ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তারুণ্যের গর্জন আর অদম্য উদ্দীপনায় মুখরিত ছিল ফরিদগঞ্জের ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন। সুস্থধারার বিনোদনের মাধ্যমে তরুণ সমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এখন ওই অঞ্চলের মানুষের মুখে মুখে। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে খেলোয়াড় ও দর্শকদের মাদকবিরোধী শপথের মধ্য দিয়ে পর্দা নামল এই বর্ণিল ফুটবল উৎসবের।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ডোমরিয়া আদর্শ স্পোর্টিং ক্লাব (২নং ওয়ার্ড) এবং শ্রীকালিয়া ভিলেজ স্টার স্পোর্টিং ক্লাব (৩নং ওয়ার্ড)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডোমরিয়া আদর্শ স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার খেতাব জিতে নেন মাহফুজ সর্দার। পুরো ম্যাচটি দক্ষতার সাথে পরিচালনা করেন রেফারি সোহাগ আখন্দ এবং তার সহকারী রেফারি সেলিম মিয়া, আবু ছায়েদ ভূঁইয়া ও রিমন দেওয়ান।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন রানা জমাদারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছলেহ উদ্দিন ক্যাডেট একাডেমি ও গল্লাক খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ.কে.এম. উদ্দিন। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ১৫,০০০ টাকা এবং রানার্স আপ দলের হাতে ট্রফি ও ১০,০০০ টাকার প্রাইজমানি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম. উদ্দিন বলেন, “আমাদের ইউনিয়নের রন্ধ্রে রন্ধ্রে মাদকের কালো থাবা সামাজিক অবক্ষয় ও কিশোর গ্যাং কালচারের জন্ম দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্ধকার থেকে রক্ষা করতে হবে।” এরপর তিনি উপস্থিত দর্শকদের মাদকের বিরুদ্ধে শপথ পাঠ করান। তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ৮টি শক্তিশালী দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম কাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানান।
