ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে চিংড়ি প্রতীকের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে খাজুরিয়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ এম.এ. হান্নান। বক্তব্যে তিনি সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে বলেন, গত ৫ ফেব্রুয়ারির ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিচলিত হননি; তবে নিজের দলের কিছু কর্মীর সম্পৃক্ততার অভিযোগ তাকে মর্মাহত করেছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে যদি তার কোনো দোষ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
তিনি আরও বলেন, কেউ যদি অন্যায় করে থাকে তবে তার দায় ব্যক্তিগতভাবে প্রার্থীর ওপর চাপানো ঠিক নয়। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি আপনারা মনে করেন আমি নির্দোষ, তাহলে ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে জবাব দিন।”
তিনি আরও বলেন, চিংড়ি প্রতীক আমার একক প্রতিক না, এটা আপনাদের অধিকার বাস্তবায়নের প্রতিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চিংড়ি প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, স্থানীয় ইউপি সদস্য মানিক পাটওয়ারী মহান ও ইকবাল হোসেন।
জনসভায় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
