৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

সুন্দর ফরিদগঞ্জ বির্নিমানে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে: মোতাহার হোসেন

বিশেষ প্রতিনিধি : আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন ‘ইসলামী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুরস্কার প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন,‘বাংলাদেশের প্রায় ৯৫ পার্সেন্ট মানুষ মোসলমান। সংগত কারণে আমাদের ইসলামের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে এবং মানতে হবে। বিগত স্বৈরাচার সরকারের অন্যতম প্রধান টার্গেট ছিলো ইসলাম। সে জন্য তারা ইমাম, খতিব, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করে রাখতো। জুমাবারে মসজিদের খুতবা তারা নির্ধারণ করে দিতো। তাদের পছন্দের হুজুর না হলে মাহফিল বন্দ করে দিতো। এককথায় ওয়াজিনদের টুটি চেপে ধরেছে বিগত সরকার। সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। এভাবেই কেটেছে আমাদের ১৬টি বছর। আজ সবাই স্বাধীন, যে যার মতো করে অনুষ্ঠান করতে পারতেছে। সুন্দর ফরিদগঞ্জ বির্নিমানে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা এবং সার্পোট পেলে আমাদের কাজে গতি আসবে। ভবিষ্যতে শুধু ইসলামী কালচারাল প্রোগ্রামই নয়, এর সাথে যুক্ত করতে হবে বিজ্ঞান, গনিত প্রতিযোগিতা। যাতে করে এ অঞ্চলের ভবিষ্যত প্রজন্ম সবদিক থেকে দক্ষ হিসেবে গড়ে ওঠে।’ রোববার (২০ এপ্রিল ২০২৫) দুপুরে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রোগ্রাম অর্গানাইজার ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আইফা পাঠাগার সভাপতি মকবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাকালিন সদস্য মাহাবুবুল আলম বাবলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী ইয়াছিন পাটওয়ারী, হামদ ও নাত পরিবেশন করে সাবরিনা ইমাম সুবহা ও তানহা আক্তার আয়াত। কবিতা আবৃত্তি করে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া মিফতাহুল জান্নাত। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টের ৮টি বিভাগের ৩২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

আজকের সংবাদ, রাজনীতি

সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপির

সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাব নিয়ে বিএনপির একমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছি আমরা। বাকিগুলোতে আমাদের দ্বিমত রয়েছে।’ তিনি বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংবিধান সংশোধনী নিয়ে যে মৌলিক প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করব। যেটা যৌক্তিক সেটাই করবো। প্রয়োজন হলে আমরা আবারও বসবো।’ বিচারবিভাগের সংস্কারে ৮৯ দফা নিয়ে মতামত জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছু সাংবিধানিক হওয়া উচিত। বিচারবিভাগের স্বাধীনতা চাই। প্রক্রিয়াটা যেন সাংবিধানিক হয়।’ বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশিরভাগই সংশোধনী দিয়েছে। এনআইডি, সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।’ এর আগে সকাল পৌনে ১১টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়।’ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন ঘরের যে সেটআপ বিয়ের পর সেটা বদলে যাবেই। আমাদের যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে। আরেকটা সন্তান হলে আরও বদলাবে। তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলায়, বদলাবেই। অনিবার্য চলমান প্রক্রিয়া বলছি এটাকে।’ তিনি বলেন, ‘আমরা সবাই ভালো চাই। কিন্তু খুব ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। নিশ্চয় আমরা ভালো করতে চাই এবং এ ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে।’ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপির চাইতে বেশি সংস্কার বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক শাসনব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠা করেছে।’ আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান অংশ নেন। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম বৈঠকটি হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সঙ্গে। এ পর্যন্ত তারা ১১টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষ করেছে। গত ২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি।

আজকের সংবাদ, জাতীয়

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র হচ্ছে দেশের একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এটি একজন ব্যক্তির রাষ্ট্রীয় সরকারি, বেসরকারি সব নাগরিক সেবা নিতে সহায়তা করে। এনআইডি কার্ড না থাকলে একজন নাগরিক অনেক সরকারি এবং বেসরকারি সেবা থেকে বঞ্চিত হয় যেমন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। তাছাড়া মোবাইলের সিম কার্ড, বিকাশ, নগদ ও রকেট একাউন্ট খুলতেও ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে ছবি ও হাতের ছাপ দিয়ে এসেছেন কিন্তু ভোটার আইডি কার্ড এখনো হাতে পাননি। এখন অনলাইন থেকেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করতে চান? খুব সহজ ভাষায় ধাপে ধাপে জানুন কীভাবে অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়াঃ জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে। এখন রেজিস্টার বাটনে ক্লিক করে ইনপুট ফিল্ডে ফরম নম্বর অথবা এসএমএস এ আসা আইডি কার্ডের নম্বর লিখুন। ফরম নম্বর লেখার সময় নম্বরের আগে NIDFN লিখবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসিয়ে এবং ভেরিফিকেশন নম্বর লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান। পরবর্তী ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য দিন। পরবর্তী ধাপে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনে ক্লিক করুন। উপরের তথ্যগুলো সঠিক থাকলে এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। এ জন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। সবশেষে NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

অর্থনীতি, আজকের সংবাদ

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৬৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ১৩ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এতদিন দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল। এই রেকর্ড দাম নির্ধারণ করার একদিন পর অর্থাৎ ১৪ এপ্রিল সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতিতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনা। বুধবার (১৬ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ১২২ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৪ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৫১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৪ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়।। আজ বুধবার এ দামেই সোনা বিক্রি হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

