নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-ঢাকা নৌরুটে দ্রুতগামী ও আধুনিক নৌযান চালুর দাবিতে সরব হয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ। দীর্ঘদিন ধরে রুটটিতে চলাচলকারী লঞ্চগুলোর সেবার মান নিম্নমানের থাকায় যাত্রী সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। ফলে এই গুরুত্বপূর্ণ রুটে আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন নৌযান চালু করার দাবি দিন দিন জোরদার হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন জেলাবাসীর পক্ষে ১৬ অক্টোবর নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, এক সময় ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত ছিল চাঁদপুর নৌবন্দর। কিন্তু তিন নদীর মোহনা ঝুঁকিপূর্ণ হওয়া এবং ডাকাতিয়া নদীর নাব্যতা কমে যাওয়ায় পরবর্তীতে শহরের নিশি বিল্ডিং এলাকায় স্থানান্তর করা হয় বন্দরের কার্যক্রম। সেখানে এখন গড়ে উঠছে আধুনিক নৌবন্দর। যাত্রীরা মনে করেন, বন্দর আধুনিক হলেও রুটে চলাচলকারী নৌযানগুলোকে আধুনিক ও দ্রুতগামী না করা পর্যন্ত যাত্রীসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।
