৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, রাজনীতি

যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি-সমমনারা

নিজস্ব প্রতিবেদক: দ্রুত নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে যুগপৎভাবে কর্মসূচিতে যাচ্ছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো। শিগগিরই এই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কি ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে তা জানানো হয়নি।  শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক শেষে এসব কথা জানান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।  বৈঠক সূত্র জানায়, পতিত ফ্যাসিস্টদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন ইস্যুতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের দল ও জোট যুগপৎভাবে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সভা, সমাবেশ, মিছিল এবং মানববন্ধনসহ বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দেওয়া হবে।  বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।  এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা যে একদফায় আন্দোলন করছিলাম, এটা জুলাই মাসের শেষের দিকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একদফা ঘোষণা করা হল। আমরা শুরু করেছি অনেক আগে। একদফার মূল কথাই ছিল যে, ফ্যাসিবাদের পতন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এর একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। আরেকটা অংশ হল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। আর গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয় একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু অতি সম্প্রতি অনেকে অনেক কথা বলা শুরু করেছেন। অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। এটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ না।  তিনি বলেন, বিএনপিসহ দেশের অনেকগুলো রাজনৈতিক দল আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করেছি এবং পরবর্তী পর্যায়ে যুগপৎ আন্দোলন করেছি। যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক ১২ দলীয় জোটের সঙ্গে আজকে দেশের বিদ্যমান, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছি।  মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা প্রায় দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ নানা বিষয়ে আলোচনা করেছি। আমরা ঘোষণা করতে চাই, অতি শিগগিরই দুই থেকে তিনদিনের মধ্যে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ৫ই আগস্টে আমাদের যে বিজয়, সেই বিজয়কে বিভিন্নভাবে আজকে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই লক্ষ্যে করছি, জুলাই-আগস্টে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্য কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্যে কোথায় যেনো একটু চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে সর্বদলীয়ভাবে, জুলাই-আগস্টে যেভাবে আন্দোলন করেছি, ঠিক তেমনিভাবে একত্রিত থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তিনি বলেন, ‘জনজীবনে যে বর্তমান সমস্যা, দ্রব্যমূল্যের কষাঘাত, নির্বাচন সংক্রান্ত বিষয়ে ধুম্রজাল’-এসমস্ত কিছুর সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ব্যাখা আমরা আপনাদের সামনে প্রদান করব। মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বৈঠকে ১২ দলীয় জোটের আরও উপস্থিত ছিলেন, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহাসান হাবিব লিংকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন মুহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পাটির্র মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ।

আজকের সংবাদ, খেলাধুলা

লিটন-সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক হয়ে থাকছে এই দলে লিটন দাস ও সাকিব আল হাসানের অনুপস্থিতি। দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই নতুন এবং তরুণ প্রতিভার ওপর ভরসা রেখে দল গঠন করেছে নির্বাচক প্যানেল। এবারের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বগুণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন, যারা ব্যাটিং অর্ডারে গভীরতা যোগ করবেন। বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদের মতো নির্ভরযোগ্য পেসার ও স্পিনাররা। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি বাংলাদেশের বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে। এছাড়া তানজিম হাসান সাকিব এবং দেশের স্পিড স্টার নাহিদ রানা দলে নতুন উদ্যম নিয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের এই স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণ থাকলেও লিটন ও সাকিবের অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছেই। সাকিবের সাম্প্রতিক বোলিং নিষেধাজ্ঞা তার দলে অনুপস্থিতির প্রধান কারণ। আর লিটন দাসের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে, যা হয়তো তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ। বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

‘স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং’

তারেক রহমান: চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৮ জানুয়ারি সকালে উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী শিক্ষা কমপ্লেক্সে এই আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ মহিব উল্যা খান।গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরি রানি শাহা, বিএনসিসি ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ, সামাজিক সংগঠক এইচ এম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা একটি মহত কাজ। মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে সময়মত ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ। সে কঠিন কাজকে সহজি করনে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার এ কাজ অবশ্যই প্রসংশার দাবী রাখে। ভবিষ্যতে এই সংস্থার সদস্যরা সব ভালো কাজের সাথে যুক্ত থাকবে বলে প্রত্যাশা করি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ট্রাক্টরের আধিপত্য, ধ্বংস করছে পরিবেশ, জনমনে উদ্বেগ

