১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্তার হোসাইন :

বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে স্থগিত ঘোষনা করা হয়েছে ফরিদগঞ্জ উপজেলা এবং পৌরসভা বিএনপির সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম। বিলুপ্ত করা হয়েছে ফরিদগঞ্জ উপজেলা এবং পৌরসভা যুবদলের কমিটি। বহিষ্কার করা হয়েছে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং সদস্য সচিবকে। বহিষ্কার করা হয়েছে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেনসহ আরো ৩ যুগ্ম-আহবায়ককে। কাগজে কলমে ফরিদগঞ্জ এখন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন নেতৃত্ব শূন্য প্রায়। এক বিদ্রোহীতেই ধরাশায়ী ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।

চাঁদপুর-০৪ আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন এ আসনের সাবেক সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশীদ। বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ী প্রতীকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সর্বশেষ কমিটির (বর্তমানে কার্যক্রম স্থগিত) আহবায়ক মো. আব্দুল হান্নান। উপজেলা এবং পৌরসভা বিএনপির অধিকাংশ নেতাকর্মী আব্দুল হান্নানের পক্ষে কাজ করায় ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি না হওয়া পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে।

২১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষনা দেওয়া চাঁদপুর-০৪ আসনের চিংড়ী প্রতীকের প্রার্থী এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আব্দুল হান্নানকে।

২৮ জানুয়ারী ২০২৬ ইং তারিখে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা এবং ফরিদগঞ্জ পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

৩১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মো. আবুল কালাম আজাদ, মো. মঞ্জিল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. আমানত গাজী এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুক আহমেদ খানকে বহিষ্কারের ঘোষনা দেওয়া হয়।

৩১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর এবং সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওনকে বহিষ্কারের ঘোষনা দেওয়া হয়।

৩১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান পাটওয়ারী, মো. আহসান হাবীব, মো. জাকির হোসেন শেখকে বহিষ্কারের ঘোষনা দেওয়া হয়।

এত এত বহিষ্কার কার্যত দালিলিকভাবে ফরিদগঞ্জ উপজেলাকে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্বকে প্রায় শূন্যের কোটায় নিয়ে এসেছে। জেলার রাজনৈতিক ইতিহাসে এমন সংকটে আর পড়তে হয়নি বিএনপিকে। চাঁদপুর-০৪ আসনে (ফরিদগঞ্জ) তৃণমূল নেতাকর্মীদের পালস অনুধাবনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন এবং ধানের শীষের ভরাডুবির মধ্য দিয়ে দূর্গে খেসারত দিতে হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে বিএনপির সর্বশেষ কমিটির (কার্যক্রম স্থগিত) আহবায়ক এম এ হান্নানের প্রতি দল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসার কাছে বিএনপি ধরাশায়ী হয়েছে এবং বহিষ্কারের মধ্য দিয়ে কেন্দ্র জনবিচ্ছিন্নতার পথ অবলম্বন করেছে। দলের দুঃসময়ের নেতাদের এরকম ঢালাও বহিষ্কার সাধারণ কর্মী সমর্থকদের ধানের শীষের প্রতিকূলে অধিক প্রভাবিত করবে। দল সম্পর্কে নেতিবাচক বার্তা দিবে। তাছাড়া এসকল নেতাদের এতদিন সাংগঠনিক দায়বদ্ধতা থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগে যে রাখঢাকটুকু ছিলো, বহিষ্কারের মধ্য দিয়ে তাদের সে প্রতিবন্ধকতাটুকু কেটে গেলো। এতে ধানের শীষের সংকট আরো ঘনীভূত হলো।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top