‘প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। এ সময় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে কি না, সেটি বিবেচনাধীন থাকবে। ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে নাহিদ বলেন, ‘এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’ প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা নিয়ে এনসিপির প্রাথমিক সমর্থন আছে, তবে মৌলিক সংস্কার লাগবে বলে জানান নাহিদ ইসলাম। আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি। এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি চায় আগে নির্বাচন, তারপর সংস্কার। এর পেছনে দলটির নেতাদের দাবি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয়। বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, আমরা এতে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

আজকের সংবাদ, রাজনীতি

নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে কি না, সেটি বিবেচনাধীন থাকবে। প্রশাসনকে নিয়ে নাহিদ বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’ ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে নাহিদ বলেন, ‘বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’ প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা নিয়ে এনসিপির প্রাথমিক সমর্থন আছে, তবে মৌলিক সংস্কার লাগবে বলে জানান নাহিদ ইসলাম। আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি। এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি চায় আগে নির্বাচন, তারপর সংস্কার। এর পেছনে দলটির নেতাদের দাবি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয়। বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, আমরা এতে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’ তবে বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কোনোভাবেই জুনের পরে হবে না। এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চায় সরকার।’

আজকের সংবাদ, জাতীয়

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সেসব তরুণদের তপশিল ঘোষণার আগে ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না। এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রতিদিন আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজকের সংবাদ, জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার ১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। একটা মামলা প্রত্যাহারের ক্ষেত্রে অনেক কাগজপত্র প্রত্যাহার করতে হয়। অনেক সময় এমন মামলা আছে যেগুলো রাজনৈতিক হয়রানিমূলক নয়। আইন উপদেষ্টা বলেন, অনেকে অনেকভাবে নাম ঢুকিয়ে দেয়। প্রতিনিয়ত আমাদের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা খতিয়ে দেখছেন। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কি না আমার জানা নেই। এরপরও আমরা আরও কর্মকর্তা নিয়োগ দিয়ে এটাকে আরও দ্রুততর করার চেষ্টা করছি। ৫০ হাজার থেকে এক লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, আমাদের সরকারের মেয়াদের মধ্যে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। আইন উপদেষ্টা বলেন, অনেকে অনেকভাবে নাম ঢুকিয়ে দেয়। প্রতিনিয়ত আমাদের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা খতিয়ে দেখছেন। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কি না আমার জানা নেই। এরপরও আমরা আরও কর্মকর্তা নিয়োগ দিয়ে এটাকে আরও দ্রুততর করার চেষ্টা করছি। ৫০ হাজার থেকে এক লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, আমাদের সরকারের মেয়াদের মধ্যে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। আসিফ নজরুল বলেন, আগাম জামিন দেওয়ার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিনপ্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করেন। এ ক্ষেত্রে অধস্তন আদালত যে কাজটি করেছে সেটি হলো আগাম জামিনের মেয়াদ যখন শেষ হয় পুনরায় জামিন চাইতে গেলে অধিকাংশ ক্ষেত্রে সেই আবেদনটাকে খারিজ করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। অধস্তন আদালত থেকেও জামিন হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে দেখা গেছে যারা জামিন পেয়েছেন তারা এফআইআর বা এজহারভুক্ত আসামি নন। শীর্ষ সন্ত্রাসীদের জামিন হয়েছে আওয়ামী লীগের সময়েশীর্ষ সন্ত্রাসীদের জামিনের ক্ষেত্রে চারটি জিনিস ঘটেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তারা আগের আমলে জামিন পেয়েছিল, এখন বেইলবন্ড নিয়ে বের হয়ে গেছে। অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলোর অনেকগুলো আপিল বিভাগে বাতিল হয়েছে। তিনি বলেন, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে, এটা শোনার পর আমরা হাইকোর্ট বিভাগে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদের গ্রেফতার করা যায়নি। অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সঙ্গে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের জামিন আমাদের আরেকটু গভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। আলোচিত অনেকের জামিন হলেও পরবর্তীতে আপিলে তা বাতিল হয়েছে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও বলেন, এ যে এত জামিন দেওয়া হচ্ছেটচ্ছে এই ব্যাপারটা প্রধান বিচারপতি, আপিল বিভাগ অবগত আছেন। আমার ধারণা এ বিষয়ে উপযুক্ত করণীয়, তারা আমাদের থেকে ভালো বুঝেন তারা ব্যবস্থা নেবেন।

আজকের সংবাদ, প্রবাস

স্লোভাকিয়ায় অধিক কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠক করেন। বৈঠকে এ আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে। এ সময় তারা বিভিন্ন বিষয়ের অভিন্ন স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সাহায্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার জন্য বাংলাদেশে স্লোভাক প্রতিনিধিদল পাঠানোর জন্য আহ্বান জানান। স্লোভাক প্রজাতন্ত্র বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করতে পারে বলে পররাষ্ট্র উপদেষ্টা প্রস্তাব দেন। বৈঠকে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়। স্লোভাক মন্ত্রী বি-টু-বি সংযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি ব্যবসায়িক দল পাঠানোর বিষয়ে সম্মতি দেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আজকের সংবাদ, জাতীয়

পাসপোর্টে ফিরে এলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে…

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রেদওয়ান রাজা (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। রেদওয়ান বাগাদী গ্রামের রাজা বাড়ির মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী। রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম জানান, স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাদী চৌরাস্তায় তার দোকানের সামনে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার ভাই মারা যান। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top