তারেক রহমান: ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও অলিতে-গলিতে বেপরোয়াভাবে চলাচল করছে নিষিদ্ধ ট্রলি ও ট্রাক্টর। উপজেলার ছোটবড় সব সড়কে সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। লাইসেন্স, সিগনাল লাইট ও হর্ণ ছাড়াই এগুলো রাস্তায় চলাচল করছে। এ সুযোগে অনেক অদক্ষ ও কিশোর বয়সের ছেলেরা চালাচ্ছে এসব গাড়ি। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনাসহ রাস্তায় যানজট, কালো ধোঁয়া ও শব্দ দূষণ হচ্ছে। এ ছাড়াও এসব যানবাহনের কারণে গ্রামগঞ্জের কাঁচা-পাকা রাস্তা নষ্ট হচ্ছে। ট্রাক্টর চলাচলের কারণে বছর না ঘুরতেই পাকা রাস্তাগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনার কারণে যানজটের পাশাপাশি প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টর শুধুমাত্র চাষাবাদের জন্য বৈধ থাকলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে ব্যবহার করা হচ্ছে। স্বল্প খরচে ভারী কাজ করানোর জন্য মাটি খেকুরা এসব যান ব্যবহার করেন। অন্যদিকে ফসলি জমির মাটি নিয়ে আসার কাজে ব্যবহৃত হওয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা শক্তি। অভিযোগ রয়েছে, কৃষি জমির মাটি ক্রয়-বিক্রয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র জড়িত। কৃষি জমির মাটি কেটে ফসল উৎপাদন হুমকির মুখে ফেলতেও কোনো দ্বিধা করছেন না এই চক্র। অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি এবং জমির বিক্রিত মাটি তুলে আনতে গিয়ে ট্রাক্টর পাশের জমিগুলোরও বেহাল দশা করছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা না থাকায় উপজেলায় রাত-দিন ২৪ ঘণ্টা চলছে এ অবৈধ পরিবহন। এসবের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া এসব পরিবহনের বিকট শব্দের কারণে ঘটছে শব্দদূষণও। খোঁজ নিয়ে জানা গেছে, এসব যান তৈরি হয় মূলত হালচাষের জন্য। দেশে অসাধু লোকজন হালচাষের ট্রাক্টরে বডি লাগিয়ে পরিবহন হিসেবে ব্যবহার করছে। অথচ বাংলাদেশ মোটরযান আইনে পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনের তালিকায় এসব পরিবহনের কোনো অস্তিত্ব নেই। সরকার শুধু কৃষিকাজে ব্যবহারের জন্য এসব যান আমদানির অনুমতি দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন ইটভাটার মালিক এবং মাটি ও বালু বিক্রয়ের সিন্ডিকেটরা হাল চাষের ট্রাক্টরগুলোতে অবৈধ ট্রলি লাগিয়ে সড়কের উপর ছেড়ে দেয়। তাদের ইট, বালু ও মাটি পরিবহন করে এ ট্রাক্টরে। খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় প্রতিদিন প্রায় ২শত অবৈধ ট্রাক্টর বিভিন্ন ধরনের মালামাল নিয়ে অবাধে চলাচল করছে। বিকট শব্দে রাতের বেলাও ঘুমানো দায়। ফলে পথচারীসহ জনসাধারণকে সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সড়কে চলাচলের অনুপযোগী এসব পরিবহনের কারণে কমছে রাস্তার স্থায়িত্ব। অপর দিকে সামান্য বৃষ্টি হলেই ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি পিচ্ছিল হয়ে রাস্তা মরণফাঁদে পরিণত হচ্ছে। বালু পরিবহনের সময় ওপর দিকটা খোলা থাকায় বালু উড়ে এসে পথচারীদের চোখে পড়ে সমস্যার সৃষ্টি করছে। এদিকে ২০১৭ সালে চাঁদপুরের সাবেক পুলিশ সুপার শামচ্ছুন্নাহার প্রায় ২ বছর ট্রাক্টর চলাচল বন্ধ রাখেন।পরবর্তীতে পুলিশ সুপার বদলী হওয়ার পরে রাজনৈতিক ছত্রছায়ায় পুনরায় চলছে ফরিদগঞ্জ উপজেলা সহ চাঁদপুর জেলায়। চিকিৎসকরা বলছেন, এসব পরিবহন বেপরোয়া চলাচলের কারণে রাস্তায় প্রচণ্ড ধুলাবালি ওড়ে। স্কুলগামী শিশুসহ বয়স্ক মানুষের নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার বেশি আশঙ্কা থাকে। সচেতন মহল মনে করেন এসব নিষিদ্ধ গাড়ি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তা না হলে দিনদিন এসব যানবাহনের প্রভাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমার কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা ইউএনও সুলতানা রাজিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি জমি বাঁচাতে হবে। অবৈধ ট্রাক্টরসহ জোর পূর্বক মাটি বিক্রি কারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।

