৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এপ্রিল ৫, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই এলাকার ভিক্ষুক দম্পতি আবুল বাশার ও শাহীনা বেগমের দুই ছেলে ইয়াসিন (৮) ও রাসেল (৬)। রুপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদরাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে যায়। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই ভাইয়ের মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের স্বজনেরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন। নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদরাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন উপদেষ্টা মাহ্দী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও দেওয়ার জন্য তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মাহ্দী আমিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অপরদিকে ১৯ ফেব্রুয়ারি আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা। দীর্ঘ প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনের পর এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহরাস্তি থানায় ৬৫ বছর বয়সী ওই নারী অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। থানা সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় একসঙ্গে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি জানান, স্বামীকে বারবার মুখ পরিষ্কার রাখার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামীর পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী স্ত্রী বলেন, আমার স্বামীর মুখে এত দুর্গন্ধ যে তার পাশে থাকা কষ্টকর হয়ে গেছে। এ অবস্থায় একসঙ্গে থাকা প্রায় অসম্ভব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। তার দাবি, সামান্য বিষয় নিয়েই দাম্পত্য কলহ হয় ও রাগের বশেই তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই বিষয়টি দাফতরিকভাবে না নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।

অর্থনীতি, আজকের সংবাদ

আজ নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক | অফিস ৪টা, মার্কেট বন্ধ ৬টার পর 

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা। আর সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার (৪ এপ্রিল) অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে (রবি থেকে বৃহস্পতিবার)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শেষ হওয়ার পর বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ বা লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

Scroll to Top