। হোসনে আরার স্বামী আবুল হাসেম বলেন, বারবার বলার পরেও শাহনাজ বেগম বলেছে আমার স্ত্রী ভালো আছে। কোনো সমস্যা নেই। তার পরেও কেন মারা গেল। আমি এখন চার অবুঝ শিশু নিয়ে কোথায় যাব। আমি শাহনাজ বেগমের বিচার চাই। বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম, সব কিছুই ঠিক ছিল। বাচ্চা প্রসব হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করি। হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব হাজীগঞ্জ) মো. মফিজুর রহমান বলেন, বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম বিষয়টি রোববার আমাকে জানিয়েছে। তিনি বলেন, আমাদের প্রসব পরবর্তী যে চিকিৎসা দেওয়ার নিয়ম তা তিনি করেছেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ বিষয়টি টেকেল দিতে পারেনি। এমন কেইস খুব কমই হয়। তিনি আরও বলেন, বিষয়টি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি।

আজকের সংবাদ, চাঁদপুর

সন্ত্রাসীমূলক স্লোগানকে কেন্দ্র করে আহলে সুন্নাতের ৪৯ নেতাকর্মীদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: হত্যার হুমকির অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ৪৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রশিবির। শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি করেন পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম। মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসীমূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দেশ্যে পাঠ করেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল। তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসীমূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। ২৫ এপ্রিল ছাত্রশিবিরের জেলা সভাপতি মু. ইব্রাহীম খলিল এবং সেক্রেটারি মোহাম্মদ হাসান এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান।

Scroll to Top