আজকের সংবাদ, রাজনীতি

অবশেষে মায়ের বুকে ছেলে

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিট) তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এসময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা-ছেলের এ মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হলো। চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি আর কোনো বিদেশ সফর করেননি। এ সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি দেখা হয়নি তার। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা এবং দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বিএনপির দলীয় সূত্র আগেই জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে সরাসরি লন্ডন ক্লিনিকে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান। গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়স্বজনরা তাকে বিদায় জানান। খালেদা জিয়া ফিরোজা ছাড়ার পর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম বাসা থেকে রওয়ানা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’ একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকে কারাবাসে যান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংক
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী (বুধবার) দুপুর ১২ টার দিকে ফরিদগঞ্জ জয়া প্লাজায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় অন্তত ৩০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ: অমিত চক্রবর্তী, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার: কামরুদ্দুজা সিফাত ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। তিনি আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান। আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ অমিত চক্রবর্তী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা বছর অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করবেন।

আজকের সংবাদ, রাজনীতি

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে উড্ডয়ন করে কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি কাতারের দোহায় যাত্রাবিরতি করে বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান। গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ আত্মীয়স্বজনেরা তাকে বিদায় জানান।

আজকের সংবাদ, জাতীয়

ভারতে প্রবেশকালে সীমান্তে নারী-শিশুসহ ২৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল থেকে বুধবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর ও জীবননগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন শিশু ও ১৩ জন পুরুষ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ওইসব এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন তারা। সেসময় বিজিবি অভিযান চালিয়ে তাদেরও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটির অভিমত, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেছেন, তারা জেনেছেন, ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম ও ত্যাগের উল্লেখ নেই। তাই সরকারি উদ্যোগের আসন্ন ‘ডিক্লারেশনে’ এ বিষয়টির অন্তর্ভুক্তিতে এখন থেকে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত দেন। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মোটাদাগে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গত ৬ জানুয়ারি রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে। ঢাকার বাইরে মতবিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে। এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক মতবিনিময়েও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে পরামর্শ উঠে এসেছিল। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে অভিমত দেন। তারা বলেন, এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। সরকারের এখন উচিত, জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। সরকারকে কোনো চাপ কিংবা কোনো পক্ষ বা কারোর স্বার্থ প্রাধান্য না দিয়ে জনস্বার্থে দেশকে নির্বাচনমুখী করে সামনে এগিয়ে যেতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির নেতারা মনে করেন, এই ঘোষণাপত্রে তাদের বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। কেননা, গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করতে গিয়ে এই সময়ে তাদের অসংখ্য নেতাকর্মী গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। নেতাদের দাবি, হঠাৎ করে নয়, বিএনপির গত ১৬ বছরের আন্দোলনের পটভূমিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে। সুতরাং এই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। কিন্তু বিএনপির সেই দীর্ঘ সংগ্রাম, ত্যাগ নিয়ে কোনো আলোচনা নেই। এমন প্রেক্ষাপটে ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপির ১৬ বছরের সংগ্রাম-ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্তিতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে শিগগির সভা-সেমিনারের মধ্য দিয়ে তাদের ওপর নির্যাতন-নিপীড়ন, তাদের ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হবে। এ ছাড়া আগামীতে সরকারের সঙ্গে আলোচনায়ও এ বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বিএনপি। গত ৩১ ডিসেম্বর ছাত্রদের ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়ার উদ্যোগ এবং শেষ মুহূর্তে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐকমত্যে এই ঘোষণাপত্র তৈরির ঘোষণায় তা স্থগিত করা হয়। ‘ডিক্লারেশন’ প্রশ্নে ছাত্র এবং সরকারের এই অবস্থান বিএনপির কাছে স্পষ্ট নয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, এই ইস্যুতে সরকার যখন আলোচনার উদ্যোগ নেবে, তখন বিষয়টি তুলে ধরবে বিএনপি। দেশে ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত বলে গত ২৭ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে অভিমত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টিতে আলোচনায় বিএনপি নেতারা অভিমত দেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভোটার হওয়ার বয়স ১৮ বছর। