৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এ বছর ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। যদিও পরীক্ষার প্রথম দিনেই সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। পরে এ অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছিল। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

অর্থনীতি, আজকের সংবাদ

৭ লাখ ৯০ হাজার কোটির বাজেট

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যয়ের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা—যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট। এর আগে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধের জন্য এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে বেতন, ভাতা ও ভর্তুকির মতো খরচ চলতি অর্থবছরের মতোই অপরিবর্তিত রয়েছে অর্থ উপদেষ্টার প্রস্তাবিত বাজেটে। বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের নিচে রাখা হয়েছে।  অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন, ঋণের সুদ পরিশোধে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজস্ব আদায় কম হওয়ায় বাজেটের আকার ছোট করতে বাধ্য হয়েছে সরকার।

অর্থনীতি, আজকের সংবাদ

ন্যূনতম কর ৫ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য ১ হাজার

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে বৃদ্ধি করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষ থেকে ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব তথ্য উঠে আসে।  অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কর প্রদান সংস্কৃতির বিকাশ, কর-নেট সম্প্রসারণ এবং নতুন করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে নতুন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।  এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

আজকের সংবাদ, জাতীয়

৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, ভাতা নিচ্ছে ২৪০০ কোটি টাকা

ডেস্ক: দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। ১৯৯৪ সালের সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮৬ হাজার। ২০২৪ সালে এসে এই সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৮ হাজার। এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ২২ হাজার। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা ৯০ হাজার। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন ২ লাখ ৬৭ হাজার টাকা সম্মানি পান। এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় ২৪০০ কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ (২ জুন) শুনানি শুরু হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা ৮৯ হাজার ২৩৫ জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধা বয়সসীমা নির্ধারণসহ প্রায় ১৪ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা ২ হাজার ৭১৯টি। ইতোমধ্যে নির্ধারিত বয়স ১২ বছর ৬ মাসের চেয়ে কম হওয়ায় ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিগত ১৫ বছরে ৩৯২৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়। বর্তমানে দেশে প্রতিজন যুক্তিযোদ্ধা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পান। এছাড়া দুই ঈদে ১০ হাজার করে, ২৬ মার্চ ৫ হাজার ও বৈশাখে ২ হাজার টাকা ভাতা পান। এ হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন ২ লাখ ৬৭ হাজার। এ হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় ২৪০০ কোটি টাকা। এছাড়া যুদ্ধাহত ও খেতাপপ্রাপ্তরা আরও বেশি টাকা পান। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুক-ই-আজম বীরপ্রতীক। দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই-বাছাইয়ে নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা, উপজেলা থেকে মন্ত্রণালয়ে এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই-বাছাইয়ে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে। সোমবার প্রথম দফায় ৩১ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। কুমিল্লা সার্কিট হাউজে সকাল ১০টা থেকে এ শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল, তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব না। এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসাবে আজ কুমিল্লায় যাচ্ছি। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্যপ্রমাণ, তথ্যপ্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সোনার দোকানে চুরি!

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমারের মালিকানাধীন একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাতে উপজেলা পরিষদের গেটের কাছে ‘শ্রীগুরু জুয়েলার্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করছে মালিকপক্ষ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দিলীপ কুমার দাসের বড় ছেলে বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার (১৮ মে) সকালে দোকানে এসে দেখি কলাপসিবল গেটের তালা ভাঙা। পরে দোকানে প্রবেশ করে দেখি সব জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি ক্যামেরাও নষ্ট করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের শনাক্ত করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে এবং তদন্ত চলমান। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘আমি যে তাদের স্বার্থপর ছেলে’ লিখে যুবকের আত্মহত্যা
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

‘আমি যে তাদের স্বার্থপর ছেলে’ লিখে ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে শনিবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিন ও হালিমা দম্পতির বড় ছেলে। খবর পেয়ে তাদের বসতঘর থেকে মৃতের মরদেহ উদ্ধার করে রবিবার (১৮ মে) চাঁদপুরে মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. গোফরান মিয়া বলেন, সোহান তাদের ৪ ভাইবোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনাটনে ভুগতে থাকে তারা। শনিবার বিকেলে সে ঘরের দরজা আটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা নাগাদ দরজা না খোলাতে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ইয়াসিন। এর আগে সোহান নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাইত তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই মো. মাহবুব আলম বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সংবাদ, প্রবাস

