৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্চ ৪, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত, গাঁজাসহ স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এর তিন দিন আগে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার হন তার স্বামী। পুলিশ বলছে, স্বামী-স্ত্রী দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার (১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের পরিচালনায় একটি দল পৌর এলাকার কাছিয়াড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও মাসুদুল হকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানকালে শিল্পী আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিল্পী আক্তার পৌর এলাকার কথিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী। গত তিন দিন আগে রফিকুল ইসলামকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পী আক্তারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, “তিন দিন আগে তার স্বামীকেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।” পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা পেয়েছেন সর্বোচ্চ দরদাতা মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে উভয় ইজারা পেয়েছেন মজিবুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের কার্যালয়ে পূর্বঘোষিত সময় অনুযায়ী টেন্ডার বাক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, পৌরসভার সচিব শাহ সুফিয়ান ও নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদিরসহ সংশ্লিষ্টরা। টেন্ডার বাক্স খোলার পর দেখা যায়, বাজার ও বাসস্ট্যান্ড মিলিয়ে মোট ছয়টি দরপত্র জমা পড়েছে। ফরিদগঞ্জ বাজারের ইজারার জন্য তিনটি দরপত্র জমা পড়ে। নাছির উদ্দিন পাটওয়ারী ৩ লাখ টাকা, মজিবুর রহমান ২০ লাখ ৬৪ হাজার টাকা এবং মো. ইসমাইল হোসেন ২ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, মো. ইসমাইল হোসেন বিডি (পে-অর্ডার) জমা দেননি। সরকারি নির্ধারিত দর ছিল ২০ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা। সর্বোচ্চ বৈধ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে বাজারের ইজারাদার ঘোষণা করা হয়। অন্যদিকে বাসস্ট্যান্ডের ইজারার জন্যও তিনটি দরপত্র জমা পড়ে। এতে মজিবুর রহমান ৩৩ লাখ ৩৬ হাজার টাকা, নাছির উদ্দিন পাটওয়ারী ৪ লাখ টাকা এবং মো. জাহিদুল ইসলাম ৩ লাখ টাকা উল্লেখ করেন। তবে মো. জাহিদুল ইসলাম বিডিবিহীন দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতা হওয়ায় বাসস্ট্যান্ডের ইজারাও মজিবুর রহমানের নামে ঘোষণা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “বাজার ও বাসস্ট্যান্ডের জন্য মোট ছয়টি দরপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। তার দাখিলকৃত সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাঁকে চূড়ান্তভাবে বৈধ ইজারাদার ঘোষণা করা হবে।” ইজারা প্রক্রিয়া ঘিরে পৌর এলাকায় সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই ইজারা কার্যক্রম সম্পন্ন ।

আজকের সংবাদ, জাতীয়

তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে শুরু করবো। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবো। দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

Scroll to Top