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এমনটা করলে তাতে জটিলতা বাড়বে, নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণ হবে। সুতরাং ভোটার হওয়ার বয়স ১৮ বছরই থাকা উচিত। প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পরদিন রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটারের বয়স ১৮ বছর তো আছে, সবার কাছে গ্রহণযোগ্য। যদি কমাতে চান, সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। এভাবে না বলে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল, এটা ভালো হতো। তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না। মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে আরও সময় যাবে, কালক্ষেপণ হবে। মানুষের মনে ধারণা সৃষ্টি হচ্ছে, কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। জানা যায়, ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের অন্যতম লক্ষ্য ছিল বাহাত্তরের সংবিধানকে বাতিল করা। এ ক্ষেত্রে বিএনপির আপত্তি রয়েছে, যেটি দলটির নেতারা এরই মধ্যে জানিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে ফের আলোচনা হয়েছে। নেতারা মনে করেন, সংবিধানের বাইরে গেলে দেশে অস্থিরতা তৈরি হবে। তা ছাড়া ছাত্ররা যে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলছে, সেই বাহাত্তরের সংবিধানের আলোকেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনসহ রাষ্ট্রের সব কিছু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই সংবিধানের অধীনে রাষ্ট্রের কাঠামোগত একটা অবস্থান আছে। সুতরাং যারা এটা বাতিলের কথা বলছে, তাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিএনপির অভিমত, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধন হতে পারে। সেটাই হবে সর্বোত্তম পন্থা। এদিকে সরকার বিজয় দিবসে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার ব্যাপারে একটা ধারণা দিলেও এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। এর পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপ থাকতে পারে বলেও বৈঠকে কেউ কেউ অভিমত দেন। তারা বলেন, ছাত্ররা সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারা দেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে এবং জনগণের পালস বুঝে সরকারকে রোডম্যাপ দিয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোনো দরকার। কারণ, দেশবিরোধী নানা ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। তা ছাড়া নির্বাচন যত বিলম্ব হবে, সংকটও তত বাড়বে। বৈঠকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সব সুযোগ বন্ধ করে রেখেছিল। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন যে বিদেশে যাচ্ছেন, এটা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করা হয়, চিকিৎসা শেষে তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। গতকাল রাতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। দেশটিতে পৌঁছে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন তিনি।

আজকের সংবাদ, জাতীয়

ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই। বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি। ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে বশিরউদ্দীন বলেন, শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক নয়, আমরা ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই। আলুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আরও কমবে। তিনি আরও বলেন, বছরের শেষে সরকারি পর্যায়ে কিছু আলু মজুত করবে এবং প্রয়োজন হলে আমদানি করে মজুত করা হবে। গত বছর আলুর মূল্য বাড়ায় চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে এবং এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে। এ সময় বাজারে চালের কোনো ঘাটতি নেই মন্তব্য করে তিনি বলেন, নিজস্ব মজুতেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যুবদল নেতা ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে যুবদল নেতা রাসেলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ সোমবার (৬ জানুয়ারি) রাতে থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম’র নির্দেশে এস.আই মো. আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম রূপসা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রাসেল(২৮)কে ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক তিনি রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার ওবায়েদ উল্যাহর ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ১৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সংবাদ, ইসলাম, জাতীয়

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫।  প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   এতে বলা হয়, প্রতিযোগিতাটি ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৪টি জোন, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে। জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে উপহার হিসেবে ১ম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

Scroll to Top