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ৮ থেকে ১৪ মে পর্যন্ত সৌদির পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জন, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারী যে কারও বিরুদ্ধে সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক: ইলিশ ধরা শুরুর এক সপ্তাহ পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। ফলে এখন জমজমাট বড়স্টেশন মাছঘাট। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে ইলিশ এসেছে ৪০০ মণ। যদিও পুরো ইলিশ দক্ষিণাঞ্চলের। তবে জেলেদের অভিযোগ, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে জালে এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। যে কারণে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের দাম আকাশছোঁয়া। দাম না কমায় অনেক ক্রেতা ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ইলিশ কিনতে আসা মো. মাসুদ বলেন, ‘দাম অনেক বেশি। পুরো আড়ত ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও কমে ইলিশ পাচ্ছি না। বাজেটের মধ্যে পেলে অবশ্যই ইলিশ কিনে নিয়ে যাবো।’ ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, এক সপ্তাহ পর মাছঘাটে কিছুটা ইলিশ এসেছে। তা-ও সব বাইরের ইলিশ। তবে চাঁদপুরের জেলেরা এখনো তেমন ইলিশ পাওয়া শুরু করেননি। একসঙ্গে সব জায়গার ইলিশ এলে দাম কমে যাবে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসছে। একটি ট্রাকেই ৪২ মণ ইলিশ এসেছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় এখানে ইলিশ নিয়ে আসা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যান। আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই ৮০০ থেকে তিন হাজার টাকায়।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে। পরিবারের সদস্যরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগে মারা গেছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন যুবক হলেন- সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ মে) রাত ৯টার সময় পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় স্কুলছাত্রীর। একপর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায় সে। পূর্ব থেকে অবস্থান নেওয়া তিন যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত তারা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। আরও জানা গেছে, পরদিন ফজরের নামাজের সময় ভিকটিমকে বাড়ির কাছে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভিকটিমের চাচা কবির তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ভিকটিমের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। তিনি আরও বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সুজন তালুকদার জীবিত থাকা সত্ত্বেও তাকে কাগজে-কলমে ‘মৃত’ দেখিয়ে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ভাতা উত্তোলন করে আসছেন তার স্ত্রী অসীমা তালুকদার। অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা ভাতা ছাড়াও তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন এবং এসব অর্থ নিজের নামে বিভিন্ন স্থানে স্থানান্তর করেছেন। মঙ্গলবার (০৬ মে) চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের সোনালী ব্যাংক শাখায় গিয়ে এই অনিয়মের তথ্য পাওয়া যায়। ব্যাংকের সিনিয়র অফিসার মাহবুব আলম জানান, তাদের রেকর্ড অনুযায়ী সুজন তালুকদার ‘মৃত’ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত এবং তার স্ত্রী নিয়মিত ভাতা উত্তোলন করছেন। তিনি আরও জানান, ব্যাংকটির মাধ্যমে ৩৯৫ জন মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশ নিয়মিত ভাতা উত্তোলন করেন। তবে সরকারি ‘বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম’-এ দেখা যায়, সুজন তালুকদার এখন মৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত। তার মুক্তিযোদ্ধা নম্বর ০১১৩০০০১৬০২ এবং বেসামরিক গেজেট ৫৫। তথ্য অনুসন্ধানে জানা যায়, সুজন তালুকদার একসময় প্রবাসে ছিলেন। সে সুযোগে স্ত্রী অসীমা তালুকদার নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে পরকীয়া, স্বামীকে গৃহবন্দি রাখা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অসীমা এখন সুজনের সম্পত্তির দখল নিতে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। সুজন তালুকদারের ভাতিজি বিপাশা তালুকদার বলেন, ‘আমার কাকাকে গৃহবন্দি করে রেখেছে। কাগজে-কলমে তাকে মৃত দেখিয়ে উনার ভাতা নিজের নামে নিচ্ছেন। আমাদের ধারণা, তিনি এখন কাকাকে সরিয়ে দিয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন।’ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার, আমিনুর রহমান ও বাসুদেব মজুমদার বলেন, এটি একটি ভয়াবহ প্রতারণা। রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে অবিলম্বে ভাতা বন্ধসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকরা তথ্য-প্রমাণ দিলে পুরস্কৃত করা হবে।’ অভিযুক্ত অসীমা তালুকদার অবশ্য দাবি করেছেন, তিনি শিগগির চাঁদপুর ছেড়ে ঢাকায় চলে যাবেন। সুজনকে তার আত্মীয়দের জিম্মায় চিকিৎসার জন্য রেখে যাবেন বলেও জানান। তবে ভাতার অর্থ কোথায় ব্যবহার হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ ঘটনাটি স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধা সম্মানহানি ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের জঘন্য উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এর বিচার না হলে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা ভাতার নামে এ ধরনের প্রতারণা বন্ধ করা কঠিন হবে।

অর্থনীতি, আজকের সংবাদ

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম। বুধবার (৭ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১টার দিকে পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

Scroll to Top