১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুন:গননার দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এ বিষয়ে তিনি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি লিখিত বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে বলে তিনি আশা করেছিলেন। ভোটগ্রহণ শুরুর পর নিজের কেন্দ্র কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রথমদিকে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন।
তবে দুপুরের পর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি অভিযোগ পান যে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোশাইরচর প্রাথমিক বিদ্যালয়, সাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে তার নেতাকর্মীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না থাকার অভিযোগ জানান। তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং ধানের শীষের এজেন্টদের হুমকি ও মারধর করে বের করে দিয়েছে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি উচ্চক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হোক। তার ভাষ্য, অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এগিয়ে থাকা সত্ত্বেও কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর অস্বাভাবিক ভোট ব্যবধান কারচুপি ছাড়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর থেকে গত দুই দিনে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক কর্মীর তিনটি দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং আরেক কর্মীকে না পেয়ে তার শিশুসন্তানের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।
ফরিদগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে অবৈধ শক্তির প্রয়োগের মাধ্যমে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তিনি পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান। এসময়ে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top